ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) পরিচালনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল।

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে এটি এনপিসিবিএলের উল্লেখযোগ্য অর্জন বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্টরা।

দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহকালে বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে।

এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এনপিসিবিএল।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বাসসকে বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।

এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, আমাদের প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

তিনি আরও বলেন, অপারেটর হিসেবে এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করেই আমরা পরবর্তী কার্যক্রম এগিয়ে নিচ্ছি।

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রাশিয়ান সহযোগী প্রতিষ্ঠান এবং এনপিসিবিএলের সব কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বহুমুখীকরণ, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া সংশোধিত ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে সরকারের হস্তক্ষেপে দ্রুত একটি বাস্তবসম্মত ও জীবনভিত্তিক মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যানের বিবৃতির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন শ্রমিক সংগঠনের নেতারা। মজুরি বোর্ডের বৈঠকে শুরুতে শ্রমিকপক্ষ ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও পরে তা কমিয়ে সংশোধিত প্রস্তাবে ২২ হাজার টাকা দাবি করে।  অন্যদিকে, মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করলেও সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা জানায়। মালিকপক্ষের এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা আহসান হাবিব বুলবুল এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া।  তারা বলেন, মালিকপক্ষের এই প্রস্তাব বর্তমান বাজার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। এমনকি দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠনগুলোর প্রস্তাব কিংবা নবম পে-স্কেলের আগে পরিচালিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের সঙ্গেও এর কোনো মিল নেই। এই বাজারে সামান্য এই মজুরিতে শ্রমিকের পক্ষে চলা অসম্ভব। সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করে এই দুই নেতা আরও বলেন, সরকার গ্যাস বা জ্বালানি তেলের যে দাম নির্ধারণ করে দেয়, এর নিচে কেউ তা বিক্রি করে না। তাই আমরা আশা করি, সরকার এখানে হস্তক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য বাস্তবসম্মত ও জীবনভিত্তিক একটি মজুরি ঘোষণা করবে। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা মালিকপক্ষের প্রস্তাবকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির দাবির বিপরীতে মালিকপক্ষ যে ন্যূনতম প্রস্তাব দিয়েছে, তা সাধারণ শ্রমিকদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকরা যাতে ন্যূনতম জীবনযাপন করতে এবং সংসার চালাতে পারেন, মজুরি বোর্ড সেই বিষয়টি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করবে—এটাই আমাদের প্রত্যাশা। অন্যদিকে, শ্রমিক নেতা তৌহিদুর রহমান মালিকপক্ষের ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব নাকচ করলেও আলোচনার প্রক্রিয়াকে ইতিবাচকভাবে দেখার কথা জানান।  তিনি বলেন, এই অঙ্কটি শ্রমিক সমাজের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এটি যদি দর-কষাকষি বা আলোচনার সূত্রপাত করার জন্য হয়ে থাকে, তবে আমি তাকে স্বাগত জানাই। মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধির অবস্থান প্রসঙ্গে তৌহিদুর রহমান বলেন, শ্রমিক প্রতিনিধি কেন ৩২ হাজার টাকা থেকে ২২ হাজার টাকায় নেমে এলেন, সেই প্রেক্ষাপট সম্পর্কে আমি এখনো অবগত নই। তবে দিনশেষে আমাদের প্রতিনিধি যুক্তিতর্কের মাধ্যমে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে একটি যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি আদায় করে আনবেন বলে আমি আশাবাদী। আরটিভি/এসআর
১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের
পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো কেন্দ্রীয় ব্যাংক
আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে পদ্মা ব্যাংককে বিশেষ ব্যবস্থার (রেজোলিউশন) আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাংকটির বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজোলিউশন ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। সার্কুলারে বলা হয়েছে, আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৬-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। এ প্রক্রিয়ার আওতায় ব্যাংকটির আর্থিক সংকট মোকাবিলা ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় অধ্যাদেশে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক। ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে ফারমার্স ব্যাংকের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। আর্থিক সংকট ও গ্রাহকদের আস্থাহীনতার মুখে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয়। পরে পুনরুজ্জীবনের উদ্যোগ হিসেবে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়। ব্যাংকটিকে টিকিয়ে রাখতে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দেয়। পরে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যান হন। তবে তার দায়িত্ব পালনকালেও সংকট কাটেনি। ২০২৪ সালের শুরুতে তিনি চেয়ারম্যানের পদ ছাড়েন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিসহায়তা সত্ত্বেও খেলাপি ঋণ ও গ্রাহকদের আস্থাহীনতায় ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হয়নি।  বর্তমানে পদ্মা ব্যাংকের মূলধন ঋণাত্মক। ব্যাংকটির মোট ঋণের ৯২ শতাংশ খেলাপি। সুদ আয়ও ঋণাত্মক এবং তারল্য পরিস্থিতি সংকটাপন্ন। আর্থিক সক্ষমতার প্রায় সব সূচকে নাজুক অবস্থায় থাকা ব্যাংকটির স্বল্প সময়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও কম। আরটিভি/এসআর  
পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো কেন্দ্রীয় ব্যাংক
সিসিটিতে শেষ হলো সাইফ পাওয়ারটেকের ছয় বছরের অধ্যায়, নতুন অপারেটর এভারেস্ট
চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় সাইফ পাওয়ারটেক লিমিটেডের ছয় বছরের অধ্যায়ের অবসান ঘটেছে। টার্মিনালটির নতুন অপারেটর হিসেবে আগামী ছয় মাসের জন্য দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। 
সিসিটিতে শেষ হলো সাইফ পাওয়ারটেকের ছয় বছরের অধ্যায়, নতুন অপারেটর এভারেস্ট
সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।
সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ।
ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা