
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর (২০২৪) পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
এদিকে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। শিক্ষার্থীরা ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য আগেই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এতে আরও জানানো হয়, পুনর্নিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমে করা যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিপরীতে পাসের হারে সবচেয়ে পেছনে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। সবচেয়ে বেশি পাস করা ঢাকা শিক্ষা রোর্ডে মোট পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। আর সবচেয়ে কম পাস করা কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, অর্থাৎ ফেল করেছেন ৪১ দশমিক ১৭ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার শূন্য। গত বছর শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি।
এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে সব দিক দিয়ে এগিয়ে ছাত্রীরা। এ বছর ছাত্রীদের পাসের হার প্রায় ৬৩ শতাংশ। আর ছাত্রদের পাসের হার প্রায় ৫৫ শতাংশ।
আরটিভি/একে




