
শীতকাল মানেই আমাদের দেশে উৎসবমুখর পরিবেশ। আর সেই উৎসব যদি হয় নিজের ক্যাম্পাসে, তবে অনুভূতির গভীরতা আরও বেড়ে যায়। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের কথা—যে আয়োজন শুধু একটি একাডেমিক আনুষ্ঠানিকতা নয়, বরং হাজারো স্মৃতি ঘিরে গল্পের মিলনমেলা।
দীর্ঘ অপেক্ষার পর অনুষ্ঠিত এই সমাবর্তন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায় উৎসবের আমেজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে আসেন তাদের প্রিয় ক্যাম্পাসে। শীতের নরম রোদ, খোলা আকাশ আর পরিচিত পরিবেশ—সব মিলিয়ে ক্যাম্পাস যেন ফিরে যায় তার সবচেয়ে প্রাণবন্ত সময়টিতে।
প্যারিস রোড আর প্রসাশনিক ভবনের সামনে ছিল সবচেয়ে বেশি ভিড়। ডিগ্রি গ্রহণ শেষে অনেকেই এখানে থেমে যাচ্ছিলেন স্মৃতির টানে। কেউ পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করে আবেগে জড়িয়ে ধরছেন, কেউ আবার নতুন করে ক্যামেরাবন্দি করছেন সেই চেনা জায়গাগুলো, যেখানে একসময় কেটেছে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ যেন স্মৃতির দীর্ঘ পথ। একসময় যেখানে প্রতিদিনের ক্লাসে যাওয়ার ব্যস্ততা ছিল, সমাবর্তনের দিনে সেখানে ছিল ধীর পায়ে হাঁটা আর গল্পে থেমে যাওয়া। কেউ সন্তানের হাত ধরে হাঁটছেন, দেখাচ্ছেন—এই পথেই আমাদের দিন শুরু হতো , হল থেকে দল বেঁধে ক্লাস করতে যেতাম আমরা। সময় বদলেছে, কিন্তু অনুভূতিগুলো একই রয়ে গেছে।
টুকিটাকি আর ইবলিশ চত্বর বরাবরের মতোই ছিল প্রাণের কেন্দ্র। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে শুরু হয়ে গিয়েছিল পুরোনো দিনের গল্প, আড্ডা আর হাসির ঝরনা।

ক্যাপ-গাউন পরা তরুণদের উচ্ছ্বাস, ব্যাচভিত্তিক আড্ডা, হাসি-ঠাট্টা আর দল বেঁধে ছবি তোলায় মুখর হয়ে উঠেছিল ক্যাম্পাস। সামাজিক যোগাযোগমাধ্যমে সমাবর্তনের মুহূর্তগুলো শেয়ার করতে ব্যস্ত ছিলেন অনেকেই—যেন প্রিয় এই সময়টাকে যতটা সম্ভব ধরে রাখতে চান সবাই।
দীর্ঘ শিক্ষাজীবনের পর অর্জিত ডিগ্রি শুধু একটি সনদ নয়, ছিল নিজেকে প্রমাণ করার স্বীকৃতি আর নতুন স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সূচনা। যেখানে ছড়িয়ে পড়েছিল জীবনের গল্প—সংগ্রাম, অপেক্ষা আর বন্ধুত্বের না বলা কথাগুলো। চারুকলা প্রাঙ্গণ বরাবরই নান্দনিক কর্মকাণ্ডের কেন্দ্র। সমাবর্তন উপলক্ষে চারুকলার শিক্ষার্থীরা দিন–রাত পরিশ্রম করে ক্যাম্পাসজুড়ে আল্পনা একে আয়োজনটিকে দিয়েছে আলাদা মাত্রা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন তাই শুধু একটি দিন নয়। এটি ছিল প্রিয় ক্যাম্পাসে ফিরে আসার একটি উপলক্ষ, নিজের শিকড়ে আবার একবার হাত রাখার সুযোগ। শীতের উৎসবের আবহে ক্যাম্পাসজুড়ে যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে, তা প্রমাণ করে—রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি অসংখ্য মানুষের জীবনের এক অমূল্য অনুভূতির নাম।
আরটিভি/একে




