ধার করে বেশি দূর এগোনো যাবে না: অর্থ উপদেষ্টা

আরটিভি নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫৮ পিএম


ধার করে বেশি দূর এগোনো যাবে না: অর্থ উপদেষ্টা
ফাইল ছবি

ধার করে বেশি দূর এগোনো যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি মনে করেন, আয়কর না বাড়ালে ধার করে সামনে এগোনো কঠিন।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫’ উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা বলেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারি। এটি হবে আমাদের বড় চ্যালেঞ্জ। আয়কর না বাড়ালে ঋণ করে সামনে এগোনো কঠিন।

তিনি বলেন, আমাদের উচিত হলো ইনকাম ট্যাক্স থেকে সবচেয়ে বেশি টাকা আদায় করা। মানে ইনকাম ট্যাক্স ডিপেন্ডেন্ট (নির্ভরশীল) হওয়া উচিত, নট অন ভ্যাট।

রাজস্ব ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর তাগিদ দিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের রাজস্ব ব্যবস্থাপনাকে আরেকটু মডার্নাইজ করা, আরও বেশি আইটি অরিয়েন্টেড করা, পিপলস ফ্রেন্ডলি করা দরকার। না হলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না। আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকবে। ধার করে বা গ্র্যান্ট নিয়ে আমরা কিন্তু বেশি দূর এগোতে পারবো না।

1

ভ্যাট আদায় হলেও তা সরকারি কোষাগারে পৌছায় না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, একটা জিনিস ভ্যাটে যেন কোনো কারচুপি না হয়। আপনি বা আমি যদি ভ্যাট দেই, সেটা যেন সরকারের কোষাগারে পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, ভ্যাটটা অনেক সময় পৌঁছায় (রাষ্ট্রীয় কোষাগারে) না।

পৃথিবীর অন্যান্য দেশে কেনাকাটা করতে গেলে ভ্যাট থেকে নিস্তার নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমি অনেককে দেখেছি, আমার আত্মীয়-স্বজনও, এই দোকানে ভ্যাট আছে? আছে। ঠিক আছে থাক, আরেক দোকানে যাই। ব্যবসায়ী ভ্যাট নেবে না, ঠিক আছে না নিলে চলবে। অতএব আমাদের মধ্যে কিন্তু মানসিকতাটা একটু চেঞ্জ করতে হবে।

কর দিলে তার বিপরীতে সেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আমাদেরও কিন্তু সরকারের দিক থেকে এটা এনশিওর (নিশ্চিত করা) করতে হবে যে ট্যাক্সটা নিচ্ছি মানুষের কাছে, তার বদলে যেন সব ধরনের সেবা এনশিওর করে। তবেই কিন্তু লোকজন কনভিন্সড হবে যে আমি ট্যাক্স দেব।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission