
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আগামী ২৯ নভেম্বরের মধ্যে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে ৩০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।
শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পরিষদের আহ্বায়কদের চারজন। তারা হলেন আবুল কাশেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি ও আনোয়ার উল্লাহ। অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি অপর আহ্বায়ক মু. মাহবুবর রহমান।
নেতারা জানান, গত ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় কিছু সিদ্ধান্ত নেওয়া হলেও তা এখনও প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়নি। দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে।
শিক্ষকদের ৩ দফা দাবি
১. দশম গ্রেডে বেতন নির্ধারণ
২. ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা
গত ৮ নভেম্বর কেন্দীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির সময় পুলিশের হামলায় আহত শিক্ষকদের জন্য রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা এবং নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে ক্ষতিপূরণ ও পূর্ণ পেনশন দেওয়ার দাবিও জানিয়েছেন শিক্ষক নেতারা।
৮ নভেম্বর থেকে সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। সেই দিনে শহীদ মিনার থেকে শাহবাগের দিকে পদযাত্রার সময় পুলিশ তাদের বাধা দেয় এবং পরে সরিয়ে দেওয়ার জন্য অ্যাকশনে যায়। শিক্ষক নেতারা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
আরটিভি/এসকে




