
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র জোবায়েদ হোসেন ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি।
সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর জোবায়েদের জানাজা শেষে জবি শিক্ষক-শিক্ষার্থীদের প্রেস ব্রিফিংয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।
ডিসি বলেন, ইনসাফের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না৷ যারা প্রকৃত অপরাধী আমরা তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনবো।
তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা সব বলতে পারছি না। আমরা যাদেরকে সনাক্ত করেছি তাদের কাছে শুনলে জানতে পারবো কারা জড়িত। আমাদের উপর ভরসা রাখুন। আপনারা অর্ধেক তথ্য পেয়েছেন, আমরা পুরো বিষয়টি পেয়েছি। একজন নিরপরাধীকে আমরা শাস্তি দিতে চাই না। আপনারা ভাবছেন অপরাধীরা শক্তিশালী, কিন্তু তারা ওতোটাও শক্তিশালী না। গণমাধ্যমের তথ্য আপনারা বিশ্বাস করবেন না, আমাদের কাছে শুনে নিশ্চিত হবেন।
তিনি আরও বলেন, আমরা তদন্ত করছি। আমাদের কাছে সুসংবাদ আছে। তদন্তের স্বার্থে এখনই সব বলতে পারছি না। আগামীকাল সকাল দশটার আগেই আপনারা সুসংবাদ পাবেন।
এর আগে, গতকাল রোববার রাজধানীর আরমানীটোলা এলাকায় টিউশন বাসায় হত্যার শিকার হন জবি শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন। জুবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় গতকাল রাত ১১ টার দিকে ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আরটিভি/এমএ




