
দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদেরকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন। এ সময় আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন চেয়ে আবেদন। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাকে হেফাজতে নেয়। এরপর ঢাবির রসায়ন বিভাগের এক ছাত্র বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন।
একাধিক শিক্ষার্থীর অভিযোগ, শিক্ষক এরশাদ হালিম বিভিন্ন অজুহাতে ছাত্রদের রুমে ডেকে নিয়ে আলো নিভিয়ে, দরজা-জানালা বন্ধ করে জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।
এর আগে, আটকের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, তাকে (ড. এরশাদ হালিমকে) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করেন না, তাই এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি।
আরটিভি/এমএ




