
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয়, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের জন্য ‘জাতীয় এসএমই মেলা-২০১৮’ শুরু হচ্ছে।
আগামী বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৫ দিনব্যাপী এ মেলা শুরু হবে। এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলা চলবে ৮ এপ্রিল পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী জানান, এবার সারাদেশের ২৭৪টি এসএমই প্রতিষ্ঠান ২৭৯টি স্টলে তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। উদ্যোক্তাদের মধ্যে ১৮৩ জন নারী এবং পুরুষ ৮৫ জন। মেলায় ৬৮ শতাংশ নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: প্রশ্নফাঁস ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি
--------------------------------------------------------
আমির হোসেন আমু বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই শিল্পের ভূমিকা সর্বজনস্বীকৃত। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসএমই প্রতিষ্ঠান অনেক উন্নত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে। কিন্তু বিপণনের সুযোগ সুবিধার অভাবে উদ্যোক্তারা সমস্যার সম্মুখীন হন।
তিনি বলেন, দেশের এসএমইদের জন্য পণ্য বিপণনের সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে সহায়তায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে এসএমই ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের-জন্য ৬ষ্ঠ বারের মতো ‘জাতীয় এসএমই মেলা-২০১৮’ আয়োজন করা হচ্ছে।
মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শিত ও বিক্রয় হবে। কোন বিদেশী পণ্যমেলায় প্রদর্শন ও বিক্রয় করা হবে না বলে জানান শিল্পমন্ত্রী।
দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দেশের এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৮’ প্রদান করা হবে। প্রত্যেক বিজয়ী উদ্যোক্তাকে এক লাখ টাকা পুরস্কার এবং ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানান শিল্পমন্ত্রী।
আরও পড়ুন:
এসআর/সি




