
এবারের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অসাধারণ সাফল্য অর্জন করেছে।
এ বছর ক্যাডেট কলেজগুলো ব্যতীত ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ২১৩ জন এবং ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৮২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৫১টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ১৮ হাজার ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ৪১০ জন কৃতকার্য হয়েছে, যাদের মধ্যে ৩ হাজার ৬১৯ জন জিপিএ-৫ পেয়েছে। সামগ্রিক পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ এবং কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার ২০ দশমিক ৭৯ শতাংশ।
এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও মানসম্মত পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।
এ ছাড়াও এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা। সূত্র: বাসস
আরটিভি/আইএম




