ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০২:০১ পিএম
কাল্পনিক ছবি

দেশের মোবাইল ফোন উৎপাদন খাতে ধীরে ধীরে বাড়ছে স্মার্টফোনের পরিমাণ। একসময় বাজারজুড়ে ফিচার ফোনের প্রাধান্য থাকলেও সেই চিত্র বদলাতে শুরু করেছে। গত সেপ্টেম্বরে দেশে সংযোজিত মোট হ্যান্ডসেটের প্রায় অর্ধেকই ছিল স্মার্টফোন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদনসংক্রান্ত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশে সংযোজিত হ্যান্ডসেটের ৪৯ দশমিক ০৪ শতাংশ ছিল স্মার্টফোন।

গত জুনে এ হার ছিল ৩০ দশমিক ৭১ শতাংশ। বিপরীতে, ফিচার ফোনের হিস্যা জুনের ৬৯ দশমিক ২৯ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৯৬ শতাংশে।

স্মার্টফোনের উৎপাদন অংশ জুলাইয়ে ছিল ৩২ দশমিক ২১ শতাংশ। আগস্টে তা বেড়ে ৩৩ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এক ধাক্কায় তা প্রায় অর্ধেকে পৌঁছে যায়।

সর্বশেষ মাসেও ফিচার ফোনের উৎপাদন সামান্য বেশি ছিল। তবে দুই ধরনের ফোনের উৎপাদন ব্যবধান প্রায় ঘুচে এসেছে।

এ বিষয়ে বাসসের সঙ্গে কথা বলেন সিম্ফনি মোবাইলের মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ। তিনি বলেন, কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ থাকায় গ্রাহকদের মধ্যে এ ধরনের ফোনের প্রতি আগ্রহ বাড়ছে।

উৎপাদকরা কিস্তিতে কেনার সুবিধা দেওয়ায় গ্রাহকদের জন্য স্মার্টফোন কেনা আগের চেয়ে সহজ হয়েছে।

তিনি বলেন, স্মার্টফোনের ব্যবহার বাড়াতে মোবাইল ফোন অপারেটরদের সমন্বিত অফার চালু করা প্রয়োজন। অপারেটররা এ ধরনের উদ্যোগ নিলে স্মার্টফোনের ব্যবহার আরও বাড়বে।

এদিকে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের বাজারেও পরিবর্তন আসছে। চলতি বছরের প্রথম নয় মাসে দেশে ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮৮ লাখ ২০ হাজার।

বিটিআরসির হিসাবে, গত জানুয়ারিতে মোট ইন্টারনেট সংযোগ ছিল ১২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৭৮ লাখ ১০ হাজারে।

এ সময়ে সবচেয়ে বেশি বেড়েছে মোবাইল ইন্টারনেট সংযোগ। নতুন করে যুক্ত হয়েছে ৮০ লাখ ৪০ হাজার সংযোগ। ফলে সেপ্টেম্বরে মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ২২ লাখ ৬০ হাজারে।

অন্যদিকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) সেবার মাধ্যমে ব্রডব্যান্ড সংযোগ বেড়েছে ৭ লাখ ৮০ হাজার।

সেপ্টেম্বরে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৫ লাখ ৫০ হাজারে।

ইন্টারনেট ব্যবহারের বিস্তার মোবাইল ফোনের বাজার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছে।

তবে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সঙ্গে উৎপাদকদের হ্যান্ডসেট উৎপাদনের সিদ্ধান্তের সরাসরি যোগসূত্র রয়েছে, বিটিআরসির পরিসংখ্যানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

নেটওয়ার্ক প্রযুক্তির দিক থেকেও উৎপাদনে পরিবর্তনের চিত্র দেখা যাচ্ছে। গত সেপ্টেম্বরে দেশের কারখানাগুলোতে ৭ লাখ ৯২ হাজার ৪জি হ্যান্ডসেট সংযোজন হয়েছে। গত এপ্রিলের পর এটিই ছিল এক মাসে সর্বোচ্চ উৎপাদন। এপ্রিলে উৎপাদিত হয়েছিল ১০ লাখ ২ হাজার ইউনিট। সেপ্টেম্বরে উৎপাদন আগস্টের ৭ লাখ ৩৫ হাজার এবং জুলাইয়ের ৫ লাখ ৯৯ হাজার ইউনিটকেও ছাড়িয়ে গেছে।

তবে স্মার্টফোনের পরিমাণ বাড়লেও সামগ্রিক উৎপাদনে এখনও এগিয়ে রয়েছে সাধারণ হ্যান্ডসেট। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৯৩ লাখ ১৬ হাজার ২জি হ্যান্ডসেট সংযোজন হয়েছে। একই সময়ে ৪জি হ্যান্ডসেটের উৎপাদন ছিল ৫৩ লাখ ৯৮ হাজার এবং ৫জি হ্যান্ডসেটের উৎপাদন মাত্র ৩ লাখ ৭৪ হাজার।

অর্থাৎ, উন্নত নেটওয়ার্ক প্রযুক্তির হ্যান্ডসেটের তুলনায় প্রচলিত প্রযুক্তির ফোন উৎপাদন এখনও অনেক বেশি।

তবে মাসভিত্তিক উৎপাদনে স্মার্টফোনের অংশ বাড়ছে।

বিটিআরসির তথ্যমতে, প্রথম নয় মাসে দেশে মোট ১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার হ্যান্ডসেট উৎপাদিত হয়েছে।

তবে মাসভেদে উৎপাদনের পরিমাণে বেশ পার্থক্য ছিল। এপ্রিলে সর্বোচ্চ ২৭ লাখ ৫ হাজার হ্যান্ডসেট উৎপাদিত হয়। আগস্টে উৎপাদন ছিল ২২ লাখ ৬৬ হাজার এবং জুলাইয়ে ১৮ লাখ ৩৩ হাজার। সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ১৬ লাখ ৪৫ হাজারে।

উৎপাদনের ধরনেও এ সময়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। জানুয়ারিতে মোট উৎপাদিত হ্যান্ডসেটের ৫৬ দশমিক ৮৪ শতাংশ ছিল ফিচার ফোন। জুনে তা বেড়ে সর্বোচ্চ ৬৯ দশমিক ২৯ শতাংশে পৌঁছায়।

এরপর থেকে ফিচার ফোনের উৎপাদনের অংশ কমতে থাকে। সেপ্টেম্বরে তা স্মার্টফোনের উৎপাদনের প্রায় সমান পর্যায়ে চলে আসে। অর্থাৎ, দেশের কারখানাগুলোতে সংযোজিত হ্যান্ডসেটের ধরনে ধীরে ধীরে পরিবর্তন ঘটছে।

সেপ্টেম্বরের উৎপাদনচিত্রে দেশের মোবাইল ফোন শিল্পে স্মার্টফোনের অবস্থান শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলেছে। তবে উৎপাদনকারীরা দীর্ঘমেয়াদে তাদের উৎপাদন পরিকল্পনায় এ ধরনের পরিবর্তন আনছেন কি না, তা বোঝা যাবে পরবর্তী মাসগুলোর উৎপাদন পরিসংখ্যান থেকে।

সূত্র: বাসস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুতা রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়ার ও চামড়াবিহীন জুতা মিলিয়ে মোট রপ্তানি আয় হয়েছে ৪৫৭.০১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৩৭ শতাংশ বেশি।
চার মাসে জুতা রপ্তানি বেড়েছে ৯.৩৭ শতাংশ, আয় ৪৫৭ মিলিয়ন ডলার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। 
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার
তিন হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ সরকারের বিনিয়োগ সুকুক (ইসলামি বন্ড) নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার
আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক।
আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক
৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।  সোমবার (১৬ নভেম্বর) বিসিক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।  বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ঋণ বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি থাকবেন শিল্পসচিব আব্দুন নাসের খান। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চারটি আঞ্চলিক কার্যালয়ের আওতায় ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এ ঋণ কার্যক্রমের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিসিক সূত্রে জানা গেছে,  ৫১১ উদ্যোক্তার মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তাকে ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা এবং ২৭৬ জন নতুন উদ্যোক্তাকে ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হবে। এ ঋণ সুবিধার আওতায় আসছেন ২৩২ জন নারী ও ২৭৯ জন পুরুষ উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের জন্য ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং পুরুষ উদ্যোক্তাদের জন্য ৭ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। আঞ্চলিক কার্যালয়ভিত্তিক ঋণ বিতরণের পরিকল্পনায় ঢাকায় ১৮১ জন উদ্যোক্তাকে ৪ কোটি ৭৯ লাখ টাকা, চট্টগ্রামে ৮৯ জনকে ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা, রাজশাহীতে ১১৮ জনকে ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং খুলনায় ১২৩ জনকে ৩ কোটি ৭৩ লাখ টাকা দেওয়া হবে। খাদ্য ও খাদ্যজাত, বস্ত্র ও বস্ত্রজাত, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত, বন ও বনজাত, চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, প্লাস্টিক, ইলেক্ট্রনিক্স ও সেবাসহ মোট ১৪টি শিল্প খাতে এ ঋণ বিতরণ করা হবে। এর মধ্যে খাদ্য ও খাদ্যজাত শিল্পের ২২০ জন এবং বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের ১২২ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পাবেন। বিসিক বর্তমানে নিজস্ব তহবিলের ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন ঋণ কর্মসূচিসহ তিনটি ঋণ কর্মসূচি পরিচালনা করছে। আগামী পাঁচ বছরে এসব কর্মসূচির মাধ্যমে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে বিসিকের। এ ছাড়া শিল্পনগরীর ভেতরে ও বাইরের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠন, রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু এবং হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে। বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণের পাশাপাশি দেশের সিএমএসএমই খাত আরও গতিশীল হবে। টেকসই শিল্পায়ন ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে এ কর্মসূচি। আরটিভি/এমএ  
৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক
আরও পড়ুন
ছোট চালানে আনা হয় সোনা-স্মার্টফোন, শাহজালালে কোটি টাকার পণ্য আটক
বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে ছড়ানো হচ্ছে জিরো-ক্লিক স্পাইওয়্যার
আজ ডেস্কটপের ফাইল গোছানোর দিন
স্মার্টফোন চার্জে কভার খুলে রাখা কি জরুরি?