ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে। তবে নির্ধারিত মডেলের বাইরে অন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনায় অনুমোদিত আটটি ক্যালকুলেটর মডেল হলো-Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।

আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জুনিয়র বৃত্তি পরীক্ষা। ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা।

শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য আরও জানানো হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। সে অনুযায়ী, সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে।

এদিকে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়ার পাশাপাশি পরীক্ষার হলে অনুমোদিত মডেলের ক্যালকুলেটর ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি

সব বিষয়ের পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাকৃবিতে ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে দক্ষতা অর্জনের জন্য ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ অনুষ্ঠিত হয়েছে। 
বাকৃবিতে ‘রিসার্চ এন্ড হায়ার স্টাডি সামিট’ অনুষ্ঠিত
মানবিকতা যত দিন অবমানিত হবে, নজরুল তত দিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
পৃথিবীতে মানবিকতা যত দিন অবমানিত হবে, কাজী নজরুল ইসলাম তত দিন প্রাসঙ্গিক থাকবেন বলে মন্তব্য করেছেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন’-এর উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুলের সাহিত্য ও দর্শনের গভীরতা তুলে ধরে ড. বেলা দাস বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি ছিলেন অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে দ্রোহের প্রধান উৎস। শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার অন্ধকার দূর করতে তাঁর লেখনী যুগ যুগ ধরে মুক্তিকামী মানুষকে সাহস জুগিয়েছে। বর্তমান অস্থির সময়েও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় নজরুলের চেতনা আমাদের সবচেয়ে বড় আশ্রয়। এ সময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন। আয়োজকেরা জানান, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং একই বছরে কাজী নজরুল ইসলামের সিলেটে আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’। আয়োজক সূত্রে আরও জানা গেছে, এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ১২৬টি প্রবন্ধ ১৩টি সমান্তরাল অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে। আরটিভি/টিআর
মানবিকতা যত দিন অবমানিত হবে, নজরুল তত দিন প্রাসঙ্গিক: ড. বেলা দাস
শাবিপ্রবিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন’। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার গবেষকদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে মোট ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন। অনুষ্ঠানে থিম স্পিকার হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক ও ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস। আয়োজকেরা জানান, ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং একই বছরে কাজী নজরুল ইসলামের সিলেটে আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’। আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ১২৬টি প্রবন্ধ ১৩টি সমান্তরাল অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাঙালি মুসলমান সমাজে মুক্তবুদ্ধির চর্চার বিকাশ এবং বৌদ্ধিক স্বাধীনতার প্রসার। অন্যদিকে, সিলেটে কাজী নজরুল ইসলামের আগমন এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক জগতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর এই দুটি ঐতিহাসিক প্রসঙ্গকে একসূত্রে এনে ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার এবং সমকালীন চিন্তার বিভিন্ন দিক নতুনভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে। সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি। সাম্য ও মানবতার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তার লেখনী আবহমানকাল ধরে প্রাসঙ্গিক। এই সম্মেলনের মাধ্যমে কবিকে জানার আরও নতুন ক্ষেত্র তৈরি হবে। আমি এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করি।’ আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণা আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ গবেষণা-সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে। আরটিভি/টিআর
শাবিপ্রবিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), রংপুরে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে ২৪ থেকে ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল উদ্দিন। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিনিধিদের হাতে সনদপত্র তুলে দেন। প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী মো. ইমন আলী বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছি। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় কাজে লাগবে বলে আশা করছি। আরেক প্রশিক্ষণার্থী আজিজুর রহমান বলেন, সময়ের সঙ্গে সাংবাদিকতার ধরন ও প্রযুক্তির ব্যবহার পরিবর্তিত হচ্ছে। এ ক্ষেত্রে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার এবং ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিআইবির এ উদ্যোগ আমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিরা আরও দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠতে পারবেন। এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ফ্যাক্ট চেকিং ও আধুনিক প্রযুক্তির জ্ঞান অপরিহার্য। সংবাদ প্রকাশের আগে তথ্যের সঠিকতা যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ও তথ্যনির্ভর লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। গুজব বা ভিত্তিহীন সংবাদের পরিবর্তে ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও প্রতিষ্ঠানের কল্যাণ বয়ে আনে। পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। আরটিভি/টিআর
বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
বেরোবিতে পঞ্চগড় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী শাহ পরান পাপ্পু এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল মালেক। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত কমিটির বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্ব ও বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে। নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আইরিন লাবণ্য, মো. ফারুক ইসলাম, মো. মশিউর রহমান ও রুমান ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাত আদন আরমান, রিক্তা পাল, মো. ফিরোজ রানা, আনিকা তাসকিন, আরাফাত অর্ণব ও সাদমান সাকিব। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তানজিল ইসলাম লিপু, আহম্মেদ সাদিক আজমাইন, সাইয়ুদুল্লাহ মাসুম ও শাহরিয়ার জামান আলভি। সহসাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মাসুদ রানা সজিব, শুভ মোহন্ত, রুবিনা আক্তার, প্রান্ত ও সুরভী রাণী। কমিটির দপ্তর সম্পাদক হয়েছেন মো. আশিরুল ইসলাম রাব্বি এবং সহদপ্তর সম্পাদক হয়েছেন আব্দুল মালেক, রাজু ইসলাম ও জারিন শাইমা। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল রানা এবং উপকোষাধ্যক্ষ হয়েছেন মো. মুবাশশীর রহমান, বিনয় মালাকার, রাফাত, আবরার মাসুম অভি ও হোসনে আরা খুশি। প্রচার সম্পাদক হয়েছেন মোছা. হালিমা আক্তার বর্ণি ও রেহেলাতুন জান্নাত রেশমা। এ ছাড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. রাশিদুল ইসলাম ও মো. হিমেল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে মো. রুমন আল-মামুন ও নিশাত আতিয়া এবং সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে মোছা. মাহবুবা আফরিন ও মোছা. হাবিবা আক্তার হাসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হয়েছেন মোছা. ফাতেমা আক্তার ও রিনি আক্তার। বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদেও দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন মো. শাহিন আলম সোহাগ ও নিলুফা ইয়াসমিন। ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাঈম নিশাত পারভেজ ও মো. বাবর হোসেন বাদল। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন মো. লায়ন ইসলাম ও মো. রিফাত। মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রাবণ চন্দ্র রায় ও ছাদ্দাম ইসলাম। বিতর্ক বিষয়ক সম্পাদক হয়েছেন মোছা. সারমিন আক্তার ও মোছা. মুমতাজ ইবনাত ঐশী এবং ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফাহিম ফয়সাল ও আপন রায়। ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন রোকেয়া খাতুন ও আয়শা সিদ্দিকা আশামনি। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. জান্নাতুল খুশবু ও ভূবন চন্দ্র বর্মন। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হয়েছেন অন্তর চন্দ্র বর্মন ও আল-আমিন ইসলাম এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. মিলি আক্তার ও মো. লিমন ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা। নবগঠিত কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, মানবিক কার্যক্রম ও পারস্পরিক কল্যাণে সংগঠনটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংগঠনটির মূল স্লোগান ‘জ্ঞান, সৌন্দর্য ও সৃজনশীলতার আধার শিক্ষা’। নবনিযুক্ত সভাপতি শাহ পরান পাপ্পু বলেন, পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতি শুধু একটি জেলাভিত্তিক সংগঠন নয়, এটি আমাদের পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের জায়গা। নতুন কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের শিক্ষা, সংস্কৃতি ও সার্বিক কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে নবীন শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন সৃজনশীল ও মানবিক কার্যক্রম পরিচালনায় আমরা গুরুত্ব দিতে চাই। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করছি। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রমের পরিসর আরও বিস্তৃত হবে। আরটিভি/টিআর
বেরোবিতে পঞ্চগড় ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি