২০২৫ সালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে অনন্য সাফল্য অর্জন করেছে। এ বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষক ও ২ জন শিক্ষার্থীসহ মোট ৫ জন গবেষক স্থান পেয়েছেন।
এ ছাড়াও বেশ কিছু সাফল্যের দেখা পেয়েছে মাভাবিপ্রবি। নিচে তা দেখানো হলো—
বৈশ্বিক র্যাঙ্কিংয়ে জয় জয়কার
আন্তর্জাতিক টাইমস হায়ার এডুকেশন (THE) ২০২৫ র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো স্থান পায় মাভাবিপ্রবি। গবেষণার গুণগত মানে মাভাবিপ্রবি বিশ্বে ৭৪৬তম এবং বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২য় স্থান অধিকার করে; পাশাপাশি সিমাগো (Scimago) ইনস্টিটিউশন র্যাংকিংয়েও বিশ্ববিদ্যালয়টি দেশে ৩য় অবস্থানে উঠে এসেছে।
গুচ্ছে নেতৃত্ব এবং কেদ্রীয় নবীনবরণ অনুষ্ঠান
২০২৪-২৫ শিক্ষাবর্ষের জিএসটি (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নেতৃত্বে দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। এই ভর্তি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাভাবিপ্রবি-র উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।
এছাড়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
৫৪ জন শিক্ষকের পদোন্নতি ২৭; শিক্ষার্থী বহিষ্কার
মাভাবিপ্রবিতে ২০২৫ সালে মোট তিনটি ধাপে ৫৪ জন শিক্ষককে পদোন্নতি প্রদান দিয়েছে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ড। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে উন্নীত হয়েছেন। অন্যদিকে, শৃঙ্খলা রক্ষা ও নৈতিকতা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৯ জন নেতাকর্মীকে এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আরও ৭জন শিক্ষার্থীসহ মোট ২৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া আওয়ামী পন্থী শিক্ষকদের বিচারের দাবিতে সারাবছর ই উত্তাল ছিল বিশ্ববিদ্যালয়। এরই প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামকে তাঁর দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ-কে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে।
শিক্ষার্থীদের সাফল্য
এ বছর মাভাবিপ্রবিয়ানদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। সরকারী বেসরকারি বিভিন্ন চাকুরির পাশাপাশি বিসিএসেও শিক্ষার্থীদের উর্ষণীয় সাফল্য পরিলক্ষিত হয়েছে।৪৪ তম বিসিএসে প্রসাশন ক্যাডারে প্রথম হন বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসেন।অপরদিকে ২.৭৯ সিজিপিএ নিয়ে ৪৫ তম বিসিএসে প্রশাসন ক্যাডার হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন আইসিটি বিভাগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মির্জা আল মামুন।
অপরদিকে এবছর জাপানের সরকারি স্কলারশিপ মেক্সট পেয়ে টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স অধ্যয়নের জন্য নির্বাচিত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সম্পা ইসলাম।
কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন-মাকসু
মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের লক্ষ্যে ২০২৫ সালে ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত সেপ্টেম্বর মাসে একটি ৮ সদস্যের উচ্চতর কমিটি গঠন করে। এর ধারাবাহিকতায় এ বছরের অক্টোবর মাসে মাকসু-এর প্রথম খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করে তা সর্বসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করা হয়।
ছাত্র সংসদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন ও আমরণ অনশনের মতো কর্মসূচিও পালন করেছেন। বর্তমানে ছাত্র সংসদ গঠনের প্রক্রিয়াটি চূড়ান্ত গঠনতন্ত্র প্রণয়ন ও পরবর্তী নির্বাচনের প্রস্তুতির পর্যায়ে রয়েছে।
ছাত্র রাজনীতির উত্থান পতন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫ সালে ছাত্র রাজনীতির নতুন মেরুকরণ দেখা গেছে; যেখানে গত ৩০ সেপ্টেম্বর সাগর আহমেদকে সভাপতি ও সাজিদ ইসলাম দিপুকে সাধারণ সম্পাদক করে শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি গত জুনে শেখ মুহাম্মাদ রেজাউল করীমকে আহ্বায়ক ও সাকলাইন এহসান সাব্বিরকে সদস্য সচিব করে ইসলামি ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠিত হয়।
অপরদিকে গত ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দরবার হলে ‘ভাসানী ছাত্র সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্র সংসদ (মাকসু) গঠনের রূপরেখা, শিক্ষার্থীদের অধিকার এবং ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি রক্ষাসহ নানা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া সোহাগ হত্যা,শহীদ হাদী হত্যাকান্ড সহ সমসাময়িক নানা বিষয়েই সরব ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
আরটিভি/এসআর




