বিশ্ববাজারে কমল সোনার দাম 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৬:১৬ পিএম


বিশ্ববাজারে কমল সোনার দাম 
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির জেরে বিশ্বব্যাপী নতুন করে মুদ্রাস্ফীতির উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার আরও বৃদ্ধির শঙ্কা জোরালো হওয়ায় বিশ্ববাজারে সোনার দাম কমেছে। 

বুধবার (১৫ জুলাই) আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্সের। 

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ সময় বেলা ২টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৭ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া আগামী আগস্ট মাসে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩৪ ডলারে নেমেছে। 

সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্তাউনিভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের উচ্চমূল্য আগামী আগস্ট মাসে প্রকাশিতব্য মুদ্রাস্ফীতির তথ্যে বড় প্রভাব ফেলবে। এই পরিস্থিতি ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারকদের কঠোর মুদ্রানীতিতে অবিচল থাকতে উৎসাহ জোগাবে, যা মূলত সোনার বাজারের জন্য মোটেও সহায়ক নয়।

আরও পড়ুন

সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে বিশ্ববাজারে সোনার দামের ওপর তার নেতিবাচক প্রভাব পড়ে। কারণ সুদবিহীন এই সম্পদে বিনিয়োগের সুযোগ ব্যয় তখন তুলনামূলক বেড়ে যায়।

মঙ্গলবার (১৪ জুলাই) ফেডারেল রিজার্ভের চেয়ার কেভিন ওয়ার্শ আইনপ্রণেতাদের জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক কোনোভাবেই ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতি সহ্য করবে না। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৫৯ শতাংশ বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

এদিকে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও এর প্রভাব পড়েছে। রুপার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৩১ ডলারে নেমেছে। তবে প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া আগের সেশনে ৫ শতাংশ লাফানোর পর আজ প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৫ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে সোনার দাম এখনো চড়া রয়েছে। বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার গহনার দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮০  হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৭  হাজার ৩১৬ টাকা নির্ধারিত রয়েছে। 

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission