
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সোসাইটি অব প্রসেস ইঞ্জিনিয়ার্স, রুয়েট (SPER)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার ফেস্ট ‘Career Cruise Season 2.0।’
বুধবার (৬ আগস্ট) রুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস এম আবদুর রাজ্জাক ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুর রহমান সহ অন্যান্য শিক্ষক মহোদয়, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের এইচ আর বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনের পর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় Job Fair ও On-campus Recruitment সেশন, যেখানে দেশের স্বনামধন্য সাতটি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কেমিকৌশল বিভাগ ছাড়া ও আরও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সরাসরি এসব প্রতিষ্ঠানে তাদের সিভি জমা দেওয়ার সুযোগ পায়।
দিনের দ্বিতীয় পর্বে বিকেল ৩টা থেকে রুয়েটের অ্যাডমিন বিল্ডিংয়ের ২১৭নং রুমে আয়োজন করা হয় ক্যারিয়ার সেমিনার। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা ক্যারিয়ার সেমিনার, ইন্টারভিউ কৌশল, ব্যক্তিগত উন্নয়ন, বর্তমান চাকরির বাজারের বাস্তবতা, উচ্চশিক্ষার সুযোগ এবং বিসিএস প্রস্তুতি সম্পর্কিত মূল্যবান পরামর্শ প্রদান করেন।
শিক্ষার্থীদের জন্য একাডেমিক জ্ঞান থেকে প্রফেশনাল জগতে প্রবেশের সেতুবন্ধন তৈরি করা এই দিনব্যাপী আয়োজন নিঃসন্দেহে ছিল এক অনন্য অভিজ্ঞতা এবং বাস্তবমুখী প্রস্তুতির সুযোগ।
আরটিভি/টিআই




