ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০২:৪৩ এএম
ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) নিকাব পরা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুই শিক্ষককে বহিষ্কার করার পর এবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছে যে, বর্তমান পরিস্থিতি নিয়মিত একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুকূল নয়। বিষয়টি সমাধান এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হলো।

এর আগে, রোববার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়। তারা হলেন- ব্যাসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীর ও একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এস এম মহসিন।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট / ‘স্ক্রিপ্টেড’ ফাইনালে আগে থেকেই নির্ধারিত যুগ্ম চ্যাম্পিয়ন, প্রস্তুত ছিল ট্রফিও
খেলা মাঠে গড়ানোর আগেই নির্ধারিত হয়েছিল দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সে অনুযায়ী প্রস্তুত রাখা হয়েছিল দুটি ট্রফিও। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টেডিয়ামে প্রায় ২০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল।  ৮০ মিনিটের খেলা হওয়ার কথা থাকলেও দুই অর্ধে ২০ মিনিট করে মাত্র ৪০ মিনিট খেলা হয়। কোনো দলই গোল না করায় দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পুরো ঘটনাকে ‘স্ক্রিপ্টেড’ বা পাতানো দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। অনুসন্ধানে খেলোয়াড়দের বক্তব্য, ফেসবুক পোস্ট ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যেও অভিযোগের সত্যতা মিলেছে। গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। টুর্নামেন্টের বাইলজ (নিয়মাবলি) অনুযায়ী, ফাইনাল ৮০ মিনিট হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের অর্ধেক, অর্থাৎ ৪০ মিনিটেই খেলা শেষ করা হয়। গোলশূন্য ড্রয়ের পর বাইলজের নিয়ম দেখিয়ে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তবে ফাইনালকে ঘিরে পাতানো ম্যাচের অভিযোগ সামনে আসে খেলোয়াড়দের ফেসবুক পোস্টের মাধ্যমে। পরে খেলোয়াড় কমিটি ও সংশ্লিষ্ট খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বিষয়টি আরও স্পষ্ট হয়। অনুসন্ধানে জানা যায়, ফাইনালের আগেই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি সে অনুযায়ী দুটি ট্রফিও প্রস্তুত রাখা হয়েছিল। বিশ্বস্ত সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সেমিফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয় জয়ী হয়ে ফাইনালে ওঠার পরই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। খেলা শুরুর আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বৈঠকেও এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সূত্রের দাবি, মূলত দুটি আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, জাতীয় বিশ্ববিদ্যালয় এককভাবে চ্যাম্পিয়ন হলে রাবি স্টেডিয়ামে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। দ্বিতীয়ত, স্টেডিয়ামে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক খেলা উপভোগ করবেন। তার উপস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে—এমন বিবেচনা থেকেই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, খেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাইলজ অনুযায়ী ফাইনাল ৮০ মিনিট হওয়ার কথা থাকলেও গোলশূন্য ড্র হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার নিয়ম রয়েছে। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল পরিচালনা কমিটি, দুই দলের কোচ-অধিনায়ক ও বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, খেলা শুরুর অন্তত এক ঘণ্টা আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বৈঠকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাবি ফুটবল দলের প্রধান কোচ ওয়াহেদুন নবী অনু, সহকারী কোচ মোহাম্মদ তারিকুল আনাম, বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম মল্লিক, পরিচালক রোকসানা বেগম (টুকটুকি) এবং দলের অধিনায়ক মো. জোবায়ের আহম্মেদ। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান কোচ মো. তাজুল ইসলাম ও অধিনায়ক মো. রোকনুজ্জামান রোকন। বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্ধারিত সময়ে কোনো দলই গোল করবে না। মাঝমাঠে ‘অভিনয়ের’ মাধ্যমে খেলা চালিয়ে নেওয়া হবে। পরে বাইলজের নিয়ম অনুসরণ করে নির্ধারিত সময় শেষে গোলশূন্য ড্র দেখিয়ে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এদিকে, যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার জন্য আগে থেকেই দুটি ট্রফি প্রস্তুত রাখা হয়েছিল বলেও নিশ্চিত হওয়া গেছে। যা বলছেন খেলোয়াড়রা রাবি ফুটবল টিমের ডিফেন্ডার (স্টপার) আকিস মার্ডী জানান, নাটকের শুরুটা হয় ওয়ার্মআপের পর, যখন আমরা সেরা একাদশ নিয়ে মাঠে নামি। মাঠের ভেতরে প্রেয়ার শেষ হওয়ার পর ক্যাপ্টেন সতীর্থদের উদ্দেশে বলেন, আমরা কোনো গোল করব না এবং সেভাবে আক্রমণেও যাব না। অন্যদিকে, প্রতিপক্ষ দলও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামে। উদ্দেশ্য ছিল, গোলশূন্য অবস্থায় খেলা শেষ করে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা। আকিস মার্ডী আরও বলেন, কিন্তু আমরা যে শুধুই দাবার গুটি, সেই বিষয়টি তখনো বুঝতে পারিনি। আসলে সেই মুহূর্তে কী করা উচিত, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। না কেউ মাঠ থেকে উঠতে পারছিলাম, না কাউকে কিছু বলতে পারছিলাম। কারণ সবাই মুখোশ পরা ব্যক্তি। অবশেষে ম্যাচ শেষে বিতর্কিত যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা। মাঝেমধ্যে মন চাইছে বিষ খেয়ে মরে যাই এই কলঙ্কের বোঝা নিতে না পেরে, যে কলঙ্কের দাগ পড়ছে আদৌ কি মরে গিয়েও শান্তি মিলবে? ঠিক একই কথা স্বীকার করে এক ফেসবুক পোস্টে রাবি ফুটবল টিমের মিডফিল্ডার (মধ্যমাঠ) মো. মখলেসুর রহমান আকাশ বলেন, জানি না, ক্যাপ্টেনকে কখন, কারা, কী বলেছে। তবে আমার কাছে মনে হয়, এই বিষয়ে ক্যাপ্টেনের উচিত ছিল আমাদের সঙ্গে আলোচনা করা। কিন্তু জানি না তিনি কেন মাঠে নামার আগে উক্ত বিষয় নিয়ে আলোচনা করলেন না। তারপর ক্যাপ্টেন মাঠে প্রবেশের পরই আমাদের বিষয়টি জানিয়েছেন। এদিকে, ফেসবুকে এসব বিষয় উল্লেখ করে পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টা পর দুজনই তাদের পোস্টগুলো মুছে দেন। তবে কোনো চাপের মুখে পড়ে, নাকি অন্য কোনো কারণে তারা পোস্টগুলো ডিলিট করেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ কথা স্বীকার করে রাবি ফুটবল টিমের আরেক মিডফিল্ডার মেহেদী হাসান জানিয়েছেন, ‘আপনারা যা দেখেছেন, এর সাথে আমার ন্যূনতম জানাশোনা ছিল না। মাঠে নেমে বিষয়টি জেনেছিলাম। এর প্রতিবাদস্বরূপ পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন ও ব্যক্তিগত মেডেল না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রুমে চলে আসছি। চ্যাম্পিয়ন উপলক্ষে খেলোয়াড়দের যত সুযোগ-সুবিধা দিবে সেগুলোও নিব না। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের হয়ে আর কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’ এ বিষয়ে রাবি ফুটবল দলের অধিনায়ক মো. জোবায়ের আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছু জানি না। বাইলজ অনুযায়ী যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’ তবে বাইলজের নিয়ম না মেনে খেলা সংক্ষিপ্ত করা এবং কোনো আক্রমণে না গিয়ে গোলশূন্য ড্র করতে খেলোয়াড়দের চাপ প্রয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি অনেক বড় বিষয়। আমি বাইরে আছি, এখানকার কিছু বুঝতে পারছি না। নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের অধিনায়ক ও রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান রোকন বলেন, আমরা পরিস্থিতির শিকার, আমাদের কিছু করার ছিল না। অধিনায়ক হিসেবে কিছু করতে না পারায় আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে দুই দলের ছয়জন খেলোয়াড়ের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না খেলোয়াড়েরা। তবে ওয়ার্মআপ শেষে দুই দলের অধিনায়ক তাদের এভাবে খেলতে নির্দেশ দেন। খেলোয়াড়েরা নিজেদের ‘পরিস্থিতির শিকার’ বলে উল্লেখ করেছেন। অধিনায়করাও বিষয়টিকে ‘পরিস্থিতির শিকার’ ও ‘ওপরের চাপ’ হিসেবে উল্লেখ করে দায় এড়িয়ে গেছেন। যা বলছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাবির শিক্ষার্থী ও মাঠে উপস্থিত দর্শকেরা। শিক্ষার্থীদের অভিযোগ, খেলা শুরুর আগেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী দুটি ট্রফিও প্রস্তুত রাখা হয়। তাদের মতে, এমন ‘পাতানো’ ম্যাচে যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফি গ্রহণ করাও ক্রীড়াসুলভ আচরণ নয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের বহিষ্কারের দাবিও জানান তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মিশকাত আহমেদ শাকিল বলেন, দুই দলকেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে বহিষ্কার করতে হবে। আরেক শিক্ষার্থী রাজ্জাকুল ইসলাম তারিক বলেন, স্বাগতিকদের ধিক্কার জানাই। এমন একটি খেলা দেখার জন্য অনেকে নিজেদের প্রয়োজনীয় কাজ ফেলে মাঠে এসেছিলেন। বিশ্ববিদ্যালয়জীবনে মাঠে এত দর্শক আমি আগে দেখিনি। অথচ শেষ পর্যন্ত সবাইকে ধোঁকা দেওয়া হলো। সবার প্রতি অনুরোধ, রাবি দলের খেলা বর্জন করুন। তারা নিজেরাই খেলুক আর এমন লজ্জাজনক চ্যাম্পিয়নত্ব নিয়ে নিজেরাই উল্লাস করুক। রাজশাহী কলেজ থেকে খেলা দেখতে আসা এক দর্শক বলেন, খেলা দেখতে অনেক আগ্রহ নিয়ে মাঠে এসেছিলাম। কিন্তু এমন একটি ফাইনাল দেখে হতাশ হয়েছি। হাজারো দর্শকের আবেগ ও সময়ের কোনো মূল্য দেওয়া হয়নি। খেলার নামে এমন সমঝোতা মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আয়োজক কমিটি, কোচ, পরিচালকরা কী বলছেন এ বিষয়ে কথা হয় রাবি শরীরচর্চা বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম মল্লিকের সঙ্গে। তিনি বলেন, আমি খাবার ব্যবস্থাপনাসহ অন্যান্য দায়িত্বে ছিলাম। এ বিষয়ে কিছু বলতে পারব না। ফাইনাল ম্যাচ পাতানো ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, তবে আমার কাছে মনে হয়, স্বাগতিক মাঠে কোনো ধরনের ঝামেলা এড়াতেই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়ে থাকতে পারে, যাতে কোনো সমস্যা না হয়। এ বিষয়ে জানতে চাইলে রাবি ফুটবল দলের প্রধান কোচ ওয়াহেদুন নবী অনু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। বাইলজ অনুযায়ীই দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। তবে বাইলজের নিয়ম না মেনে খেলা সংক্ষিপ্ত করা এবং খেলোয়াড়দের আক্রমণে না গিয়ে গোলশূন্য অবস্থায় খেলা শেষ করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। আপনি সহকারী কোচ তারেকের সঙ্গে কথা বলেন। এ ছাড়া বিষয়টি আপার (রোকসানা বেগম) সঙ্গে কথা বলেন, আমার কিছু জানা নেই। এ বিষয়ে কথা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগমের সঙ্গে। খেলাটি আগে থেকেই পাতানো ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কোনো পাতানো খেলা ছিল না। এটা কি সম্ভব? মাঠে কী হয়েছিল, সেটা খেলোয়াড়রাই বলতে পারবে। আমি বলতে পারব না, এটা আমার বলার কথাও নয়। খেলাটা সুন্দর সুশৃঙ্খল কোনো ঝামেলা ছাড়া শেষ করেছি, এটাই কি আমার অপরাধ? খেলোয়াড়দের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে তিনি বলেন, যারা ফেসবুকে এসে স্ট্যাটাস দিচ্ছে, তারা হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমনটি করছে। তা না হলে মাঠের মধ্যে বিষয়টি শোনার পর সে বের হয়ে চলে আসেনি কেন? পরে স্ট্যাটাস দিয়ে জানাবে কেন? আমার মনে হয়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। একটি সুন্দর খেলাকে বিতর্কিত করার জন্যই এমনটি করা হচ্ছে। এ বিষয়ে জানতে রাবি ফুটবল দলের সহকারী কোচ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের প্রধান কোচের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি। আইন কী বলছে? জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ২১ ধারা অনুযায়ী ম্যাচ ফিক্সিংয়ের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড এবং ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার বিধান রয়েছে। ম্যাচ ফিক্সিংয়ে অনধিক ৭ বছর কারাদণ্ড, বা অনূর্ধ্ব ১ কোটি টাকা অর্থদণ্ড, বা উভয়দণ্ড হতে পারে। এ ছাড়া আদালত অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য বা স্থায়ীভাবে সংশ্লিষ্ট ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে পারবে। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদুল ইসলাম বলেন, খেলাটা যখন আনপ্রেডিক্টেবল হবে, তখনই সবাই খেলাকে উপভোগ করবে। কিন্তু এটা যদি আগে থেকেই পূর্বপরিকল্পিত থাকে, তাহলে সেটা অবশ্যই অপরাধ। এবং ফিক্সিংয়ের মতো কাজের সঙ্গে যারা জড়িত, তারা যেই হোক, অবশ্যই তারা অন্যায় কাজ করেছে। ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের শাস্তির বিষয়ে তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা এবং ভবিষ্যতে আয়োজিত কোনো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। জানতে চাইলে রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহফুজর রহমান জানান, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইন রয়েছে। সেখানে মামলা হতে পারে, অর্থদণ্ড ছাড়াও খেলা থেকে বহিষ্কারও হতে পারে। যা বলছে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও রাবি প্রশাসন এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, আমি এমনিতেই প্রতিদিন খেলা দেখতে যেতাম। কিন্তু ফাইনাল খেলায় আমি বারবার বলছিলাম যে মেহেদী বল পাস দিচ্ছে না কেন? আমরা এসব বিষয়ে ন্যূনতম অবগত ছিলাম না এবং অবগত থাকার প্রশ্নই আসে না। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ প্রমাণ হলে অবশ্যই শাস্তি পাবে। উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে গত দুই দিন ধরে রাবি প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। আমি ও মন্ত্রী মহোদয় একসঙ্গে খেলার দ্বিতীয়ার্ধ গ্যালারিতে বসে দেখেছি। সময় যত গড়াচ্ছিল, খেলা দেখে আমার সন্দেহ হচ্ছিল। মনে হচ্ছিল, শুধু মাঝমাঠেই খেলা হচ্ছে, কোনো দলই আক্রমণে যাচ্ছে না। এতে আমরা খেলাটি উপভোগও করতে পারছিলাম না। তবে তখন কাউকে জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি ছিল না। খেলা এত দ্রুত শেষ হওয়া এবং দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করায় আমি ও মন্ত্রী মহোদয় দুজনেই বিস্মিত হয়েছি। তিনি আরও বলেন, পরে জানতে পেরেছি, বাইলজ অনুযায়ী খেলা ড্র হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার নিয়ম ছিল। এ ধরনের নিয়ম স্পোর্টসম্যানশিপের সঙ্গে যায় না। বিষয়টি আগে আমার নজরে আসেনি। হাজারো শিক্ষক-শিক্ষার্থীর সামনে এমন সমাপ্তি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অথচ খেলা চলাকালে এমন কিছু ঘটছে, তা আমরা বুঝতেই পারিনি। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে উপাচার্য বলেন, রাবি স্টেডিয়ামে আমাদের সামনেই এমন ঘটনা ঘটবে, আর আমি তা মেনে নেব, এমন মানসিকতার উপাচার্য আমি নই। এ বিষয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও রুয়েটের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি। কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে চিহ্নিত করে সত্য সামনে আনার এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি। জড়িত যে-ই হোক, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করব না। সার্বিক বিষয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় আজ সকালে আমাকে ফোন করেছিলেন। খেলার বিষয়টি নিয়ে তিনি খুবই বিব্রত। খেলার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে আমাদের জানা নেই। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আমরা অবশ্যই তদন্ত কমিটি গঠন করব। তদন্তে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে শাস্তির আওতায় আনা হবে। আরটিভি/টিআর
‘স্ক্রিপ্টেড’ ফাইনালে আগে থেকেই নির্ধারিত যুগ্ম চ্যাম্পিয়ন, প্রস্তুত ছিল ট্রফিও
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান এবং নতুন কমিটির সদস্যদের বরণ করে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৫-২৬ কার্যবর্ষের বিদায়ী কমিটির সদস্যদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটির সদস্যদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি রাকিব হাসান শিহাব বলেন, আমাদের দায়িত্ব পালনকালে ক্লাবকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা ও উদ্যোগ ছিল। এর মধ্যে ক্লাবের ওয়েবসাইট তৈরি, লোগো উন্নয়ন এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা সম্পন্ন করেছি। এ ছাড়া ক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা হয়তো সব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, তবে আমাদের প্রচেষ্টা ছিল ক্লাবের জন্য ভালো কিছু করা। নতুন যারা দায়িত্ব গ্রহণ করেছ, আমি বিশ্বাস করি, তোমাদের হাত ধরে ক্লাব আরও বহুদূর এগিয়ে যাবে এবং নতুন নতুন সাফল্য অর্জন করবে। নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম বলেন, জাস্ট ফটোগ্রাফিক সোসাইটি টানা ১২ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করছে। ইতোমধ্যে দুটি জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, শিগগিরই তৃতীয়টি অনুষ্ঠিত হবে। নবীনদের উদ্দেশে তিনি বলেন, ক্লাবে যুক্ত হতে অভিজ্ঞতা বা একাডেমিক বর্ষ কোনো বাধা নয়; প্রয়োজন শুধু ফটোগ্রাফির প্রতি আগ্রহ। হাতে থাকা যেকোনো ডিভাইস দিয়েই ফটোগ্রাফির চর্চা শুরু করা সম্ভব। আমরা খুব শিঘ্রই ক্যাম্পাসে ফটোওয়াক এবং আসন্ন শীতে চুড়ামনকাটি বাজারে হাতে-কলমে ফটোগ্রাফি শেখার আয়োজন করবোই ইনশাআল্লাহ।  এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জাস্ট ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের প্রভাষক মো. তৌহিদুজ্জামান এবং ইংরেজি বিভাগের প্রভাষক শরিফুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে ক্লাবটির সদস্যরা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিদেশে অবস্থানরত খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি
বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ৮১ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো প্রশংসাপত্র (Appreciation Letter) দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (OIA)। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ গড়ে তোলা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের পরামর্শদানের সুযোগ তৈরির লক্ষ্যে নেওয়া ‘KU Global Scholars Initiative’-এর আওতায় এ স্বীকৃতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এ প্রশংসাপত্র প্রদান করা হয়। এর আগে সাতজন শিক্ষার্থীকে সরাসরি এবং পরবর্তী সময়ে আরও ৭৪ জনকে চিঠি পাঠানো হয়েছে। সব মিলিয়ে ৮১ জন শিক্ষার্থী এ স্বীকৃতি পেয়েছেন। অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সূত্রে জানা যায়, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের মাধ্যমে একটি গুগল ফর্ম তৈরি করে তাদের তথ্য সংগ্রহ করা হয়। প্রথম চার-পাঁচ দিনের মধ্যেই ৩০ থেকে ৪০ জনের সাড়া পাওয়া যায়। পরবর্তী সময়ে এ সংখ্যা প্রায় ৮১-তে পৌঁছায়। সংগৃহীত তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, ডেনমার্ক, সুইডেন, চীন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাদের অনেকে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণা করছেন। কেউ কেউ শিক্ষকতা ও গবেষণা সহকারী হিসেবেও কাজ করছেন। তাদের উচ্চশিক্ষার অর্থায়নের উৎস হিসেবে রয়েছে MEXT Scholarship, Erasmus Mundus, DAAD-EPOS, Global Korea Scholarship, ICCR, Chinese Government Scholarship, Hong Kong PhD Fellowship Scheme-সহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তি। পাশাপাশি Graduate Research Assistantship, Graduate Teaching Assistantship, Professor Funding এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেলোশিপের মাধ্যমেও অনেকে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। উদ্যোগটির বিষয়ে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো আগে ছিল না। বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে তাদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানা গেলেও সমন্বিতভাবে তাদের তথ্য সংরক্ষণ ও যোগাযোগের ব্যবস্থা ছিল না। অথচ এসব গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সম্পদ এবং আন্তর্জাতিক পরিসরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বলেন, ‘KU Global Scholars Initiative’-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব গ্র্যাজুয়েট ভবিষ্যৎ শিক্ষার্থীদের মেন্টর হিসেবে কাজ করতে পারবেন। একই সঙ্গে তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক অংশীদারত্ব এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। আগে এ ধরনের উদ্যোগ নেওয়া না হওয়ার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে নিজেদের গ্র্যাজুয়েটদের যে ভূমিকা ও দায়বদ্ধতা রয়েছে, তা অন্য কোনো মাধ্যমে একইভাবে পাওয়া সম্ভব নয়। তিনি নিজেও বিদেশে পড়াশোনা ও শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বিষয়টি উপলব্ধি করেছেন। বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে নিজেদের সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সহায়তা করেছে। তার মতে, বিশ্ববিদ্যালয়ের প্রতি সাবেক শিক্ষার্থীদের যে আবেগ ও দায়বদ্ধতা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে এ উদ্যোগের ভূমিকা সম্পর্কে অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও এসব গ্র্যাজুয়েট তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় ধারণ করছেন। তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবস খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য আবেগ ও উদ্‌যাপনের একটি বিশেষ উপলক্ষ। বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে উদ্‌যাপন এবং যাঁরা সরাসরি উপস্থিত হতে পারেননি, তাদেরও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়টি বিবেচনা করেই এ দিন প্রশংসাপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ‘KU Global Scholars Initiative’-এর আওতায় ভবিষ্যতে বিদেশে অবস্থানরত খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তথ্যভান্ডার সমৃদ্ধ করা, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, বর্তমান শিক্ষার্থীদের মেন্টরশিপ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও একাডেমিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আরটিভি/টিআর
বিদেশে অবস্থানরত খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি
বুটেক্সে পাঁচ বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) পাঁচটি বিষয়ে বিনা মূল্যে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপি)-এর আওতায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব টেক্সটাইল প্রফেশনাল ডেভেলপমেন্ট (আইটিপিডি) এসব কোর্স পরিচালনা করবে। পাঁচটি কোর্সে মোট ১০০ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পাবেন। সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, চার মাসমেয়াদি কোর্সগুলো হলো—অ্যাডভান্সড টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল (এটিটিকিউসি), পিএলসি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন (পিএলসিআইএ), আইওটি অ্যাপ্লিকেশনস ইন টেক্সটাইল প্রোডাকশন (আইওটিএটিপি), ডেটা অ্যাপ্লিকেশনস ফর টেক্সটাইল প্রোডাকশন (ডিএটিপি) এবং ফ্যাক্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ (এফএমএল)। প্রতিটি কোর্সে ২০টি করে আসন রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন। কোর্সগুলোতে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। প্রশিক্ষণ উপকরণের খরচ সরকার বহন করবে। পাশাপাশি প্রত্যেক প্রশিক্ষণার্থীকে রিফ্রেশমেন্ট ভাতা দেওয়া হবে। ভর্তির ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের অংশগ্রহণ উৎসাহিত করতে মোট আসনের অন্তত ১৫ শতাংশ সংরক্ষিত রাখা হয়েছে। চারটি কোর্স—এটিটিকিউসি, পিএলসিআইএ, আইওটিএটিপি ও ডিএটিপিতে আবেদনের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, বিজ্ঞানে স্নাতক অথবা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া পাঁচ বছরের কর্ম-অভিজ্ঞতাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন। অন্যদিকে, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ (এফএমএল) কোর্সে আবেদনের জন্য কারখানায় কাজের অভিজ্ঞতাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, উৎপাদন, মান নিয়ন্ত্রণ বা অপারেশন বিভাগে কর্মরত শিল্প পেশাজীবী, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে (আইপিই) স্নাতক অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ১১ ডিসেম্বর সকাল ১০টায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ১৩ ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ১৪ ও ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ২৬ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ এ৪ আকারের খামে পূর্ণাঙ্গ আবেদনপত্র প্রোগ্রাম ডিরেক্টর বরাবর জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা—ইডিপি, সিসিপ-বুটেক্স অফিস, কক্ষ নম্বর ৪০৪, তৃতীয় তলা, প্রশাসনিক ভবন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। আবেদনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত স্বাক্ষরিত আবেদন ফরম, কোর্সে অংশগ্রহণের মোটিভেশন লেটার, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্টের অনুলিপি, নিয়োগকর্তার সম্মতিপত্র, সাম্প্রতিক তোলা দুই কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের অনুলিপি জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্যাডে নিয়োগকর্তার সম্মতিপত্র জমা দিতে হবে। এতে রিপোর্টিং বসের স্বাক্ষরের পাশাপাশি এমডি, সিইও, জিএম, পরিচালক বা ডিজিএমের প্রতিস্বাক্ষর থাকতে হবে। হার্ড কপি জমা দেওয়ার পর প্রাপ্ত সাবমিশন সিরিয়াল নম্বর ব্যবহার করে নির্ধারিত অনলাইন গুগল ফর্ম (https://forms.gle/gkqSUktdG4GZmm7t8) পূরণ করে জমা দিতে হবে। আরটিভি/টিআর
বুটেক্সে পাঁচ বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন
শিক্ষা খাতে বরাদ্দকে কোনো খরচ হিসেবে না দেখে মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, এই বিনিয়োগের মূল লক্ষ্য হলো মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এসব বলেন।  মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিনিধিত্ব করছে। প্রধানমন্ত্রী কেবল সরকার গঠনের পরই নয়, নির্বাচনী প্রচারণায়ও শিক্ষার কথা বারবার বলেছেন এবং জাতিসংঘেও শিক্ষাবিষয়ক রূপকল্প তুলে ধরেছেন। ১৯৮৮ সাল থেকে তার তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা থেকেই সাধারণ ও খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে মাহ্দী আমিন জানান, ২০১১ সাল থেকে গত দেড় দশক ধরে তিনি প্রধানমন্ত্রীর খুব কাছ থেকে শিক্ষা নিয়ে কাজ করেছেন এবং নীতিমালাগুলো দেখেছেন; আর এখন সেই নীতি বাস্তবায়নে কিছুটা হলেও সহযোগিতা করার সুযোগ পেয়েছেন। তিনি উল্লেখ করেন, মিড-ডে কর্মসূচি কিংবা প্রথম শ্রেণি থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী অনেক বছর ধরেই বলে আসছেন। শিক্ষার দুটি মূল উদ্দেশ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রথমত মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে তোলা, যিনি সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করবেন। দ্বিতীয়ত, এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি বা উদ্যোক্তা হয়ে স্বনির্ভর হতে পারে। সহজ কথায়, শিক্ষার মাধ্যমে ‘ভালো মানুষ’ ও ‘কাজের মানুষ’ গড়ে তোলাই লক্ষ্য। নতুন উদ্যোগ ও সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষা, নতুন চারটি বিষয় যুক্ত হচ্ছে। পাশাপাশি উচ্চ শিক্ষায় ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন বাড়ানো, কারিকুলামকে আরও ব্যবহারিক করা এবং মূল্যায়ন পদ্ধতিকে আরও নির্মোহ করার কাজ চলছে।  গত নয় মাসে প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে। বাজেট প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ধারাবাহিকভাবে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্যে প্রথম বছরেই প্রায় ২ শতাংশ করা হয়েছে। বড় বড় ভবন বা অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, শিক্ষা কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের পাশে থাকা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে। জাতির ‘দর্পণ’ হিসেবে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং ইরাবের পাশে থেকে একসাথে পথ চলার প্রত্যয় জানান। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের চলার পথে কোনো ভুলভ্রান্তি হলে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। পাশাপাশি সরকারের ভালো উদ্যোগগুলো বাস্তবায়নে ও প্রসার ঘটাতে সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি। মাহ্দী আমিন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে দর্পণের মতো কাজ করে। শিক্ষা মন্ত্রণালয়ের কোথাও কোনো ত্রুটি থাকলে সাংবাদিকরা তা শুধরে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন এবং ভালো কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবেন, এটাই আমাদের প্রত্যাশা। সামনের দিনগুলোতে ইরাবের নতুন কমিটি শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘদিন ধরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে কাজ করা সাংবাদিকদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, মন্ত্রণালয় কীভাবে চলে এবং এর ভেতরের কার্যক্রম কীভাবে সম্পাদিত হয়, সে বিষয়ে সাংবাদিকদের গভীর ধারণা রয়েছে। তাই মন্ত্রণালয়ের গৃহীত নীতিমালাগুলো বাস্তবায়নে তথ্য ও উপাত্ত দিয়ে এবং ভিন্ন কোনো মতামত থাকলে তা জানিয়ে প্রতিটি মুহূর্তে সহযোগিতা করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। ​ইরাবের সদস্যদের সঙ্গে নিজের ঘনিষ্ঠ পেশাগত সম্পর্কের কথা স্মরণ করে মাহ্দী আমিন জানান, ইতিপূর্বে তিনি অনেকের সঙ্গেই মতবিনিময় করেছেন এবং সামনের দিনগুলোতেও এই আলোচনা আরও বাড়ানোর চেষ্টা করবেন। ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, ইরাবের বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ও নূর মোহাম্মদ প্রমুখ। প্রসঙ্গত, ইরাব দীর্ঘদিন ধরে শিক্ষা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করে আসছে। আরটিভি/এসআর              
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন
আরও পড়ুন
পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখলে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
নিকাব পরা এমপিদেরকে সংসদে বিএনপি নেতা— ‘বুঝলাম না, আপনারা কারা?’
ভোটকেন্দ্রে মুখের নিকাব খুলতে হবে কিনা জেনে নিন