
বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় শুধু আয় ও সম্পদের তথ্য দিলেই হয় না, জীবনযাত্রার বিভিন্ন খরচের হিসাবও দিতে হয়। সারা বছরে একজন করদাতা কী পরিমাণ অর্থ খরচ করেছেন এবং সেই খরচ তার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করতেই এসব তথ্য চাওয়া হয়।
করদাতাকে আয়কর রিটার্নের আইটি ১১গ (২০২৩) ফরমে জীবনযাপন-সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণ দিতে হয়। পরিবারের অন্য কোনো সদস্য এসব খরচ বহন করলেও ফরমের মন্তব্যের ঘরে তা উল্লেখ করতে হবে।
জীবনযাত্রার যে ৯ ধরনের খরচের তথ্য দিতে হয়—
১. পরিবারের ভরণপোষণ
সংসারের বাজার খরচসহ পরিবারের ভরণপোষণে সারা বছরে কত টাকা ব্যয় হয়েছে, তার হিসাব দিতে হয়। এটি মাসের হিসাব নয়, পুরো বছরের খরচের হিসাব।
২. বাসাভাড়া
বাড়িভাড়া ও বাসাবাড়ির রক্ষণাবেক্ষণে কত টাকা খরচ হয়েছে, তা জানাতে হয়। করদাতার আয় বা বেতনের সঙ্গে বাসাভাড়ার খরচ সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও যাচাই করা হয়।
৩. গাড়ির খরচ
প্রাইভেট কার, মোটরসাইকেলসহ যেকোনো যানবাহন ব্যবহারের খরচের হিসাব দিতে হয়। এর মধ্যে জ্বালানি, রক্ষণাবেক্ষণ, বিভিন্ন মাশুল ও চালকের বেতনও রয়েছে।
৪. গ্যাস-বিদ্যুৎ ও অন্যান্য বিল
বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, মোবাইল ও ইন্টারনেটের মতো বিভিন্ন বিলের বার্ষিক হিসাব রাখতে হয়। বছর শেষে রিটার্নে এসব খরচের তথ্য দিতে হয়।
৫. সন্তানদের পড়াশোনার খরচ
সন্তানদের স্কুল-কলেজের বেতন ও টিউশন ফি, কোচিংসহ পরিবারের সদস্যদের শিক্ষা খাতে কত টাকা খরচ হয়েছে, তার হিসাব দিতে হয়। আয় কম হলেও সন্তানদের পড়াশোনায় বেশি খরচ হলে সেই অর্থের উৎস নিয়েও প্রশ্ন উঠতে পারে।
৬. দেশ-বিদেশে ভ্রমণ
দেশে কিংবা বিদেশে ঘোরাঘুরির পেছনে কত টাকা খরচ হয়েছে, সেটিও জানাতে হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভ্রমণ বা অন্যান্য খরচ করা হলেও তার হিসাব রাখতে হবে।
৭. উৎসবের খরচ
ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসব উপলক্ষে পোশাক, বাজারসদাই, স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনের জন্য খরচ কিংবা কাউকে নগদ অর্থ দেওয়ার মতো ব্যয়ের হিসাবও রিটার্নে দিতে হয়।
৮. উৎসে কাটা কর
সারা বছর বিভিন্ন খাতে যে উৎসে কর কেটে রাখা হয়েছে, তার হিসাব দিতে হয়। পাশাপাশি সঞ্চয়পত্রের মুনাফার ওপর কেটে রাখা কর এবং আগের বছরের রিটার্নের ভিত্তিতে দেওয়া আয়কর ও সারচার্জের পরিমাণও উল্লেখ করতে হয়।
৯. ঋণের সুদ
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন উৎস থেকে নেওয়া ঋণের বিপরীতে পরিশোধ করা সুদের হিসাবও দিতে হয়। বছরজুড়ে ঋণের সুদ বাবদ কত টাকা খরচ হয়েছে, তা রিটার্নে জানাতে হবে।
জীবনযাত্রার এসব খরচের হিসাবের মাধ্যমে কর কর্মকর্তারা একজন করদাতার আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না, তা পর্যালোচনা করেন। তাই বছরজুড়ে এসব খরচের হিসাব সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।
আরটিভি/জেএমএ


