ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি: সংগৃহীত

নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবরের বেতন ও আগের তিন মাসের বকেয়া পরিশোধ করতে আবারও ঋণের দিকে হাত বাড়াচ্ছে সরকার। চাহিদা মেটাতে ব্যাংক খাত থেকে নতুন করে ৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হচ্ছে এবার। এতে চলতি অক্টোবর মাসে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক খাত থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে ৬০ হাজার ৩০০ কোটি টাকা।

নতুন ঋণের অর্থ সংগ্রহের অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম ডেকেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া হয়েছে ২৩ হাজার ২২৭ কোটি টাকা।

আগামী ১ নভেম্বর নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবরের বেতনের সঙ্গে আগের তিন মাসের বেতন বৃদ্ধির বকেয়াও পরিশোধ করার কথা রয়েছে। এই বাড়তি ব্যয় মেটাতেই চলতি মাসে ঋণ নেওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে।

স্বল্পমেয়াদি অর্থের চাহিদা মেটাতে ট্রেজারি বিলের মাধ্যমে ব্যাংক থেকে সাধারণত ৯১, ১৮২ ও ৩৬৪ দিন মেয়াদি ঋণ নিয়ে থাকে সরকার। তবে রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে সাময়িক ঘাটতি দেখা দিলে ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। সাম্প্রতিক সময়ে এ ধরনের বিশেষ বিল ইস্যুর প্রয়োজন হয়নি।

তবে, আগামী রোববার (১ নভেম্বর) নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হবে। এজন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হওয়ায় বিশেষ ট্রেজারি বিলের নিলাম আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের ২৭ তারিখ পর্যন্ত ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক খাত থেকে ৫৫ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। নতুন নিলামে আরও ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হলে চলতি মাসে মোট ঋণ উত্তোলনের পরিমাণ দাঁড়াবে ৬০ হাজার ৩০০ কোটি টাকা। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এক মাসে এটিই হবে সর্বোচ্চ ঋণ উত্তোলন।

এর আগে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে ব্যাংক খাত থেকে ৫৬ হাজার কোটি টাকা, আগস্টে ৫০ হাজার কোটি এবং সেপ্টেম্বরে সাড়ে ৪১ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়।

তবে এসব ঋণের বড় অংশ আগের ট্রেজারি বিল ও বন্ডের মেয়াদপূর্তিতে পরিশোধ কিংবা পুনঃঅর্থায়নে ব্যয় হয়েছে। ফলে নিলামের মাধ্যমে উত্তোলিত ঋণের পরিমাণ এবং সরকারের প্রকৃত বা নিট ঋণের হিসাব এক নয়।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ ছিল ২৪ হাজার ২৪৫ কোটি টাকা। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নেওয়া হয়েছে ২৩ হাজার ২২৭ কোটি টাকা। বাকি অর্থের জোগান দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে সরকারের ঋণের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেজারি বিলের সুদহারও বাড়ছে। গত ৫ অক্টোবর ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের ইল্ড ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। ২৬ অক্টোবর তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে। অথচ আগস্ট শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ ছিল ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আয় না হওয়ায় সরকারকে ব্যাংক খাত থেকে বাড়তি ঋণ নিতে হচ্ছে। সরকারের চাহিদা অনুযায়ী ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে অর্থের জোগান দেওয়াই কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব।

তিনি আরও জানান, ব্যাংক খাতের ওপর সরকারের ঋণনির্ভরতা কমাতে চলতি অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার শরিয়াহভিত্তিক সুকুক ইস্যুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চলতি অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। গত অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকারের ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩৪ হাজার ৫৭১ কোটি টাকা।

অন্যদিকে চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য দেওয়া হয়েছে। কিন্তু অর্থবছরের প্রথম দুই মাসেই রাজস্ব আদায়ে ২৫ হাজার ৪৯১ কোটি টাকার ঘাটতি দেখা দেয়। পরবর্তী মাসগুলোতেও প্রত্যাশিত রাজস্ব আদায় না হওয়ায় সরকারের ঋণনির্ভরতা বাড়ছে।

এ পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে বিশেষ ট্রেজারি বিল ইস্যুকে অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

উল্লেখ্য, নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে দেশে বেসামরিক ও প্রতিরক্ষা খাতে প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এছাড়া পেনশনভোগীর সংখ্যা প্রায় ৯ লাখ ২৫ হাজার। চলতি অর্থবছরের বাজেটে বেতন, ভাতা ও পেনশনের জন্য বরাদ্দ রয়েছে ১ লাখ ৩১ হাজার ২৮৪ কোটি টাকা।

নতুন পে-স্কেল ধাপে ধাপে পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা বাড়বে বলে প্রাক্কলন করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এনবিআর জানিয়েছে, ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে এ সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল সোমবার এসংক্রান্ত চিঠি ইস্যু করা হলেও আজ মঙ্গলবার তা ওয়েবসাইটে প্রকাশ করেছে এনবিআর। এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান সই করা বিশেষ আদেশে বলা হয়েছে, ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে কনকারেন্ট ইউজার এর সংখ্যা অত্যধিক হওয়ায় সার্ভার জটিলতার কারণে করদাতাদের অক্টোবরের কর রিটার্ন নির্ধারিত সময়সীমার মধ্যে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়। এ কারণে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না। আরটিভি/এসআর    
রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের ব্যারিকেডে আগুন
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা
তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা
টানা পঞ্চমবার দরপতনের পর দেশে আজ সোনার ভরি কত?
দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দর ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজও সেই দামে বিক্রি হবে সোনা। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। তবে দেশের বাজারে সোনা দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে। আরটিভি/এসআর
টানা পঞ্চমবার দরপতনের পর দেশে আজ সোনার ভরি কত?
আরও পড়ুন
ভূমিহীনদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ
বদরুন্নেসা কলেজে ডিবেটিং সোসাইটির নবীনবরণ অনুষ্ঠিত
নাগরিক হলেই পাসপোর্ট দিতে বাধ্য নয় সরকার: শামা ওবায়েদ
নিউইয়র্কে সরকারি চাকরি, প্রস্তুতির জন্য ব্রুকলিনে বিশেষ প্রশিক্ষণ সেশন