-1794795070-415976_1794795100.jpg)
দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ শনিবার (১৪ নভেম্বর) সোনার নতুন দাম নির্ধারণ করে। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।
এ নিয়ে পাঁচ দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে মোট ১২ হাজার ৭১ টাকা।
সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, নতুন কোনো ঘোষণা না আসায় সোমবার (১৬ নভেম্বর) দেশের বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে সোনা।
বাজুসের মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এদিকে, সোনার দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
বাজুসের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।
আরটিভি/এসকে


