
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বর মাসের মাঝামাঝি প্রকাশ করা হতে পারে। এমন পরিকল্পনা নিয়ে কাজ করছে দেশের শিক্ষা বোর্ডগুলো।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।
তিনি বলেন, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। সবকিছু পরিকল্পনামতো এগোলে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
গত ২ জুলাই শুরু হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে। সব শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়েছে। তবে বন্যার কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে যায়। এই বোর্ডের অধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা গত ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলোর নতুন সূচি নির্ধারণ করা হয়। ফলে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর।
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ আগস্ট সকাল ১০টায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শেষ হওয়ার পর খাতা মূল্যায়ন, ফল প্রস্তুত ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো।
আরটিভি/এসকে



