
অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে রোববার (২৮ ডিসেম্বর) থেকে। চার দিনব্যাপী এ পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার রুটিন অনুযায়ী, প্রথম দিন ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে ৩ ঘণ্টার পরীক্ষা হবে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যার সময় নির্ধারিত থাকবে দেড় ঘণ্টা করে।
জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে রেজিস্টার খাতায় তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি নেওয়া যাবে।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের উত্তরপত্রের ওএমআর ফরমে বলপেন দিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
বোর্ড কর্তৃক অনুমোদিত আটটি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এগুলো হলো— Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW। পাশাপাশি সাধারণ (নন-সায়েন্টিফিক) ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে। অনুমোদিত মডেলের বাইরে কোনো প্রোগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
পরীক্ষা শুরুর এক ঘণ্টা পার হওয়ার আগে কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র জমা নেওয়া হবে না। প্রাকৃতিক জরুরি কারণ ছাড়া পরীক্ষা চলাকালে কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা শেষে কক্ষ পরিদর্শকের মাধ্যমে উত্তরপত্র সংগ্রহ না করা পর্যন্ত পরীক্ষার্থীরা আসন ত্যাগ করতে পারবে না। পরীক্ষার্থীদের হাজিরা খাতায় স্বাক্ষর করা বাধ্যতামূলক।
পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং সমাপ্তি ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে উত্তরপত্র সংগ্রহ করা হবে।
এ ছাড়া অতিরিক্ত উত্তরপত্র (লুজশিট) ব্যবহার করলে তাতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র ও বিষয় কোড সঠিকভাবে লিখতে হবে। লুজশিট নেওয়ার সময় কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আছে কি না তা নিশ্চিত করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার আগে মূল উত্তরপত্রের কভার পেজে ব্যবহৃত লুজশিটের সংখ্যা উল্লেখ করতে হবে। সব লুজশিট ক্রমানুসারে সাজিয়ে স্ট্যাপল বা সেলাই করে জমা দিতে হবে।
আরটিভি/এসকে




