ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগের জন্য চার প্রতিষ্ঠানকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম
ফাইল ছবি

বাংলাদেশের কৃষি, বাণিজ্য, অর্থনৈতিক সংস্কার ও বেসরকারি খাতের উন্নয়নে চারটি নতুন উদ্যোগে ৪ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান ঘোষণা করেছে কানাডা। ঘোষিত এ অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯০ কোটি টাকা।

রোববার (১৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ঢাকার কানাডীয় হাইকমিশন।

হাইকমিশন জানায়, গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফরকালে বিশাল এ অনুদানের ঘোষণা দেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী মাননীয় রণদীপ সারাই।

তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কানাডা ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দু’দেশের জনগণের জন্য উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করা। সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ, গবেষণা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা এবং বেসরকারি খাতের কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন রণদীপ সারাই।

ঘোষিত নতুন অনুদানের মধ্যে বায়োএন্টারপ্রাইজ কানাডাকে দেওয়া হবে ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার। কানাডার কৃষি খাতের উদ্ভাবকদের সঙ্গে বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতের সংযোগ স্থাপনের মাধ্যমে খাদ্যনিরাপত্তা জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য। একই পরিমাণ, অর্থাৎ ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার দেওয়া হবে কোওয়াটার ইন্টারন্যাশনালকে। এ অর্থের মাধ্যমে বাংলাদেশের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সহজ করা, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং কানাডাসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কারে অগ্রাধিকারমূলক উদ্যোগ এগিয়ে নিতে বিশ্বব্যাংককে ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান দেওয়া হবে। সেইসঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সুযোগ বাড়ানো এবং বেসরকারি খাতের বিকাশে সহায়তার জন্য আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন বা আইএফসিকে দেয়া হবে ৪০ লাখ কানাডিয়ান ডলার। এই চারটি উদ্যোগের মাধ্যমে কানাডা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের পাশাপাশি অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ এবং দু’দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী রণদীপ সারাই। বৈঠকগুলোতে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি ও জলবায়ু অর্থায়নে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানে বাংলাদেশ, কানাডা ও অন্যান্য অংশীদারের যৌথ প্রচেষ্টার গুরুত্ব নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করে।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে ঢাকার আশকোনায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী সারাই। সেখানে তিনি দেখেন, কানাডার সহায়তায় তরুণ-তরুণীরা, বিশেষ করে নারীরা, কীভাবে বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। কানাডা, ব্র্যাক ও অস্ট্রেলিয়ার বৃহত্তর একটি উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই উদ্যোগে কানাডা ৪ কোটি ৪০ লাখ কানাডিয়ান ডলার সহায়তা দিয়েছে, যা গত পাঁচ বছর ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখছে।

ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতাল পরিদর্শনকালে কানাডার সহায়তায় পরিচালিত গবেষণা কার্যক্রমের অবদান সম্পর্কে অবগত হন প্রতিমন্ত্রী সারাই। এসব গবেষণার মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সাশ্রয়ী ও জীবনরক্ষাকারী সমাধান তৈরি হচ্ছে, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে। এমনকি এসব উদ্ভাবনের সুফল কানাডাতেও পৌঁছেছে।

বর্তমানে আইসিডিডিআর,বির প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য কানাডা ১ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান দিয়েছে। বাংলাদেশ ছাড়া কানাডাই একমাত্র দেশ, যারা প্রতিষ্ঠানটিকে এ ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করে আসছে। এ ছাড়া যৌন ও প্রজননস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সমস্যা ও ঘাটতি নিয়ে প্রয়োজনীয় গবেষণার জন্য আইসিডিডিআর,বিকে আরও ২ কোটি ৪০ লাখ কানাডিয়ান ডলার সহায়তা দিয়েছে কানাডা।

সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে দীর্ঘদিন ধরে নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য কানাডার সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সরাসরি অবগত হন। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত কানাডা ৬০ কোটি কানাডিয়ান ডলারেরও বেশি সহায়তা দিয়েছে, যা শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ ও জীবিকার সুযোগ সম্প্রসারণে অবদান রাখছে।

কক্সবাজারে সফরকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ, কানাডা ও আঞ্চলিক অংশীদারদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। দীর্ঘস্থায়ী এ সংকট মোকাবিলায় যৌথ প্রচেষ্টা এবং শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য সহায়তা অব্যাহত রাখার গুরুত্ব আলোচনায় উঠে আসে।

কক্সবাজারে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট) একটি প্রদর্শনী কেন্দ্রও পরিদর্শন করেন রণদীপ সারাই। সেখানে তিনি গবেষণাভিত্তিক কৃষি কার্যক্রমের মাধ্যমে কৃষকরা কীভাবে ফসলের উৎপাদন বাড়াচ্ছেন, খাদ্যের চাহিদা পূরণে অবদান রাখছেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করছেন, তা প্রত্যক্ষ করেন। বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির লক্ষ্যে উদ্ভাবনী পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে সিমিট বায়োএন্টারপ্রাইজ কানাডার সঙ্গে কাজ করবে।

সফরের অংশ হিসেবে ঢাকায় গিলডান অ্যাকটিভওয়্যার বাংলাদেশ লিমিটেডও পরিদর্শন করেন সারাই। প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাক খাতে কানাডার বৃহত্তম বিনিয়োগকারী। বাংলাদেশে প্রতিষ্ঠানটির উৎপাদন ও তথ্যপ্রযুক্তিবিষয়ক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পরিদর্শনের মধ্য দিয়ে দু’দেশের অর্থনৈতিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। এ সময় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রমের প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার গুরুত্বও আলোচনায় স্থান পায়।

উল্লেখ্য, কৃষি ও খাদ্যনিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ এবং শরণার্থী সহায়তা, বিভিন্ন ক্ষেত্রে কানাডার সহযোগিতার কার্যক্রম বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এদেশে ৬৩০ কোটি কানাডিয়ান ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে কানাডা।

পাশাপাশি দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৫ সালে ৪০০ কোটি কানাডিয়ান ডলার ছাড়িয়েছে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা বন্ধুত্ব ও সহযোগিতার ধারাবাহিকতায় নতুন এ বিনিয়োগ ঘোষণা দু’দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও সম্প্রসারণের উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে দু’দেশের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পদ কাজে লাগিয়ে যৌথভাবে নতুন সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সফর শেষে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
কিছু দিনের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দামের ছবিটা বদলে গেছে। গত বছরে যে সোনা ৫৩ বার নতুন রেকর্ড গড়েছিল, ২০২৬ সালে এসে দেখা যাচ্ছে তার টানা পতন।
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্ব সুরক্ষায় গ্লোবাল শিল্ড থেকে অতিরিক্ত তহবিল পাওয়া গেলে এই অনুদানের পরিমাণ বেড়ে ১,০৫৮ কোটি টাকায় পৌঁছাতে পারে। রোববার (২২ নভেম্বর) ভোরে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৭৪ কোটি টাকা) এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো (প্রায় ৪১০ কোটি টাকা) নিশ্চিত করেছে বাংলাদেশ। তিনি বলেন, কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে বাস্তবায়ন করতে পারলে গ্লোবাল শিল্ড থেকে আরও ২ কোটি ইউরো (প্রায় ২৭৩ কোটি টাকা) অতিরিক্ত পেতে পারে বাংলাদেশ। ড. সাইমুম বলেন, যদি এই অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত হয়, তবে সিআইএফ এবং গ্লোবাল শিল্ড থেকে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১,০৫৮ কোটি টাকা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী স্পষ্ট করে বলেন যে, বাংলাদেশের প্রাপ্ত এই অর্থের সম্পূর্ণটাই অনুদান হিসেবে এসেছে এবং এগুলো পরিশোধ করতে হবে না। তিনি আরও বলেন, সিআইএফ-এর অনুদান সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে, অন্যদিকে গ্লোবাল শিল্ডের সহায়তা জলবায়ু বীমা উদ্যোগ সহ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ জলবায়ু অভিযোজনে বরাদ্দের আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে নির্গমন হ্রাসে অর্থায়ন বাড়ানোর ওপর জোর দিয়েছে। অনুদান হ্রাস এবং ঋণ ও বিনিয়োগের ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা যে উন্নয়নশীল দেশগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, তা উল্লেখ করে অনুদান ভিত্তিক অর্থায়নের সপক্ষে যুক্তি তুলে ধরে বাংলাদেশ। ড. সাইমুম বলেন, গ্লোবাল সাউথের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছে। যেখানে ঋণ নেওয়া অপরিহার্য, সেখানে নমনীয় বা সহজ শর্তে (কনসেশনাল) তা দেওয়ার বিষয়ে আমরা জোর দিয়েছি। কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপনাকে একটি বড় সাফল্য উল্লেখ করে তিনি জানান, প্রায় ৪৮ ঘণ্টার সফরকালে প্রধানমন্ত্রী দেশের জাতীয় বক্তব্য তুলে ধরেন এবং বেশ কয়েকটি দ্বিপক্ষীক বৈঠক করেন। পরবর্তীতে প্রতিনিধি দল সেই দাবির আলোকে আলোচনা চালিয়ে যায়। সম্মেলনটি সময়সীমা পেরিয়ে গড়ালে শেষ ধাপের দরকষাকষিতে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল বলে জানান তিনি। ম্যানগ্রোভ বন সংরক্ষণ প্রসঙ্গে ড. সাইমুম বলেন, তিনি ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অনুদান ও অংশীদারিত্বের মাধ্যমে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও প্রসার ঘটানো, সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়কে সম্পৃক্ত করা এবং এই বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল মানুষের জীবিকার উন্নয়ন করাই বাংলাদেশের লক্ষ্য। বাংলাদেশ প্রতিনিধি দলের আকার সম্পর্কে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, সরকার সরকারি কর্মকর্তা, এনজিও, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী এবং সাংবাদিকদের অংশগ্রহণের ব্যবস্থা করেছে, যেখানে কিছু অংশগ্রহণকারী আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টিরও বেশি পার্শ্ব-ইভেন্ট আয়োজিত হয়েছিল। তিনি জানান, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কার্যকর অবদান রাখার ক্ষেত্রে প্রতিনিধি দলের সদস্যদের সক্ষমতার ওপর আগামীতে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। কার্বন ক্রেডিট বিক্রি প্রসঙ্গে ড. সাইমুম বলেন, গত সাত-আট মাস ধরে বাংলাদেশ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছিল। কপ৩১ চলাকালে কার্বন ক্রেডিটের মাধ্যমে রাজস্ব সংগ্রহের সুযোগ অন্বেষণ করতে প্রতিনিধি দল বিভিন্ন দেশের প্রতিনিধি, গোল্ড স্ট্যান্ডার্ড এবং গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে আলোচনা করেছে বলে তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন আগামী কয়েক মাসের মধ্যে এতে অগ্রগতি হবে এবং প্রক্রিয়াটি চূড়ান্ত হলে লেনদেনের বিস্তারিত প্রকাশ করা হবে। আরটিভি/টিআর
কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ
চলমান অস্থিরতায় ১৮ দিনেই পোশাকশিল্পে ক্ষতি ৪২ কোটি ডলার
দেশজুড়ে চলমান অস্থিরতায় মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। এই হিসাব গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ক্ষয়ক্ষতির এই হিসাব উঠে এসেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে।
চলমান অস্থিরতায় ১৮ দিনেই পোশাকশিল্পে ক্ষতি ৪২ কোটি ডলার
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ থাকায় বাংলাদেশ থেকে প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। এতে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা (২৫৪ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ
তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন বন্ধ থাকা এবং কারখানার ক্ষতি মিলিয়ে ৩১৭টি কারখানার সরাসরি প্রায় ৫ হাজার ১৩৬ কোটি টাকার (৪২৮ মিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ ক্ষতি হয়েছে।
শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা
খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক