ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। এসময় আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলে মন্তব্য করেন।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ২য় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের পাশাপাশি শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা সমান গুরুত্ব পাবে। প্রতিটি শ্রমিক যেন দিন শেষে সুস্থ ও নিরাপদে তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন।’

শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আজকের এই শ্রমিক-মালিকের মিলনমেলায় আগামী বছর আমি শ্রমিক ও মালিকদের মধ্যে একটি ভালো সম্পর্ক দেখতে চাই।

মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশাবাদ ব্যক্ত করে আরিফুল হক চৌধুরী বলেন, আমি আশা করব, এই মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা, আমাদের শিল্পমালিকদের প্রত্যাশা এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে।

দেশে চলমান ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের এই দেশের ভেতরে যে ধরনের ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে জনগণ সচেতন আছেন। শ্রমিক ও মালিকদের প্রতিও আমরা অনুরোধ করব, আপনারাও যেন সজাগ থাকেন। আমরা সকলে সজাগ থাকলে এ ধরনের দুর্বৃত্তায়ন থেকে রক্ষা পাব।

তিনি বলেন, শ্রমিকদের কল্যাণের স্বার্থে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ছয়টি ১০০ বেডের হাসপাতাল করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে হাসপাতাল নির্মাণের জন্য জমি দেখার কার্যক্রম শুরু হয়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই এসব হাসপাতালের কার্যক্রম শুরু করব।

বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, আমার মনে হয়, বর্তমান সরকার অত্যন্ত শ্রমিকবান্ধব সরকার। আমরা আশা করি, শ্রমিক ও মালিক মিলে এ দেশের শিল্পে একটি আমূল পরিবর্তন আনব।

সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার,আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এম্প্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা
দেশের বাজারে টানা দরপতনের কারণে ১৪ মাস পর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ টাকার নিচে নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ও বিভিন্ন দেশের কর-শুল্কের হিসাব বলছে, বিশ্বের বেশ কয়েকটি দেশে বাংলাদেশের তুলনায় কম খরচে সোনা কেনার সুযোগ রয়েছে। বিনিয়োগের জন্য সোনার বার ও কয়েনের ওপর কর ও আমদানি শুল্ক না থাকায় এসব দেশে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে সোনা পাওয়া যায়। এমন ৭টি দেশে প্রতি ভরি সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার মূল দাম সব দেশেই প্রায় একই। তবে আমদানি শুল্ক, ভ্যাট, বিক্রয়কর, মুদ্রার বিনিময় হার এবং স্থানীয় বাজারের অতিরিক্ত খরচের কারণে একেক দেশে সোনার চূড়ান্ত দামে পার্থক্য তৈরি হয়। দেশভিত্তিক কর ও শুল্কের তুলনামূলক তথ্য অনুযায়ী, ৩০ দেশে বিনিয়োগের জন্য সোনার বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট বা আমদানি শুল্ক নেই। এসব দেশে সোনা কিনতে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে মূলত বিক্রেতার মুনাফা বা অতিরিক্ত প্রিমিয়াম যোগ হয়। করমুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত স্বর্ণ কেনার জন্য বিশ্বের অন্যতম পরিচিত গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এখানে আন্তর্জাতিক বাজারদরের চেয়ে কম দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৫৬ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। হংকং হংকংয়ে স্বর্ণ কেনার ক্ষেত্রে ভ্যাট বা বিক্রয়কর নেই। এ কারণে বিনিয়োগের জন্য স্বর্ণের বার ও কয়েন কেনা তুলনামূলক সাশ্রয়ী। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৮৯০ টাকা। সিঙ্গাপুর সিঙ্গাপুরে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো জিএসটি বা আমদানি শুল্ক নেই। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ রয়েছে। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। সুইজারল্যান্ড বিনিয়োগযোগ্য স্বর্ণের বার ও কয়েনের ওপর কোনো ভ্যাট নেই সুইজারল্যান্ডে। ফলে আন্তর্জাতিক বাজারের দামের কাছাকাছি স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ১২২ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ৮ দশমিক ১ শতাংশ ভ্যাট রয়েছে। যুক্তরাজ্য যুক্তরাজ্যে বিনিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতার স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। এ কারণে স্বর্ণের বিনিয়োগকারীরা আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে স্বর্ণ কেনার সুযোগ পান। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম এখানেও ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উপযোগী স্বর্ণের বার ও কয়েনের ওপর সাধারণভাবে কোনো কেন্দ্রীয় বিক্রয়কর নেই। তবে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের নিয়ম অনুযায়ী বিক্রয়কর প্রযোজ্য হতে পারে। আন্তর্জাতিক বাজারদরের হিসাবে প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৫ হাজার ৬৮ টাকা। জার্মানি জার্মানিতে বিনিয়োগের জন্য নির্ধারিত স্বর্ণের বার ও কয়েন ভ্যাটমুক্ত। ফলে আন্তর্জাতিক বাজারদরের কাছাকাছি দামে ২৪ ক্যারেট স্বর্ণ কেনা যায়। প্রতি ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ লাখ ৬৪ হাজার ৯৩৮ টাকা। তবে গয়না কেনার ক্ষেত্রে ১৯ শতাংশ ভ্যাট প্রযোজ্য। তবে কোনো দেশে স্বর্ণের দাম কম হলেই সেখানে গিয়ে কেনা লাভজনক হবে, এমন নয়। আন্তর্জাতিক বাজারদর, স্থানীয় কর, গয়না তৈরির মজুরি, মুদ্রার বিনিময় হার এবং নিজ দেশে স্বর্ণ আনার ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক—সবকিছু হিসাবে আসবে। সেই হিসেবে দাম কম মনে হলেও দেশে আনার ক্ষেত্রে তা বেড়ে যেতে পারে।  আরটিভি/টিআর
যে ৭ দেশ থেকে সস্তায় কিনতে পারবেন সোনা
রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা
বাংলাদেশের প্রবাসী আয়ের উৎসে বৈচিত্র্য আসছে। মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশ থেকেও বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। 
রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা
পদে পদে বাধার মুখে তরুণ উদ্যোক্তারা, যা বলছে গবেষণা
ব্যবসা শুরু করতে গিয়ে ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে নানা বাধার মুখে পড়ছেন তরুণ উদ্যোক্তারা। সরকারি দপ্তর থেকে সেবা নিতে গিয়ে ঘুষ ও দীর্ঘসূত্রতার অভিজ্ঞতা হয়েছে ৮০ শতাংশ তরুণের। 
পদে পদে বাধার মুখে তরুণ উদ্যোক্তারা, যা বলছে গবেষণা
নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক
খাতভিত্তিক খেলাপি ঋণের হারে এমনিতেই শীর্ষে রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প। এর ওপর চলমান শ্রমিক আন্দোলন সেই উদ্বেগ ও শঙ্কাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কারখানাগুলোতে স্বাভাবিক লেনদেন কমতে শুরু করেছে, আর উৎপাদন ও রপ্তানি খাতে তৈরি হচ্ছে অনিশ্চয়তা।  এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন উদ্যোক্তারা। বিশ্লেষকদের মতে, সংকটের দ্রুত সমাধান না হলে পুরো অর্থনীতি আরও বড় ঝুঁকিতে পড়বে। দেশের পোশাক খাতে একসময় শক্ত অবস্থানে ছিল চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান এজেআই গ্রুপ। তবে ব্যাংক থেকে নেওয়া মোটা অঙ্কের ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি খেলাপিতে পরিণত হয়েছে। এতে ১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান ও রুটি-রুজির এই উৎস এখন বন্ধ হওয়ার ঝুঁকিতে। সম্প্রতি প্রায় ২০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এজেআই গ্রুপকে আইনি নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক। পাশাপাশি বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শুধু এজেআই গ্রুপই নয়; পরিবেশবান্ধব বা ‘সবুজ কারখানা’ হিসেবে বিশ্বজুড়ে সুনাম কুড়ানো প্লামি ফ্যাশনসও একই সংকটের মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বর্তমানে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বহু উদ্যোক্তা ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়বেন। ব্যাংক ও রপ্তানিতে নিবিড় প্রভাব দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে পোশাক খাত থেকে। পাশাপাশি দেশের মোট আমদানিরও বড় একটি অংশ এই খাতের উদ্যোক্তাদের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে বস্ত্র ও তৈরি পোশাক খাতের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল শেষে বস্ত্র ও পোশাক খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে ৩১ শতাংশ ঋণই খেলাপি। এতে ব্যাংকিং খাত এমনিতেই চাপে রয়েছে; চলমান সংকট দীর্ঘায়িত হলে ব্যাংক ও উদ্যোক্তা—উভয় পক্ষই আরও বড় বিপাকে পড়বে। উৎপাদন খরচ বৃদ্ধি ও কমদামি পণ্যের চাপ বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়েছে। তার ভাষায়, আমাদের উৎপাদন খরচ বেড়েছে। তেলের মূল্য বেড়েছে ৪৩%, গ্যাসের মূল্য বেড়েছে ৩১%, পোর্টের খরচ বেড়েছে। আবার এখন শ্রমের মূল্যের ওপর একটা প্রেসার। আমরা তো লস দিয়ে আর ফ্যাক্টরি চালাতে পারবো না বা লস দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে পারবো না। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি কিছুটা বাড়লেও এর বড় অংশই এসেছে কমদামি পণ্য থেকে, যেখানে মুনাফার হার নামমাত্র। এতে করে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতা ক্রমেই কমে আসছে। দৈনিক বন্ধ অন্তত ২০০ কারখানা, সমাধানের পথ কী? বিজিএমইএর হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন গড়ে অন্তত ২০০টি কারখানা বন্ধ থাকছে। এমন প্রেক্ষাপটে অর্থনীতি ও শিল্প বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নীতিগত ও আর্থিক সহায়তা দিলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আরটিভি/এসআর
নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক
পুরোনো সোনা বিক্রি ও বদলে নতুন নিয়ম!
পুরোনো সোনা বিক্রি ও বদলের নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। বাজুসের নোটিশ অনুযায়ী, ২২ নভেম্বর থেকে পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং ক্রেতার কাছ থেকে পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। বিনিময় এবং বিক্রি এক বিষয় নয়। বিনিময়ে পুরোনো গহনার হিসাব নতুন গহনা কেনার সঙ্গে সমন্বয় হয়। আর বিক্রির ক্ষেত্রে দোকান পুরোনো গহনা কিনে নেয়। তাই দুই লেনদেনে কর্তনের হারও আলাদা। সহজভাবে বললে, পুরোনো গহনা বদলে নতুন গহনা নিলে হিসাবের ক্ষেত্রে ৯ শতাংশ কর্তন হবে। আর পুরোনো গহনা দোকানে বিক্রি করলে প্রযোজ্য হিসাব থেকে ১৫ শতাংশ বাদ যাবে। তবে প্রকৃত মূল্য নির্ভর করবে সোনার বিশুদ্ধতা, ওজন, যাচাই এবং দোকানের হিসাবের ওপর। আগের নিয়মের সঙ্গে নতুন নিয়মের পার্থক্য ২০২৩ সালের বাজুস নির্দেশনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে পুরোনো সোনা বিনিময়ে ১০ শতাংশ এবং ক্রেতার কাছ থেকে পুরোনো সোনা কেনায় ২০ শতাংশ কর্তনের কথা বলা হয়েছিল। পরে ২০২৪ সালের মে মাসে প্রকাশিত প্রতিবেদনে বিনিময়ে ১০ শতাংশ এবং পুরোনো সোনা কেনায় ১৫ শতাংশ কর্তনের হার উল্লেখ করা হয়।  এবার ২০২৬ সালের ২২ নভেম্বরের নোটিশে এই বিক্রি ও বিনিময়ের হার হয়েছে যথাক্রমে ৯ শতাংশ ও ১৫ শতাংশ। অর্থাৎ ২০২৪ সালের হারের তুলনায় বিনিময়ে কর্তন ১০ শতাংশ থেকে কমে ৯ শতাংশ হয়েছে। পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশের হার অপরিবর্তিত রয়েছে। ২০২৩ সালের প্রতিবেদনের সঙ্গে তুলনা করলে পুরোনো সোনা কেনার কর্তন ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নেমেছে। নতুন নিয়মে ক্রেতার সুবিধা বিনিময়ে কর্তন ১০ শতাংশ থেকে ৯ শতাংশ হওয়ায় পুরোনো গহনা বদলে নতুন গহনা নিতে গেলে আগের তুলনায় সামান্য বেশি মূল্য সমন্বয়ের সুযোগ তৈরি হতে পারে। উদাহরণ হিসেবে, একই মূল্যায়ন ধরে ১ লাখ টাকার গহনায় ১০ শতাংশের বদলে ৯ শতাংশ কর্তন হলে ১ হাজার টাকা কম বাদ যাবে। পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তন বজায় থাকায় এ অংশে ২০২৪ সালের তুলনায় নতুন কোনো ছাড় যোগ হয়নি। তবে ২০২৩ সালের ২০ শতাংশ হারের সঙ্গে তুলনায় কর্তন কম। নিয়মের হার স্পষ্টভাবে জানা থাকলে ক্রেতা দোকানের হিসাব যাচাই করতে পারেন এবং বিনিময় ও বিক্রির পার্থক্য বুঝতে পারেন। সোনার গহনা বিক্রি ও বিনিময়ের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার কর্তনের হার জানা থাকলেও সেটিই একমাত্র হিসাব নয়। পুরোনো গহনার প্রকৃত ওজন এবং সোনার বিশুদ্ধতা যাচাইয়ের পর মূল্য নির্ধারিত হয়। গহনায় পাথর বা অন্য উপাদান থাকলে সেগুলোর ওজন কীভাবে হিসাব করা হচ্ছে, তা জেনে নেওয়া উচিত। একই গহনা একাধিক দোকানে দেখালে মূল্যায়ন ও হাতে পাওয়া টাকার হিসাব তুলনা করা সহজ হয়। রসিদ বা পুরোনো ক্রয়-সংক্রান্ত কাগজ থাকলে সঙ্গে রাখা উচিত। লেনদেনের আগে কর্তনের হার এবং চূড়ান্ত সমন্বয়ের পরিমাণ লিখিতভাবে বুঝে নেওয়াও ভালো। আরটিভি/এসএইচএম
পুরোনো সোনা বিক্রি ও বদলে নতুন নিয়ম!
আরও পড়ুন
শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর