
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ‘বি’ ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (চ্যাটজিপিটি) ব্যবহার করে অসদুপায় অবলম্বন করার অভিযোগে এক পরীক্ষার্থী আটক হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের দুই নাম্বার কক্ষে পরীক্ষার সময় সাদিয়া আমির মাহি নামে ওই ছাত্রীকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যার মাধ্যমে সে প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাটজিপিটির সাহায্যে উত্তর বের করছিল।
আটক করা ছাত্রী স্বীকার করেছেন, পরীক্ষার সময় মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে নিজ ইচ্ছায় ও বিনা প্ররোচনায় চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর প্রস্তুত করেছিলেন। কেন্দ্রের পরিদর্শক তার এই কাজ দেখে তাকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।
হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান, প্রথমে ওই শিক্ষার্থীকে সন্দেহ হলে পিছনের সিট থেকে সামনের সিটে বসানো হয়। কিন্তু সামনের সিটেও সে মোবাইলে চ্যাটজিপিটি ব্যবহার করে অসদুপায় অবলম্বন করায় তাকে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম জানান, সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় এবং তাকে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের অসদুপায় প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
আরটিভি/এসকে




