
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক বাসচালকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রী প্রক্টর দপ্তরে এ বিষয়ে একটি অভিযোগ দাখিল করেছেন।
ভুক্তভোগী ওই ছাত্রী জানান, গতকাল বুধবার শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ভাড়া করা ৯ নম্বর বাসের চালক খোকা মিয়া তাকে যৌন হয়রানি করেন।
তিনি বলেন, গতকাল দুপুর ১২টায় শহরে যাওয়ার উদ্দেশে ক্যাম্পাস থেকে শহরগামী ৯ নম্বর বাসে উঠে বসে ছিলাম এবং বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ি। পরে ঘুম ভাঙ্গার পর দেখি বাস নির্দিষ্ট সময়ের আগেই বেলতলী বিশ্বরোড এলাকায় চলে এসেছে। আর বাসের মধ্যে চালক ও তার সহকারী ছাড়া কেউ ছিল না।
এরপর বাস চালক আমার ফোন নম্বর জানতে চায়। আর কক্সবাজারে যাব কিনা সেটাও জানতে চায়। আমি ফোন নম্বর দিতে না চাইলে সে বলে জোর করব না। পরে আমার সামনে দাঁড়িয়ে সহকারীকে তার টি-শার্ট বুকের উপর তুলে বলে পেটে কিছু নাই। একই সঙ্গে আমাকে উলঙ্গ পেট দেখিয়ে বলে ওরা আমার পেটকে হিংসা করে।
এই পর্যায়ে আমি বাস থেকে নেমে যাই। এ সময় পিছন দিক থেকে বাস চালক এসে বলে আপনি ফোন নম্বরটা দিলেন না। আপনাকে কক্সবাজার যাওয়ার আগে কল দিতাম। আর আমার তো ইচ্ছা করতেছে আমি একাই আপনাকে শহরে নিয়ে যাই।
ভুক্তভোগী ছাত্রী আরও বলেন, এই ধরনের ঘটনার শিকার যাতে আর কাউকেই না হতে হয় সেই জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে অভিযুক্ত বিআরটিসির বাস চালক খোকা বলেন, আমাদের বিআরটিসি বাস কক্সবাজার যায়। কখনও যদি (উনি) যায়, আমরা চালক হিসেবে যাই একথা বলেছি। কিন্তু তাকে যেতে বলিনি। শার্ট বুকের উপরে উঠিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি অন্য একজনের সঙ্গে দুষ্টুমি করেছি।
প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমাদের কাছে লিখিত অভিযোগ করেছে। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুত তাকে আটক করা হবে।
এজে/জেবি




