ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিটিতে শেষ হলো সাইফ পাওয়ারটেকের ছয় বছরের অধ্যায়, নতুন অপারেটর এভারেস্ট

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় সাইফ পাওয়ারটেক লিমিটেডের ছয় বছরের অধ্যায়ের অবসান ঘটেছে। টার্মিনালটির নতুন অপারেটর হিসেবে আগামী ছয় মাসের জন্য দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।

সোমবার (২৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনের পর মধ্যরাত থেকেই নতুন অপারেটরের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবালয়ের চবক শাখার সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিসিটি এলাকায় কনটেইনার ও কনটেইনারজাত কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে ২৪ নভেম্বর থেকে পরবর্তী ছয় মাসের জন্য অপারেটর নিয়োগ দেওয়া হলো।

বন্দর সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) সিসিটি পরিচালনার বিজ্ঞপ্তি প্রকাশ করে বন্দর কর্তৃপক্ষ। ১৮ নভেম্বর দরপত্র কেনা এবং ১৯ নভেম্বর দুপুর ১২টার মধ্যে জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। মাত্র দুই দিনের এই প্রক্রিয়ায় চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।

এর মধ্যে সবচেয়ে কম ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা দর প্রস্তাব করে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। এ ছাড়া বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ৪২ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা দর দেয়।

সর্বনিম্ন দরদাতা এভারেস্ট পোর্ট সার্ভিসেসের মালিক লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনার দায়িত্বে রয়েছে। অন্যদিকে, দরপত্রে অংশ নেওয়া শামীম এন্টারপ্রাইজ ও দ্য সিভিল ইঞ্জিনিয়ার্সের বিরুদ্ধে বাধ্যতামূলক ৫০ লাখ টাকার নিরাপত্তা জামানত জমা না দেওয়া এবং কনটেইনার হ্যান্ডলিংয়ের পূর্ব অভিজ্ঞতা না থাকার বিষয়টিও আলোচনায় এসেছে।

দ্রুততম সময়ে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে আপত্তি তুলেছে বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া)। সংগঠনটির সভাপতি ফজলে একরাম চৌধুরী অভিযোগ করেন, সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী সীমিত দরপত্র পদ্ধতিতে ১৪ দিন সময় দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। ১৮ নভেম্বর খবর পেয়ে ১৯ নভেম্বরের মধ্যে কাগজপত্র গুছিয়ে দরপত্রে অংশ নেওয়া অসম্ভব ছিল বলে বন্দরের অনেক অপারেটরই প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।

দরপত্রে অংশ নিতে না পারার অভিযোগ তুলেছে বিদায়ী অপারেটর সাইফ পাওয়ারটেকও। প্রতিষ্ঠানটির দাবি, ১৮ নভেম্বর আবেদন করলেও দাপ্তরিক প্রক্রিয়া ও ব্যাংক লেনদেনের সময় শেষ হয়ে যাওয়ায় তারা শিডিউল কিনতে পারেনি। এ বিষয়ে সময়সীমা ১০ দিন বাড়ানোর আবেদন করলেও বন্দর কর্তৃপক্ষ সাড়া দেয়নি।

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, পিপিআর অনুসরণ করেই দরপত্র আহ্বান করা হয়েছে এবং বন্দর সদস্যের (প্রকৌশল) নেতৃত্বে সাত সদস্যের মূল্যায়ন কমিটির সুপারিশে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। তিনি বলেন, গত ২ নভেম্বর সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাদের তিন সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল, যা সোমবার শেষ হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই টার্মিনাল যাতে অচল হয়ে না পড়ে, সে জন্য সরকারের নির্দেশনায় দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং এখানে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য, ৪৫০ মিটার দৈর্ঘ্যের সিসিটি জেটিতে একই সময়ে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানামা করা যায়। গত ছয় বছর ধরে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পাকিস্তান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে টিসিবি ও পাকিস্তানের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক সই হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উপস্থিত থাকার কথা রয়েছে।  এ ছাড়াও সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দারের সই করার কথা রয়েছে। এ বিষয়ে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, এই এমওইউ মূলত দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে করা হচ্ছে। এই এমওইউর অধীনে দুই দেশ কৃষিপণ্য ও কৃষি যন্ত্রপাতি আমদানি-রপ্তানি করবে। তবে এই আমদানি-রপ্তানি অবশ্যই প্রতিযোগিতামূলক মূল্যে হবে। টিসিবির চেয়ারম্যান জানান, পাকিস্তান তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও সার রপ্তানির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে সূর্যমুখী তেল, রাইস ব্র্যান অয়েল, আম, আনারস, কাঁঠাল, আলু ও চা রপ্তানির পরিকল্পনা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে মসুর ডাল, ছোলা ও খেজুর আমদানির বিষয়টি প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছে। তবে কী পরিমাণ পণ্য আমদানি করা হবে, কী দামে কেনা হবে এবং সরবরাহের সময়সূচি কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব পণ্য আমদানির ক্ষেত্রে দুই দেশের রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের পরিকল্পনা করেছে টিসিবি। এর মধ্যে রয়েছে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা ও ৪ হাজার ৪০০ টন খেজুর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এসব পণ্যের প্রায় ৫০ শতাংশ স্থানীয় বাজার থেকে এবং বাকি ৫০ শতাংশ আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম ও সরবরাহ পরিস্থিতি অনুকূলে থাকলে বিদেশ থেকে পণ্য কেনার পরিমাণ বাড়ানোর সুযোগও রয়েছে। আরটিভি/এসআর
নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে পাকিস্তানের টিসিপির সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে টিসিবি
বিশ্ব বাজারে আবারও কমল সোনার দাম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়াতে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে সোনার দাম। সুদের হার বৃদ্ধির সম্ভাবনায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় মূল্যবান এই ধাতুর বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।
বিশ্ব বাজারে আবারও কমল সোনার দাম
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন
রোজার আগে ভোজ্যতেলের দাম ১৪ টাকা বাড়ানোর পাঁয়তারা ব্যয়সায়ীদের
রমজানের আগে দেশের বাজারে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকেরা। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের উচ্চমূল্য, আমদানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
রোজার আগে ভোজ্যতেলের দাম ১৪ টাকা বাড়ানোর পাঁয়তারা ব্যয়সায়ীদের
সোনার দাম আরও বাড়ল
দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে গতকাল ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ৩ হাজার ১৪৯ টাকা। তার আগে আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩৪ হাজার ৬৯০ টাকা। এই দাম কমানোর পর এখন দু’দফায় সোনার দাম বাড়ানো হলো। এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা। এর আগে ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হবে। সোনার গহনার দাম বাড়ানো হলেও এখন রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আরটিভি/এমএ
সোনার দাম আরও বাড়ল
আরও পড়ুন
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হবে চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র
চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনকে নিয়োগ, করা যাবে অষ্টম শ্রেণি পাসেও আবেদন