
দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও শিক্ষার গুণগত মান উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে বলে জানিয়েছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
প্রফেসর ড. ফায়েজ বলেন, দৃঢ়চেতা ও সাহসী এই নেত্রী গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশের জনগণকে দিকনির্দেশনা দিয়েছেন। খালেদা জিয়া তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় নেতৃত্বের প্রতীক হিসেবেই চিরস্মরণীয় থাকবেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জীবনে এক অপূরণীয় ক্ষতি এবং দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতির জন্য ইউজিসির মাধ্যমে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রবর্তনের প্রস্তাব দেন।
এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
আরটিভি/এসআর




