
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষার বিদেশ কেন্দ্র থেকে মোট ২৯১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৭৯ জন এবং অনত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন। এবার মোট ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ২টি, বহিষ্কৃত পরীক্ষার্থী শূণ্য।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। আর ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। ছাত্রীদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে রয়েছেন ছাত্রীরা। এবার সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকায় বোর্ডে। পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। এ ছাড়া বরিশালে ৬২ দশমিক ৫৭ শতাংশ, রাজশাহীতে ৫৯ দশমিক ৪০ শতাংশ, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭ শতাংশ, সিলেটে ৫১ দশমিক ৮৬ শতাংশ, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ যশোরে ৫০ দশমিক ২০ শতাংশ ও কুমিল্লায় পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
আর মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক।
আরও জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ২০২৪ সালে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮টি। সে অনুযায়ী এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১ হাজার ৪৩টি। আর ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।
আরটিভি/একে




