
এবারের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোর শিক্ষার্থীরা চমকপ্রদ ফল অর্জন করেছে। ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৪ দশমিক ২০ শতাংশ।
বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়।
সেই সঙ্গে ভবিষ্যতে ক্যাডেটরা যেন আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।
ক্যাডেট কলেজগুলোর ক্যাডেটদের ধারাবাহিক সফলতা অর্জনের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত লেখাপড়া এবং আন্তরিক প্রচেষ্টা।
এছাড়াও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজসমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে। সূত্র: বাসস
আরটিভি/আইএম



