
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), রংপুরে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে ২৪ থেকে ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল উদ্দিন। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিনিধিদের হাতে সনদপত্র তুলে দেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী মো. ইমন আলী বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পেয়েছি। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় কাজে লাগবে বলে আশা করছি।
আরেক প্রশিক্ষণার্থী আজিজুর রহমান বলেন, সময়ের সঙ্গে সাংবাদিকতার ধরন ও প্রযুক্তির ব্যবহার পরিবর্তিত হচ্ছে। এ ক্ষেত্রে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার এবং ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিআইবির এ উদ্যোগ আমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিরা আরও দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠতে পারবেন।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ফ্যাক্ট চেকিং ও আধুনিক প্রযুক্তির জ্ঞান অপরিহার্য। সংবাদ প্রকাশের আগে তথ্যের সঠিকতা যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ও তথ্যনির্ভর লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। গুজব বা ভিত্তিহীন সংবাদের পরিবর্তে ইতিবাচক ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও প্রতিষ্ঠানের কল্যাণ বয়ে আনে।
পিআইবির জ্যেষ্ঠ প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
আরটিভি/টিআর




