ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদে পদে বাধার মুখে তরুণ উদ্যোক্তারা, যা বলছে গবেষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম
ছবি: সংগৃহীত

ব্যবসা শুরু করতে গিয়ে ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে নানা বাধার মুখে পড়ছেন তরুণ উদ্যোক্তারা। সরকারি দপ্তর থেকে সেবা নিতে গিয়ে ঘুষ ও দীর্ঘসূত্রতার অভিজ্ঞতা হয়েছে ৮০ শতাংশ তরুণের।

অন্যদিকে, ব্যাংকঋণ পেতে জমির দলিল ও জামানতের শর্ত পূরণ করতে না পারায় পুঁজি সংগ্রহেও সমস্যায় পড়ছেন নতুন উদ্যোক্তারা। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।

গবেষণায় অংশ নেওয়া তরুণদের ৮০ শতাংশ জানিয়েছেন, সরকারি সেবা নিতে গিয়ে তারা বিলম্ব কিংবা ঘুষের মতো অনানুষ্ঠানিক লেনদেনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সরকারি কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে কাজ খুঁজে পান মাত্র ৪ শতাংশ তরুণ।

গবেষণায় অংশ নেওয়া ৭০ শতাংশ নিয়োগকর্তা ও উদ্যোক্তার মতে, ক্ষুদ্রঋণের পরিমাণ ব্যবসার প্রয়োজনের তুলনায় কম। অন্যদিকে, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে জমির দলিল ও জামানতের শর্ত পূরণ করতে হয়। নতুন উদ্যোক্তাদের অনেকের পক্ষে এসব শর্ত পূরণ করা কঠিন।

বিশেষ করে ফ্রিল্যান্সারদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্জিত আয় অনেক ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে যথাযথভাবে বিবেচনা করে না। ফলে আয় থাকা সত্ত্বেও তাদের ঋণ পেতে সমস্যা হচ্ছে।

নারী উদ্যোক্তাদের ক্ষেত্রেও ঋণপ্রাপ্তির বাধা রয়েছে। তাদের জন্য বিশেষ ঋণে ৪ শতাংশ সুদের সুবিধা থাকলেও স্বামীর স্বাক্ষর ও জমির দলিলের মতো শর্তের কারণে অনেক নারী উদ্যোক্তা এ সুবিধা নিতে পারছেন না।

গবেষণায় বলা হয়েছে, ব্যাংকঋণ, ব্যবসার লাইসেন্স ও সরকারি সেবা পেতে বিভিন্ন ধরনের প্রশাসনিক ও আর্থিক প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তরুণেরা। সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ ও দীর্ঘসূত্রতা এবং ঋণ পেতে জামানতের শর্ত তাদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সীমিত করছে। অন্যদিকে, সরকারি কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে কাজ খুঁজে পাওয়ার হারও খুব কম।

গবেষণার ফলাফল তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহযোগী নামিরা শামীম। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত এ গবেষণায় যুক্ত ছিলেন সৈয়দ এম. হাসেমীও।

গবেষণার ফল প্রসঙ্গে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সুযোগ তৈরি হলেও তা বাস্তব ফলে রূপ নিচ্ছে না। সংস্কারের কেন্দ্রে মেসো-অর্থনীতিকে স্থান দিতে হবে। স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আঞ্চলিক অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক
খাতভিত্তিক খেলাপি ঋণের হারে এমনিতেই শীর্ষে রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প। এর ওপর চলমান শ্রমিক আন্দোলন সেই উদ্বেগ ও শঙ্কাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কারখানাগুলোতে স্বাভাবিক লেনদেন কমতে শুরু করেছে, আর উৎপাদন ও রপ্তানি খাতে তৈরি হচ্ছে অনিশ্চয়তা।  এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন উদ্যোক্তারা। বিশ্লেষকদের মতে, সংকটের দ্রুত সমাধান না হলে পুরো অর্থনীতি আরও বড় ঝুঁকিতে পড়বে। দেশের পোশাক খাতে একসময় শক্ত অবস্থানে ছিল চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান এজেআই গ্রুপ। তবে ব্যাংক থেকে নেওয়া মোটা অঙ্কের ঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটি খেলাপিতে পরিণত হয়েছে। এতে ১২ হাজার শ্রমিকের কর্মসংস্থান ও রুটি-রুজির এই উৎস এখন বন্ধ হওয়ার ঝুঁকিতে। সম্প্রতি প্রায় ২০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে এজেআই গ্রুপকে আইনি নোটিশ পাঠিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক। পাশাপাশি বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শুধু এজেআই গ্রুপই নয়; পরিবেশবান্ধব বা ‘সবুজ কারখানা’ হিসেবে বিশ্বজুড়ে সুনাম কুড়ানো প্লামি ফ্যাশনসও একই সংকটের মুখে পড়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বর্তমানে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বহু উদ্যোক্তা ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়বেন। ব্যাংক ও রপ্তানিতে নিবিড় প্রভাব দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে পোশাক খাত থেকে। পাশাপাশি দেশের মোট আমদানিরও বড় একটি অংশ এই খাতের উদ্যোক্তাদের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে বস্ত্র ও তৈরি পোশাক খাতের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল শেষে বস্ত্র ও পোশাক খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে ৩১ শতাংশ ঋণই খেলাপি। এতে ব্যাংকিং খাত এমনিতেই চাপে রয়েছে; চলমান সংকট দীর্ঘায়িত হলে ব্যাংক ও উদ্যোক্তা—উভয় পক্ষই আরও বড় বিপাকে পড়বে। উৎপাদন খরচ বৃদ্ধি ও কমদামি পণ্যের চাপ বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়েছে। তার ভাষায়, আমাদের উৎপাদন খরচ বেড়েছে। তেলের মূল্য বেড়েছে ৪৩%, গ্যাসের মূল্য বেড়েছে ৩১%, পোর্টের খরচ বেড়েছে। আবার এখন শ্রমের মূল্যের ওপর একটা প্রেসার। আমরা তো লস দিয়ে আর ফ্যাক্টরি চালাতে পারবো না বা লস দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে পারবো না। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি কিছুটা বাড়লেও এর বড় অংশই এসেছে কমদামি পণ্য থেকে, যেখানে মুনাফার হার নামমাত্র। এতে করে উদ্যোক্তাদের ঋণ পরিশোধের সক্ষমতা ক্রমেই কমে আসছে। দৈনিক বন্ধ অন্তত ২০০ কারখানা, সমাধানের পথ কী? বিজিএমইএর হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন গড়ে অন্তত ২০০টি কারখানা বন্ধ থাকছে। এমন প্রেক্ষাপটে অর্থনীতি ও শিল্প বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নীতিগত ও আর্থিক সহায়তা দিলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আরটিভি/এসআর
নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক
পুরোনো সোনা বিক্রি ও বদলে নতুন নিয়ম!
পুরোনো সোনা বিক্রি ও বদলের নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। বাজুসের নোটিশ অনুযায়ী, ২২ নভেম্বর থেকে পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং ক্রেতার কাছ থেকে পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। বিনিময় এবং বিক্রি এক বিষয় নয়। বিনিময়ে পুরোনো গহনার হিসাব নতুন গহনা কেনার সঙ্গে সমন্বয় হয়। আর বিক্রির ক্ষেত্রে দোকান পুরোনো গহনা কিনে নেয়। তাই দুই লেনদেনে কর্তনের হারও আলাদা। সহজভাবে বললে, পুরোনো গহনা বদলে নতুন গহনা নিলে হিসাবের ক্ষেত্রে ৯ শতাংশ কর্তন হবে। আর পুরোনো গহনা দোকানে বিক্রি করলে প্রযোজ্য হিসাব থেকে ১৫ শতাংশ বাদ যাবে। তবে প্রকৃত মূল্য নির্ভর করবে সোনার বিশুদ্ধতা, ওজন, যাচাই এবং দোকানের হিসাবের ওপর। আগের নিয়মের সঙ্গে নতুন নিয়মের পার্থক্য ২০২৩ সালের বাজুস নির্দেশনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে পুরোনো সোনা বিনিময়ে ১০ শতাংশ এবং ক্রেতার কাছ থেকে পুরোনো সোনা কেনায় ২০ শতাংশ কর্তনের কথা বলা হয়েছিল। পরে ২০২৪ সালের মে মাসে প্রকাশিত প্রতিবেদনে বিনিময়ে ১০ শতাংশ এবং পুরোনো সোনা কেনায় ১৫ শতাংশ কর্তনের হার উল্লেখ করা হয়।  এবার ২০২৬ সালের ২২ নভেম্বরের নোটিশে এই বিক্রি ও বিনিময়ের হার হয়েছে যথাক্রমে ৯ শতাংশ ও ১৫ শতাংশ। অর্থাৎ ২০২৪ সালের হারের তুলনায় বিনিময়ে কর্তন ১০ শতাংশ থেকে কমে ৯ শতাংশ হয়েছে। পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশের হার অপরিবর্তিত রয়েছে। ২০২৩ সালের প্রতিবেদনের সঙ্গে তুলনা করলে পুরোনো সোনা কেনার কর্তন ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নেমেছে। নতুন নিয়মে ক্রেতার সুবিধা বিনিময়ে কর্তন ১০ শতাংশ থেকে ৯ শতাংশ হওয়ায় পুরোনো গহনা বদলে নতুন গহনা নিতে গেলে আগের তুলনায় সামান্য বেশি মূল্য সমন্বয়ের সুযোগ তৈরি হতে পারে। উদাহরণ হিসেবে, একই মূল্যায়ন ধরে ১ লাখ টাকার গহনায় ১০ শতাংশের বদলে ৯ শতাংশ কর্তন হলে ১ হাজার টাকা কম বাদ যাবে। পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ কর্তন বজায় থাকায় এ অংশে ২০২৪ সালের তুলনায় নতুন কোনো ছাড় যোগ হয়নি। তবে ২০২৩ সালের ২০ শতাংশ হারের সঙ্গে তুলনায় কর্তন কম। নিয়মের হার স্পষ্টভাবে জানা থাকলে ক্রেতা দোকানের হিসাব যাচাই করতে পারেন এবং বিনিময় ও বিক্রির পার্থক্য বুঝতে পারেন। সোনার গহনা বিক্রি ও বিনিময়ের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার কর্তনের হার জানা থাকলেও সেটিই একমাত্র হিসাব নয়। পুরোনো গহনার প্রকৃত ওজন এবং সোনার বিশুদ্ধতা যাচাইয়ের পর মূল্য নির্ধারিত হয়। গহনায় পাথর বা অন্য উপাদান থাকলে সেগুলোর ওজন কীভাবে হিসাব করা হচ্ছে, তা জেনে নেওয়া উচিত। একই গহনা একাধিক দোকানে দেখালে মূল্যায়ন ও হাতে পাওয়া টাকার হিসাব তুলনা করা সহজ হয়। রসিদ বা পুরোনো ক্রয়-সংক্রান্ত কাগজ থাকলে সঙ্গে রাখা উচিত। লেনদেনের আগে কর্তনের হার এবং চূড়ান্ত সমন্বয়ের পরিমাণ লিখিতভাবে বুঝে নেওয়াও ভালো। আরটিভি/এসএইচএম
পুরোনো সোনা বিক্রি ও বদলে নতুন নিয়ম!
পদ্মের ডাঁটা থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের ‘লোটাস সিল্ক’, রপ্তানিতে বিশাল সম্ভাবনা
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে প্রায় ৬০০ একরজুড়ে বিস্তৃত চাপাইবিল (স্থানীয়ভাবে হরাইবিল) বর্ষা মৌসুমে প্রাকৃতিক পদ্মফুলে ভরে ওঠে। এই পদ্মের ডাঁটা থেকে সংগৃহীত সূক্ষ্ম তন্তু দিয়ে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম দামি সুতা ‘লোটাস সিল্ক’, যা স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পদ্ম গবেষক শিকদার আবুল কালাম শামসুদ্দিনের উদ্যোগে এখানে লোটাস সিল্ক তৈরির গবেষণা ও স্থানীয় নারীদের প্রশিক্ষণ শুরু হয়। পদ্মের ডাঁটা ভাঁজ করে বের করা সূক্ষ্ম ও আঠালো তন্তু হাতের সাহায্যে পাকিয়ে মসলিনের মতো মিহি সুতা তৈরি করা হয়। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, আন্তর্জাতিক বাজারে এক কেজি লোটাস সুতার দাম ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪ লাখ ২৭ হাজার টাকা। এ ছাড়া প্রতি গজ কাপড়ের দাম হতে পারে ১ হাজার ডলার পর্যন্ত। লোটাস সিল্কের তৈরি একটি শাড়ি বিক্রি হয় ১০ লাখ টাকার বেশি দামে। আর এ সুতায় তৈরি পোশাকের দাম প্রায় ৫ লাখ টাকা। এমন উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সম্ভাবনা থাকলেও চাপাইবিলে এখনো গড়ে ওঠেনি বাণিজ্যিক উৎপাদনব্যবস্থা। সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিনেও প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় সম্ভাবনাময় এ উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। শুরুতে বিলের সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কায় স্থানীয়রা এতে আপত্তি জানালেও বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এর অর্থনৈতিক সুফল নিতে সবাই আগ্রহী। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এখনো এখানে বাণিজ্যিক উৎপাদন শুরু করা যায়নি। সম্প্রতি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বিলটি পরিদর্শন করে বিশ্বদরবারে দেশীয় এই শিল্পকে তুলে ধরার এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার আশাবাদ ব্যক্ত করেছেন।  স্থানীয়দের প্রত্যাশা, সরকারি সহযোগিতা ও নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে চাপাইবিলকে ঘিরে নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি একটি লাভজনক রপ্তানিমুখী শিল্প গড়ে উঠবে। আরটিভি/এসআর
পদ্মের ডাঁটা থেকে তৈরি হচ্ছে বিশ্বমানের ‘লোটাস সিল্ক’, রপ্তানিতে বিশাল সম্ভাবনা
টানা ৯ পতনে দেশে সোনার ভরি এখন দুই লাখের নিচে!
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।
টানা ৯ পতনে দেশে সোনার ভরি এখন দুই লাখের নিচে!
আরও কমে যেতে পারে সোনার দাম!
১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ৮ দফা কমেছে দাম। টানা এই দরপতন শুরুর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা; অর্থাৎ এখনকার চেয়ে প্রায় ২৮ হাজার ৫১৮ টাকা বেশি। দেশের বাজারে সবশেষ ১৩ মাস আগে এমন দাম ছিল সোনার।
আরও কমে যেতে পারে সোনার দাম!
আরও পড়ুন
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইয়ুথ অব দ্য ইয়ার ২০২৬’ হলেন বাংলাদেশের ফাতিহা আয়াত
তরুণ প্রজন্মের উচিত মাওলানা ভাসানীকে অনুসরণ করা: আবু হানিফ
প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান তরুণী, ওত পেতে ছিল কিশোর