
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছর পার করেছে। বর্তমানে এখানে অনুষদ রয়েছে ৬টি। তবে এতদিন কোনো অনুষদের ডিনদের জন্য স্থায়ী অফিস ছিল না। অবশেষে এই অচলায়তন কেটেছে। প্রাথমিক ধাপে ৬টি অনুষদের মধ্যে দুটি অনুষদের ডিন অফিসের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের নিচতলায় যথাক্রমে সামজিক বিজ্ঞান ডিন অফিস ও ব্যবসায় প্রশাসন ডিনের অফিসের উদ্বোধন করা হয়।
স্থায়ী অফিস দুটির উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, যেকোনো কারণেই হোক এই বিশ্ববিদ্যালয়ে ডিন অফিসগুলো এতদিন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। কোনো ডিন অফিসও ছিল না। কিন্তু আজ দুটি নতুন ডিন অফিসের উদ্বোধন করতে পেরে এখন থেকে ডিন অফিসের কার্যক্রমগুলোতে গতিশীলতা আসবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধানসহ অন্যান্য উপস্থিত ছিলেন।




