ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড জানিয়েছে, সামরিক যোগাযোগ ও অংশীদারত্ব অব্যাহত রেখে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় দেশটি।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া বার্তার শুরুতে বলা হয়, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বার্তাটি প্রচার করেছে।

২০২৬ সালে দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি তুলে ধরে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড। এক্ষেত্রে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়।

বার্তায় আরও বলা হয়, ২০২৬ সালজুড়ে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং টাইগার লাইটনিং মহড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে জোরদার করেছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, এসব কার্যক্রম দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

দুই দেশের সামরিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড। এ প্রসঙ্গে বার্তায় বলা হয়, ‘অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানো এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও বিবৃতিতে তুলে ধরা হয়। ‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’— এই মূলমন্ত্র দিয়ে বার্তাটি শেষ করেছে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পররাষ্ট্র মন্ত্রণালয় / প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম
লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য ভারতের কয়েকটি গণমাধ্যম ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে। ওই বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি। ফলে ভারতের কয়েকটি গণমাধ্যম বক্তব্যটি ভুলভাবে উপস্থাপন করেছে। তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে। মুখপাত্র অভিযোগ করেন, এই সহিংসতা বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সংকট তৈরি করছে, বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনাম নষ্ট করছে। এই সহিংসতা ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। উল্লেখ, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এক জনসভায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, ১৬ বছর জোরপূর্বক দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে গেছে। গত কয়েক দিনে তাদের কর্মকাণ্ডের প্রমাণ দেশবাসী দেখেছে বলেও মন্তব্য করেন তিনি। আরটিভি/টিআর
প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম
৭ নভেম্বর: ঐক্যের বাংলাদেশ ও জিয়া পরিবার
৭ নভেম্বর। ১৯৭৫ সাল। বাংলাদেশের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। জাতি তার মহান নেতাকে খুঁজে পায়। ঠিক ১৯৭১ সালে মতো।
৭ নভেম্বর: ঐক্যের বাংলাদেশ ও জিয়া পরিবার
খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করে খেলাপি ঋণ আদায়ে গতি আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
স্বচ্ছতা নিশ্চিত ও মামলা-মোকদ্দমা কমাতে ভূমি নিবন্ধন অটোমেশনের উদ্যোগ
দীর্ঘদিনের প্রক্রিয়াগত জটিলতা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও কাগজপত্র সংক্রান্ত ঝামেলায় দেশের ভূমি নিবন্ধন কার্যক্রম সাধারণ মানুষের জন্য অন্যতম জটিল সরকারি সেবায় পরিণত হয়েছে, যা নাগরিকদের দীর্ঘসূত্রতা, হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন করছে। দেশের অটোমেশন ল্যান্ড রেজিস্ট্রেশন বা স্বয়ংক্রিয় ভূমি নিবন্ধন ব্যবস্থার সরকারি উদ্যোগ এক্ষেত্রে বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। প্রচলিত কাগজনির্ভর পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে এ খাতে স্বচ্ছতা নিশ্চিত, সেবার গতি বৃদ্ধি এবং জনগণের হয়রানি কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের মাধ্যমে দেশব্যাপী দলিল নিবন্ধন সেবার আধুনিকায়নে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে, নাগরিকরা অনলাইনে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা ও নিবন্ধন কার্যালয়ে বারবার যাতায়াতের প্রয়োজন কমবে। ডিজিটাল পদ্ধতিতে দলিল যাচাই এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ফলে সম্পত্তি হস্তান্তরে স্বচ্ছতা বাড়বে, অনিয়মের সুযোগ কমবে এবং নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময়ও সাশ্রয় হবে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর আগে জানিয়েছিলেন, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ বা ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে অনলাইন দলিল নিবন্ধন চালুর লক্ষ্যে সরকার আইসিটি-ভিত্তিক অটোমেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই উদ্যোগ দেশের বিচার ব্যবস্থার উপরও উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বিচার বিভাগের বিভিন্ন স্তরে বিচারাধীন মামলার একটি বড় অংশই ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে, যা আদালতের উপর বাড়তি চাপ সৃষ্টি করে বিচারপ্রার্থীদের আর্থিক ও মানসিক দুর্ভোগ বাড়াচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, স্বচ্ছ ও ডিজিটালভাবে যাচাইকৃত নিবন্ধন ব্যবস্থা চালু হলে মালিকানা সংক্রান্ত নথির নির্ভুলতা বাড়বে এবং জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের সুযোগ কমবে। ফলে ভূমি সংক্রান্ত বিরোধের সূত্রপাত অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে, যা আদালতে এ ধরনের মামলার চাপ কমাতে সহায়ক হবে। নিবন্ধন অধিদপ্তর জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখে। তারা বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা রাজস্ব আয় করে। জনপ্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে এই অধিদপ্তর সম্পত্তির মালিকানা স্বত্ব সুরক্ষা, আইনগত নথি সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং, ভূমি নিবন্ধন পরিষেবার আধুনিকীকরণ কেবল উন্নত জনসেবা প্রদানেই নয়, বরং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নেও অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। তবে, এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সফল বাস্তবায়ন বেশ কিছু দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা, বিশেষ করে মাঠ পর্যায়ের সীমাবদ্ধতাগুলো সমাধানের ওপর নির্ভর করবে। সম্প্রতি রাজধানীতে একটি কর্মসূচির ফাঁকে আলোচনায় নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে অনেক জনবল সংকট, দলিল ও নথি সংরক্ষণের অপর্যাপ্ত ব্যবস্থা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, অটোমেশন কার্যক্রম এগিয়ে চলার পাশাপাশি দেশব্যাপী অটোমেটেড চালান (এ-চালান) ব্যবস্থা চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। তবুও অনেক উপ-রেজিস্ট্রি অফিসে এখনও কম্পিউটার অপারেটর এবং নৈশপ্রহরীসহ সাধারণ নিরাপত্তা কর্মীদের জন্য অনুমোদিত পদের অভাব রয়েছে। শামীমা আফরোজ বলেন, ‘নিবন্ধন অধিদপ্তর নাগরিকদের গুরুত্বপূর্ণ সম্পত্তির দলিল সংরক্ষণ করে। কিন্তু প্রয়োজনের তুলনায় জনবল না থাকায় এসব গুরুত্বপূর্ণ দলিল ঝুঁকির মধ্যে রয়েছে।’ এ অবস্থায় অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অটোমেশন প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং নির্ভরযোগ্য সার্ভার অবকাঠামো নিশ্চিত করতে হবে। নতুন নিবন্ধন পদ্ধতি সম্পর্কে নাগরিকদের সচেতন করাও জরুরি উল্লেখ করে তিনি বলেন, নাগরিকরা যাতে নতুন নিবন্ধন পদ্ধতি বুঝতে পারেন এবং ব্যবস্থা ও বিদ্যমান নিবন্ধন বিধি সম্পর্কে জ্ঞানের অভাবে বিভ্রান্ত বা প্রতারিত না হন, তা নিশ্চিত করার জন্য জনসচেতনতাও অপরিহার্য। প্রযুক্তিগত আধুনিকীকরণের পাশাপাশি অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়াতেও উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি নতুন সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থাপন করা হচ্ছে। মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকার মূলত তিনটি প্রতিশ্রুতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত : স্বচ্ছতা, দ্রুত পরিষেবা প্রদান এবং জনসাধারণের হয়রানি সম্পূর্ণ অবসান করা।’ নিবন্ধন সেবাকে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ব্যবস্থায় রূপান্তর করতে অধিদপ্তর প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। আরটিভি/এসআর
স্বচ্ছতা নিশ্চিত ও মামলা-মোকদ্দমা কমাতে ভূমি নিবন্ধন অটোমেশনের উদ্যোগ
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক র‍্যাংকিংয়ে অবস্থান উন্নীত করার পাশাপাশি দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। প্রতিনিধিদলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ ও মিসেস রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সাক্ষাৎকালে এনএসইউর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধিদল জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউ যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে।  এনএসইউ থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রমও তুলে ধরে। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তিঁনি আরও বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে। সাক্ষাৎকালে এনএসইউর-এর আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
আরও পড়ুন
রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা
খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
জরায়ুমুখের ক্যানসার পরীক্ষায় আসছে বড় পরিবর্তন