
দেশের ব্যবসা-বাণিজ্যে এমনিতেই চলছে মন্দাভাব। বিনিয়োগে ধীরগতি, উচ্চ সুদহার, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক-অর্থনৈতিক অনিশ্চয়তায় চাপে রয়েছেন উদ্যোক্তারা। এর মধ্যে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব এবং প্রায় ১০০ ব্যক্তির হিসাব জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ব্যবসায়ী মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
গত ৪ নভেম্বর এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল বিভিন্ন ব্যাংকে এ বিষয়ে চিঠি পাঠায়। এনবিআর কর্মকর্তাদের ভাষ্য, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় সাবেক আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যবসায়ীদের নামও রয়েছে।
তালিকায় মণ্ডল, ওয়েল, এনভয়, স্ট্যান্ডার্ড, তুসুকা, নিপা ও গিভেন্সি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। মণ্ডল গ্রুপের ২৮টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। পাশাপাশি গ্রুপটির চেয়ারম্যান আবদুল মমিন মণ্ডল ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল আলিম মণ্ডলসহ কয়েকজনের হিসাব জব্দ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে গ্রুপটি প্রায় ৫৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। প্রতিষ্ঠানটিতে কাজ করেন প্রায় ৫০ হাজার শ্রমিক।
ব্যবসায়ীদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতা বা অতীতের ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে ঢালাওভাবে ব্যাংক হিসাব জব্দ করা হলে নিরপরাধ উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হন। এতে ঋণপত্র খোলা, ব্যাংকঋণ ব্যবহার, শ্রমিকদের বেতন পরিশোধসহ স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়।
এ পরিস্থিতিতে সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, শ্রমিক অসন্তোষে ইন্ধন বা অর্থায়নের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া কোনো কারখানা মালিক বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ না করার অনুরোধ জানানো হয়েছে।
আলোচনার পর শেলটেক গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, মণ্ডল গ্রুপ ও এনভয় গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবমুক্ত করেছে এনবিআর। তবে কিছু ব্যক্তির হিসাব এখনও জব্দ রয়েছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের লেনদেনের তথ্য চেয়ে তদন্ত চলছে।
উদ্যোক্তাদের আশঙ্কা, ব্যাংক হিসাব খুলে দেওয়া হলেও এ ধরনের ঘটনা বিদেশি ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। ফলে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি নিয়ে উদ্বেগ কাটছে না তাদের।
আরটিভি/জেএমএ




