ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বুটেক্সে পাঁচ বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ

বুটেক্স সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি : আরটিভি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) পাঁচটি বিষয়ে বিনা মূল্যে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপি)-এর আওতায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব টেক্সটাইল প্রফেশনাল ডেভেলপমেন্ট (আইটিপিডি) এসব কোর্স পরিচালনা করবে। পাঁচটি কোর্সে মোট ১০০ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পাবেন।

সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, চার মাসমেয়াদি কোর্সগুলো হলো—অ্যাডভান্সড টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল (এটিটিকিউসি), পিএলসি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন (পিএলসিআইএ), আইওটি অ্যাপ্লিকেশনস ইন টেক্সটাইল প্রোডাকশন (আইওটিএটিপি), ডেটা অ্যাপ্লিকেশনস ফর টেক্সটাইল প্রোডাকশন (ডিএটিপি) এবং ফ্যাক্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ (এফএমএল)। প্রতিটি কোর্সে ২০টি করে আসন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।

কোর্সগুলোতে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। প্রশিক্ষণ উপকরণের খরচ সরকার বহন করবে। পাশাপাশি প্রত্যেক প্রশিক্ষণার্থীকে রিফ্রেশমেন্ট ভাতা দেওয়া হবে। ভর্তির ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের অংশগ্রহণ উৎসাহিত করতে মোট আসনের অন্তত ১৫ শতাংশ সংরক্ষিত রাখা হয়েছে।

চারটি কোর্স—এটিটিকিউসি, পিএলসিআইএ, আইওটিএটিপি ও ডিএটিপিতে আবেদনের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, বিজ্ঞানে স্নাতক অথবা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া পাঁচ বছরের কর্ম-অভিজ্ঞতাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন।

অন্যদিকে, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ (এফএমএল) কোর্সে আবেদনের জন্য কারখানায় কাজের অভিজ্ঞতাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, উৎপাদন, মান নিয়ন্ত্রণ বা অপারেশন বিভাগে কর্মরত শিল্প পেশাজীবী, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে (আইপিই) স্নাতক অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ১১ ডিসেম্বর সকাল ১০টায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে। ১৩ ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ১৪ ও ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ২৬ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ এ৪ আকারের খামে পূর্ণাঙ্গ আবেদনপত্র প্রোগ্রাম ডিরেক্টর বরাবর জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা—ইডিপি, সিসিপ-বুটেক্স অফিস, কক্ষ নম্বর ৪০৪, তৃতীয় তলা, প্রশাসনিক ভবন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

আবেদনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত স্বাক্ষরিত আবেদন ফরম, কোর্সে অংশগ্রহণের মোটিভেশন লেটার, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্টের অনুলিপি, নিয়োগকর্তার সম্মতিপত্র, সাম্প্রতিক তোলা দুই কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের অনুলিপি জমা দিতে হবে।

চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্যাডে নিয়োগকর্তার সম্মতিপত্র জমা দিতে হবে। এতে রিপোর্টিং বসের স্বাক্ষরের পাশাপাশি এমডি, সিইও, জিএম, পরিচালক বা ডিজিএমের প্রতিস্বাক্ষর থাকতে হবে।

হার্ড কপি জমা দেওয়ার পর প্রাপ্ত সাবমিশন সিরিয়াল নম্বর ব্যবহার করে নির্ধারিত অনলাইন গুগল ফর্ম (https://forms.gle/gkqSUktdG4GZmm7t8) পূরণ করে জমা দিতে হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিদেশে অবস্থানরত খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি
বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ৮১ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো প্রশংসাপত্র (Appreciation Letter) দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (OIA)। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ গড়ে তোলা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের পরামর্শদানের সুযোগ তৈরির লক্ষ্যে নেওয়া ‘KU Global Scholars Initiative’-এর আওতায় এ স্বীকৃতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এ প্রশংসাপত্র প্রদান করা হয়। এর আগে সাতজন শিক্ষার্থীকে সরাসরি এবং পরবর্তী সময়ে আরও ৭৪ জনকে চিঠি পাঠানো হয়েছে। সব মিলিয়ে ৮১ জন শিক্ষার্থী এ স্বীকৃতি পেয়েছেন। অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সূত্রে জানা যায়, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারের মাধ্যমে একটি গুগল ফর্ম তৈরি করে তাদের তথ্য সংগ্রহ করা হয়। প্রথম চার-পাঁচ দিনের মধ্যেই ৩০ থেকে ৪০ জনের সাড়া পাওয়া যায়। পরবর্তী সময়ে এ সংখ্যা প্রায় ৮১-তে পৌঁছায়। সংগৃহীত তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, ডেনমার্ক, সুইডেন, চীন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাদের অনেকে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণা করছেন। কেউ কেউ শিক্ষকতা ও গবেষণা সহকারী হিসেবেও কাজ করছেন। তাদের উচ্চশিক্ষার অর্থায়নের উৎস হিসেবে রয়েছে MEXT Scholarship, Erasmus Mundus, DAAD-EPOS, Global Korea Scholarship, ICCR, Chinese Government Scholarship, Hong Kong PhD Fellowship Scheme-সহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তি। পাশাপাশি Graduate Research Assistantship, Graduate Teaching Assistantship, Professor Funding এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেলোশিপের মাধ্যমেও অনেকে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। উদ্যোগটির বিষয়ে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো আগে ছিল না। বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে তাদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানা গেলেও সমন্বিতভাবে তাদের তথ্য সংরক্ষণ ও যোগাযোগের ব্যবস্থা ছিল না। অথচ এসব গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সম্পদ এবং আন্তর্জাতিক পরিসরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি বলেন, ‘KU Global Scholars Initiative’-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব গ্র্যাজুয়েট ভবিষ্যৎ শিক্ষার্থীদের মেন্টর হিসেবে কাজ করতে পারবেন। একই সঙ্গে তাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক অংশীদারত্ব এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। আগে এ ধরনের উদ্যোগ নেওয়া না হওয়ার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে নিজেদের গ্র্যাজুয়েটদের যে ভূমিকা ও দায়বদ্ধতা রয়েছে, তা অন্য কোনো মাধ্যমে একইভাবে পাওয়া সম্ভব নয়। তিনি নিজেও বিদেশে পড়াশোনা ও শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বিষয়টি উপলব্ধি করেছেন। বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে নিজেদের সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সহায়তা করেছে। তার মতে, বিশ্ববিদ্যালয়ের প্রতি সাবেক শিক্ষার্থীদের যে আবেগ ও দায়বদ্ধতা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে এ উদ্যোগের ভূমিকা সম্পর্কে অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও এসব গ্র্যাজুয়েট তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় ধারণ করছেন। তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবস খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য আবেগ ও উদ্‌যাপনের একটি বিশেষ উপলক্ষ। বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে উদ্‌যাপন এবং যাঁরা সরাসরি উপস্থিত হতে পারেননি, তাদেরও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়টি বিবেচনা করেই এ দিন প্রশংসাপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ‘KU Global Scholars Initiative’-এর আওতায় ভবিষ্যতে বিদেশে অবস্থানরত খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তথ্যভান্ডার সমৃদ্ধ করা, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, বর্তমান শিক্ষার্থীদের মেন্টরশিপ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও একাডেমিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আরটিভি/টিআর
বিদেশে অবস্থানরত খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন
শিক্ষা খাতে বরাদ্দকে কোনো খরচ হিসেবে না দেখে মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, এই বিনিয়োগের মূল লক্ষ্য হলো মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এসব বলেন।  মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিনিধিত্ব করছে। প্রধানমন্ত্রী কেবল সরকার গঠনের পরই নয়, নির্বাচনী প্রচারণায়ও শিক্ষার কথা বারবার বলেছেন এবং জাতিসংঘেও শিক্ষাবিষয়ক রূপকল্প তুলে ধরেছেন। ১৯৮৮ সাল থেকে তার তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা থেকেই সাধারণ ও খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে মাহ্দী আমিন জানান, ২০১১ সাল থেকে গত দেড় দশক ধরে তিনি প্রধানমন্ত্রীর খুব কাছ থেকে শিক্ষা নিয়ে কাজ করেছেন এবং নীতিমালাগুলো দেখেছেন; আর এখন সেই নীতি বাস্তবায়নে কিছুটা হলেও সহযোগিতা করার সুযোগ পেয়েছেন। তিনি উল্লেখ করেন, মিড-ডে কর্মসূচি কিংবা প্রথম শ্রেণি থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী অনেক বছর ধরেই বলে আসছেন। শিক্ষার দুটি মূল উদ্দেশ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রথমত মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে তোলা, যিনি সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করবেন। দ্বিতীয়ত, এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি বা উদ্যোক্তা হয়ে স্বনির্ভর হতে পারে। সহজ কথায়, শিক্ষার মাধ্যমে ‘ভালো মানুষ’ ও ‘কাজের মানুষ’ গড়ে তোলাই লক্ষ্য। নতুন উদ্যোগ ও সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষা, নতুন চারটি বিষয় যুক্ত হচ্ছে। পাশাপাশি উচ্চ শিক্ষায় ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন বাড়ানো, কারিকুলামকে আরও ব্যবহারিক করা এবং মূল্যায়ন পদ্ধতিকে আরও নির্মোহ করার কাজ চলছে।  গত নয় মাসে প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে। বাজেট প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ধারাবাহিকভাবে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্যে প্রথম বছরেই প্রায় ২ শতাংশ করা হয়েছে। বড় বড় ভবন বা অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, শিক্ষা কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের পাশে থাকা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে। জাতির ‘দর্পণ’ হিসেবে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং ইরাবের পাশে থেকে একসাথে পথ চলার প্রত্যয় জানান। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের চলার পথে কোনো ভুলভ্রান্তি হলে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। পাশাপাশি সরকারের ভালো উদ্যোগগুলো বাস্তবায়নে ও প্রসার ঘটাতে সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি। মাহ্দী আমিন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে দর্পণের মতো কাজ করে। শিক্ষা মন্ত্রণালয়ের কোথাও কোনো ত্রুটি থাকলে সাংবাদিকরা তা শুধরে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন এবং ভালো কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবেন, এটাই আমাদের প্রত্যাশা। সামনের দিনগুলোতে ইরাবের নতুন কমিটি শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘদিন ধরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে কাজ করা সাংবাদিকদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, মন্ত্রণালয় কীভাবে চলে এবং এর ভেতরের কার্যক্রম কীভাবে সম্পাদিত হয়, সে বিষয়ে সাংবাদিকদের গভীর ধারণা রয়েছে। তাই মন্ত্রণালয়ের গৃহীত নীতিমালাগুলো বাস্তবায়নে তথ্য ও উপাত্ত দিয়ে এবং ভিন্ন কোনো মতামত থাকলে তা জানিয়ে প্রতিটি মুহূর্তে সহযোগিতা করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান। ​ইরাবের সদস্যদের সঙ্গে নিজের ঘনিষ্ঠ পেশাগত সম্পর্কের কথা স্মরণ করে মাহ্দী আমিন জানান, ইতিপূর্বে তিনি অনেকের সঙ্গেই মতবিনিময় করেছেন এবং সামনের দিনগুলোতেও এই আলোচনা আরও বাড়ানোর চেষ্টা করবেন। ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, ইরাবের বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ও নূর মোহাম্মদ প্রমুখ। প্রসঙ্গত, ইরাব দীর্ঘদিন ধরে শিক্ষা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করে আসছে। আরটিভি/এসআর              
শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন
পদোন্নতি পেলেন জুলাইয়ে শিক্ষার্থীদের পুলিশে ধরিয়ে দেওয়া সেই শিক্ষক
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতার অভিযোগে সমালোচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পদোন্নতি পেয়েছেন।  শিক্ষার্থীদের গ্রেপ্তারে সহযোগিতা ও আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে তাঁর ভূমিকা নিয়ে সে সময় ক্যাম্পাসে ব্যাপক ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছিল। তবে এসব অভিযোগের তদন্ত কিংবা জবাবদিহি নিশ্চিত না করেই তাকে উচ্চতর স্কেলের গ্রেড-২ পদে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  পদোন্নতির পর উপাচার্যের কাছ থেকে ফুলেল শুভেচ্ছাও পেয়েছেন তিনি। এ ঘটনায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। গত বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় উচ্চতর স্কেলের গ্রেড-১ ও গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।  এতে দুইজন অধ্যাপক গ্রেড-১ এবং ১৪ জন অধ্যাপক গ্রেড-২ পদে পদোন্নতি পান। তাদের মধ্যে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন। ওই সময় আন্দোলনে অংশ নেওয়ায় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবীকে ১৯ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।  এ ছাড়া ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল নিয়ে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়ে সে সময় থেকেই ক্যাম্পাসে অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা একজন প্রক্টরের বিরুদ্ধে শিক্ষার্থী গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ ওঠায় বিষয়টি ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অভিযোগগুলোর তদন্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত না করে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জুলাই আন্দোলনের সময় সাবেক প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারে সহযোগিতার অভিযোগ তোলা সমন্বয়ক ও জকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক নূর নবী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালনের সুবাদে তৎকালীন প্রক্টর জাহাঙ্গীরের প্রত্যক্ষ মদদ ও নেতৃত্বে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা এবং তাদের পুলিশের গুলির মুখে ঠেলে দেওয়ার ঘটনা কাছ থেকে দেখেছি।  তিনি বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই লক্ষ্মীবাজার ও আশপাশের এলাকায় নির্বিচার গুলিতে ১৭ জন শহীদ হন। আন্দোলনের নেতৃস্থানীয় হিসেবে আমাকেও গুম করানো হয়েছিল। অথচ এসব অভিযোগের পরও বর্তমান উপাচার্য সাবেক ওই প্রক্টরকে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করেছেন। উপাচার্যের সমালোচনা করে নূর নবী আরও বলেন, এ ঘটনাকে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছি। প্রকাশ্যে সন্ত্রাসবিরোধী অবস্থান দেখালেও পর্দার আড়ালে নিপীড়কদের পুনর্বাসনের মাধ্যমে বর্তমান উপাচার্যের দ্বিচারিতা ও ভণ্ডামি প্রকাশ পেয়েছে। এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর গুলি ও গ্রেপ্তারের ঘটনায় প্রক্টর জাহাঙ্গীরের ভূমিকা আমরা ভুলিনি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পদোন্নতি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রশাসন তার সঙ্গে সমঝোতা করলেও আমরা তাকে ছাড় দেব না। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল আরটিভিকে বলেন, আমরা আজ অনানুষ্ঠানিকভাবে উপাচার্য স্যারকে জানিয়েছি, জুলাইয়ে যাঁদের হাতে রক্ত লেগে আছে, তাদের এ ধরনের পদোন্নতি আমরা মেনে নেব না। উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন, এটি একটি একাডেমিক নিয়ম। কিন্তু আমরা বলেছি, একাডেমিক নিয়মের বেড়াজালে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া চলবে না। আমরা উপাচার্যের কাছে বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছি।  ‘এ ছাড়া যেহেতু এটি একাডেমিক ও ইউজিসির প্রচলিত নিয়মের বিষয়, তাই ছাত্রদলের পক্ষ থেকে ইউজিসির কাছেও চিঠি দেওয়া হবে। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে যেন একাডেমিকভাবেই ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি জানাব।’ জকসুর ভিপি রিয়াজুল ইসলাম আরটিভিকে বলেন, সাবেক প্রক্টর জাহাঙ্গীর সরাসরি জুলাই বিপ্লবের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের স্বার্থে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তার মতো একজন চিহ্নিত স্বৈরাচারকে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন যেভাবে সংবর্ধনা দিয়েছেন, তাতে আমরা মনে করি, তিনি জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের সঙ্গে তামাশা করেছেন।  ‘উপরে উপরে স্বৈরাচারবিরোধী র‍্যালি ও সমাবেশ করছেন, অন্যদিকে এমন ব্যক্তিদের ডেকে এনে পদোন্নতি দিচ্ছেন। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম দ্বিচারিতা এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। সমাজে ভালো সাজতে তিনি অভিনব কৌশল অবলম্বন করছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন দৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডেরও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই পদোন্নতি বাতিল করতে হবে এবং কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে এই প্রতারণার জবাব উপাচার্যকে দিতে হবে।’ শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনের সময় যাদের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অভিযোগগুলোর নিষ্পত্তি না করে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তাদের দাবি, পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি ওই সময়ের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত করতে হবে। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি। আরটিভি/এসআর  
পদোন্নতি পেলেন জুলাইয়ে শিক্ষার্থীদের পুলিশে ধরিয়ে দেওয়া সেই শিক্ষক
পরিচয় গোপন রেখে খাতা মূল্যায়ন, হাবিপ্রবিতে কবে?
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষার্থীর পরিচয় গোপন রাখার উদ্যোগ নিচ্ছে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়। পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তে নির্দিষ্ট কোড ব্যবহার করে উত্তরপত্র মূল্যায়নের এ পদ্ধতি ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। একই উদ্যোগ নিচ্ছে দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (হাবিপ্রবি) পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে প্রাথমিকভাবে ছয়টি বিভাগে কোডিং পদ্ধতি বাস্তবায়ন শুরু হয়েছে। এ পদ্ধতিতে উত্তরপত্রের মলাটে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও নির্দিষ্ট কোডের জন্য পৃথক অংশ রাখা হয়। পরীক্ষকের কাছে খাতা পাঠানোর আগে পরিচয়-সংক্রান্ত অংশটি আলাদা করে সংরক্ষণ করা হয়। ফলে পরীক্ষক শিক্ষার্থীর নাম, রোল নম্বর বা পরিচয় না জেনেই উত্তরপত্র মূল্যায়ন করতে পারেন। এদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে পরীক্ষামূলকভাবে কোডিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের এ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এ পদ্ধতি চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রচলিত পদ্ধতিতে পরীক্ষার খাতায় শিক্ষার্থীর রোল নম্বর দৃশ্যমান থাকায় পূর্বপরিচিত শিক্ষার্থীদের শনাক্ত করার সুযোগ তৈরি হতে পারে। এতে মূল্যায়নের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক, পরিচিতি কিংবা অন্য কোনো কারণে পক্ষপাতের আশঙ্কা থাকে। কোডিং পদ্ধতিতে পরীক্ষার্থীর পরিচয় গোপন থাকায় এ ধরনের ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীর মেধা ও উত্তরপত্রের মানের ভিত্তিতে নম্বর দেওয়ার পরিবেশ তৈরি হতে পারে। হাবিপ্রবিতেও পরীক্ষার খাতা মূল্যায়নে পক্ষপাতিত্বের অভিযোগ ও অসন্তোষের বিষয়টি আলোচনায় এসেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান সজীব কুমার রায়ের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কম নম্বর দেওয়ার অভিযোগ তোলেন। এ বিষয়ে কৃষি অনুষদের শিক্ষার্থী দিশা বলেন, কোডিং পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ পদ্ধতি চালু হচ্ছে। তাই শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের বিশ্ববিদ্যালয়েও এ পদ্ধতি চালু করা উচিত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের শিক্ষার্থী আরাফাত বলেন, কোডিং পদ্ধতি চালু হলে খাতা মূল্যায়নে স্বজনপ্রীতির সুযোগ কমবে এবং পরীক্ষার ফলাফলের প্রতি শিক্ষার্থীদের আস্থা বাড়বে। তাই প্রশাসনের উচিত এ পদ্ধতি চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। হাবিপ্রবির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মোবারক হোসেন বলেন, কোডিং পদ্ধতি একটি আধুনিক ব্যবস্থা। আমরা মাঝেমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে এমন অভিযোগ পাই যে, তারা প্রত্যাশিত ফলাফল পাননি কিংবা কোনো কারণে রোষানলের শিকার হয়েছেন। কোডিং পদ্ধতি চালু হলে এ ধরনের বৈষম্য কমানো সম্ভব। আমি হাবিপ্রবিতে এ পদ্ধতি চালুর বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীদের প্রত্যাশা, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হাবিপ্রবিতেও দ্রুত কোডিং পদ্ধতি চালুর উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরটিভি/টিআর
পরিচয় গোপন রেখে খাতা মূল্যায়ন, হাবিপ্রবিতে কবে?
বেরোবিতে উপাচার্যের দপ্তরে মারামারি, চার কর্মকর্তা বহিষ্কার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের দপ্তরে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের তিন নেতাসহ চার কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক বহিষ্কৃত কর্মকর্তারা হলেন জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার কর্মকর্তা ড. জিয়াউল হক, ফোরামের সভাপতি ও রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা ড. রোকনুজ্জামান, ফোরামের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় লাইব্রেরির গ্রন্থাগারিক মামদুদুর রহমান এবং সংস্থাপন শাখার কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। এর আগে, ৪ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর দপ্তরে দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনার একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে কথাকাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এতে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম আহত হন। তাঁর বাম চোখের নিচে আঘাত লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ৫ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত শেষে ২৫ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয়। আরটিভি/টিআর
বেরোবিতে উপাচার্যের দপ্তরে মারামারি, চার কর্মকর্তা বহিষ্কার
আরও পড়ুন
তীব্র গ্যাসসংকটে বুটেক্সের আবাসিক হল, ভোগান্তিতে শিক্ষার্থীরা
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম
রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি, হংকংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় বুটেক্সের আরিয়ানের দল
চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেলেন বুটেক্সের পাঁচ শিক্ষার্থী