
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। চাহিদা ও সরবরাহ বাড়লেও এখনো কমেনি দাম। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
সরজমিনে দেখা যায়, প্রতি কেজি গাজর ১৪০ টাকা, নতুন দেশি টমেটো ১৩০ টাকা, পুরোনো দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা ফুলকপি ও বাঁধাকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। মুলা ৫০-৬০ টাকা ও শিমের দাম ৬০-৮০ টাকা। নতুন আলুর কেজি ১২০ টাকা হলেও পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এ ছাড়া শালগম ৮০ টাকা এবং ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে করলা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৯০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা এবং গোল বেগুন ৬০ টাকা এবং ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও পটল ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা। এদিকে পেঁপে ২০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শসার ক্ষেত্রেও রয়েছে দামের পার্থক্য। দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজের দাম ৫০ টাকা কেজি। দেশি রসুন ৯০ টাকা এবং বড় আকারের রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।
তবে সবজির তুলনায় শাকের দাম কিছুটা কম। বাজারে লালশাক, পালংশাক, পুঁইশাক, ডাঁটাশাক, কলমিশাক, মুলাশাক, সরিষাশাক ও লাউশাক বিক্রি হচ্ছে আঁটিপ্রতি ১৫ থেকে ৫০ টাকায়। শাকের ধরন ও আকার অনুযায়ী দামের এমন পার্থক্য দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি। পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়াও সবজির দামে প্রভাব ফেলছে। তবে ডিসেম্বরের দিকে বাজারে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে আশা করছেন তারা।
ক্রেতা আবদুস সোবহান বলেন, বাজারে তেমন কোনো পণ্যের দামই কম নেই। বাড়তি দামের কারণে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করা যাচ্ছে না। যতটুকু সম্ভব অল্প অল্প করে কিনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, ডিসেম্বরে দাম কমবে, তখন আবার জানুয়ারির কথা বলবেন। কিন্তু সাধারণ মানুষের তো প্রতিদিনই বাজার করতে হয়। আয় যেমনই হোক, খাবার কিনে খেতে হবে।
অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। এ ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।
মুরগির বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগির কেজি ২৩০ থেকে ২৪০ টাকা।
অন্যদিকে, ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম প্রতি ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে মাছের বাজার আগেই মতোই চড়া। গত সপ্তাহের মতোই আকারভেদে রুই মাছ কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া তেলাপিয়া ২০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা ও পাপদা মাছ ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
আরটিভি/এমএম

-1794547511-415484_1794547528.jpg)


