ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজার ছুটিতে পর্যটনে জোয়ার, চাঙা স্থানীয় অর্থনীতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম
দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিতে সমুদ্র, পাহাড় ও হ্রদঘেরা পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। কক্সবাজার ও কুয়াকাটার বিস্তীর্ণ সৈকত, খাগড়াছড়ি ও সাজেকের মেঘে ঢাকা পাহাড় এবং রাঙামাটির কাপ্তাই হ্রদের নীল জলরাশি ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অবকাশ কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের এই বাড়তি উপস্থিতিতে দর্শনীয় স্থানগুলো যেমন মুখর হয়ে উঠেছে, তেমনি গতি ফিরেছে পর্যটননির্ভর এলাকার হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়।

প্রকৃতির বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছুটির এই সময়ে পর্যটকদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠেছে সমুদ্রস্নান, নৌভ্রমণ, পাহাড়ি পথে ঘোরাঘুরি এবং স্থানীয় খাবারের স্বাদ নেওয়া। কোথাও সৈকতে ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা, কোথাও পাহাড়ের বাঁকে দাঁড়িয়ে মেঘের ভেলা দেখছেন, আবার কোথাও কাপ্তাই হ্রদের বুকে নৌযানে ঘুরে বেড়াচ্ছেন। সবমিলিয়ে দুর্গাপূজার ছুটি দেশের অভ্যন্তরীণ পর্যটনে নতুন প্রাণচাঞ্চল্য তৈরি করেছে।

দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে এখন উৎসবের আমেজ। নীল সমুদ্র, বিস্তৃত বালুকাবেলা ও ঢেউয়ের গর্জন উপভোগ করতে প্রতিদিনই আসছেন নানা বয়সী মানুষ। কেউ পরিবারের সদস্যদের নিয়ে সমুদ্রস্নানে ব্যস্ত, কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ সৈকতে বসে উপভোগ করছেন নোনা বাতাসের স্নিগ্ধতা। পর্যটকদের আগমনে শহরের হোটেল-মোটেল, রিসোর্ট ও বিনোদনকেন্দ্রগুলোতে বেড়েছে ব্যস্ততা।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রত্যাশা, পূজার ছুটিতে কক্সবাজারে কয়েক লাখ পর্যটকের সমাগম হতে পারে। অনেক হোটেলে কক্ষের অগ্রিম বুকিং ৮০ থেকে ৯০ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজারের জেলা প্রশাসক মো.আব্দুল মান্নান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন মাঠপর্যায়ে কাজ করছে। নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় রাখা হচ্ছে। পর্যটকরা যাতে নিরাপদে সময় কাটাতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দক্ষিণাঞ্চলের পর্যটনকেন্দ্র কুয়াকাটাতেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। একই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল অভিজ্ঞতা নিতে সেখানে যাচ্ছেন ভ্রমণপিপাসুরা। দীর্ঘ সৈকতে হাঁটাহাঁটি, সমুদ্রের সৌন্দর্য উপভোগ, স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ এবং বিভিন্ন বিনোদনকেন্দ্রে সময় কাটিয়ে ছুটি উপভোগ করছেন তারা।

সমুদ্রের পাশাপাশি পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলোতেও ছড়িয়ে পড়েছে ছুটির আনন্দ। খাগড়াছড়ির আলুটিলা গুহা, রিছাং ঝরনা ও মায়াবিনী লেকসহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। পাহাড়ি পথ, ঝরনার জলধারা ও সবুজ প্রকৃতির সান্নিধ্যে নগরজীবনের ব্যস্ততা ভুলে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। অ্যাডভেঞ্চারপ্রিয়দের আগ্রহ বাড়ছে জিপলাইন ও জায়ান্ট সুইংয়ের মতো বিনোদনমূলক কার্যক্রমেও। অন্যদিকে মেঘে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা পথ ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত সাজেক ভ্যালিও পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

সাজেকের রিসোর্ট ও কটেজ মালিকদের সংগঠনের তথ্য অনুযায়ী, পূজার ছুটিকে কেন্দ্র করে অধিকাংশ আবাসনকেন্দ্রে আগাম বুকিং বেড়েছে। পর্যটকদের এই উপস্থিতিতে স্থানীয় পরিবহন, খাবারের দোকান ও অন্যান্য সেবামূলক ব্যবসায়ও ইতিবাচক প্রভাব পড়ছে।

পাহাড়, সবুজ অরণ্য ও কাপ্তাই হ্রদের নীল জলরাশির মেলবন্ধনে অনন্য রাঙামাটিতেও পর্যটকদের পদচারণায় প্রাণচাঞ্চল্য বেড়েছে। জেলা শহরের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুতে সকাল থেকেই ভিড় করছেন দর্শনার্থীরা। কেউ সেতুর ওপর দাঁড়িয়ে পাহাড় ও হ্রদের দৃশ্য উপভোগ করছেন, কেউ পরিবারের সদস্যদের নিয়ে ছবি তুলছেন। অনেকে ভাড়া করা পর্যটকবাহী নৌযানে কাপ্তাই হ্রদ ঘুরে দেখছেন। হ্রদের জলরাশি পেরিয়ে সুবলং ঝরনার দিকে যাত্রাও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। বাড়তি পর্যটকের চাপে শহরের হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতেও ব্যস্ততা বেড়েছে।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, দুর্গাপূজার ছুটিকে ঘিরে তাদের আবাসনকেন্দ্রের কক্ষগুলোর চাহিদা বেড়েছে। পর্যটকদের আগমন অব্যাহত থাকায় সামনের দিনগুলোতেও ভালো ব্যবসার প্রত্যাশা করছেন তারা।

জামালপুর থেকে পরিবার নিয়ে রাঙামাটি বেড়াতে আসা শিক্ষক মো. হানিফ জানান, পাহাড় ও কাপ্তাই হ্রদের অপূর্ব সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। পর্যটনকেন্দ্রগুলোর আরও আধুনিকায়ন করা গেলে সারা বছরই এখানে পর্যটকদের আগমন বাড়বে বলে তিনি মনে করেন।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা মো. ইউসুফ বলেন, পূজার ছুটিতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কমপ্লেক্সের আবাসনে থাকা অতিথিদের পাশাপাশি প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থী ঝুলন্ত সেতু দেখতে আসছেন। অনেকে নৌযান ভাড়া করে কাপ্তাই হ্রদেও ঘুরে বেড়াচ্ছেন।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

পর্যটকদের বাড়তি উপস্থিতি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজের পাশাপাশি রেস্তোরাঁ, স্থানীয় পরিবহন, নৌযান, পর্যটকবাহী জিপ এবং ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে কাজের চাপ বেড়েছে। পর্যটননির্ভর এসব ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয় পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে পাহাড়ি জনপদগুলোতে পর্যটন মৌসুম অনেক মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ, সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও তৈরি করছে এই ভ্রমণ। সমুদ্রের গর্জন, পাহাড়ের নীরবতা, ঝরনার কলতান কিংবা হ্রদের বুকে নৌভ্রমণ— প্রতিটি অভিজ্ঞতা ছুটিকে দিচ্ছে ভিন্ন মাত্রা। দুর্গাপূজার এই দীর্ঘ ছুটি তাই একদিকে পর্যটকদের অবকাশযাপনের আনন্দ বাড়িয়েছে, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ পর্যটন খাত ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে তৈরি করেছে নতুন আশাবাদ। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রেমিট্যান্সে সুবাতাস, ৯ দিনে এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। সোমবার (৯ নভেম্বর) প্রবাসী আয় এসেছে ১৫ কোটি ৩০ লাখ ডলার বা এক হাজার ৮৯৭ কোটি ২০ লাখ টাকা।
রেমিট্যান্সে সুবাতাস, ৯ দিনে এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা
‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ
দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ
বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে
সারাদেশে কমবেশি শুঁটকি উৎপাদন হলেও দেশজুড়ে আলাদা কদর রয়েছে চট্টগ্রামে উৎপাদিত শুঁটকির। স্বাদে-গন্ধে অনন্য এ শুঁটকি মিশে আছে চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা চট্টগ্রামে শুঁটকি ব্যবসার প্রাণকেন্দ্র বৃহত্তর পাইকারি বাজার আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে বছরে লেনদেন হয় ২৪০০ কোটি টাকার বেশি। শতাব্দী প্রাচীন এই বাজারে পুরো বছরে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয়। প্রতিদিন আনাগোনা হয় হাজারো মানুষের।
বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশের আগে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি দাম বাড়লেও মঙ্গলবার (১০ নভেম্বর) বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এই পতন দেখা যায়।
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
হাজার হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে দর্শনা কেরু চিনিমিল
দর্শনা কেরু চিনিমিল দেশের অর্থনীতিতে এক অনন্য ও লাভজনক রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী এ ভারী শিল্প প্রতিষ্ঠানটি ৮৮ বছর ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে দামুড়হুদা উপজেলার দর্শনা শহরে এ কোম্পানিটি অবস্থিত।
হাজার হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে দর্শনা কেরু চিনিমিল
আরও পড়ুন
দুর্গাপুরে সম্ভাবনাময় পর্যটনে গতি আনতে প্রশাসনের বিশেষ উদ্যোগ
ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক, চাঙা হচ্ছে গ্রামীণ অর্থনীতি
যুক্তরাষ্ট্রে অদ্ভুত স্থাপত্যের পর্যটনস্থল, বিশাল নাগরদোলা থাকলেও চড়ার সুযোগ নেই