
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের সূত্রে জানা গেছে, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে শহীদ আব্দুর রব হলের একটি অংশে নিজ বিভাগের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আরিফুল। এ সময় তিনি বিদ্যুতায়িত অবস্থায় সেখানে ঝুলে থাকেন। পরে পুরো হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘প্রাণিবিদ্যা বিভাগের ২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। চবি মেডিকেল থেকে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
চবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম রাত ১০টা ৫০ মিনিটে জানান, গুরুতর আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু নিশ্চিত করা হয়।
আরটিভি/এমএইচজে


