ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ভয়ংকর সেই ভাতার মারিতে গড়ে উঠছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম
ছবি: সংগৃহীত

একসময় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই নেমে আসত নীরবতা। ডাকাত ও ছিনতাইকারীদের আতঙ্কে অন্ধকার হওয়ার আগেই দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনাও ছিল নিয়মিত। পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের সেই ভাতার মারি রেলক্রসিং এলাকাতেই এবার গড়ে উঠছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভাতার মারিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিনের আতঙ্কের এই এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নতুন আশার সঞ্চার।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইসরাফিল শাহীন, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের পাশাপাশি শুরু হয়েছে প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাতার মারি রেলক্রসিং এলাকা কয়েক দশক ধরে ডাকাত ও ছিনতাইকারীদের কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ছিল। সন্ধ্যা ঘনিয়ে এলেই এ সড়কে মানুষের চলাচল কমে যেত। অন্ধকার নামার পর অনেকেই নিরাপত্তার কথা ভেবে এ পথ এড়িয়ে চলতেন।

মহেষালী গ্রামের ৭০ বছর বয়সী বাসিন্দা মজিবর রহমান বলেন, বেলা গড়িয়ে সন্ধ্যা হলেই ভয়ে এ সড়কে মানুষের চলাচল বন্ধ হয়ে যেত। কয়েক যুগ ধরে ডাকাতেরা পথচারীদের জিম্মি করে টাকা-পয়সা ও মালামাল লুটে নিয়েছে। তাদের হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এ কারণে সন্ধ্যার পর ভাতার মারি দিয়ে চলাচল করাটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ভাতার মারির সেই পুরোনো চিত্র এখন বদলে যাওয়ার প্রত্যাশা স্থানীয়দের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এলাকায় প্রথম চায়ের দোকান দেওয়া ৪৫ বছর বয়সী মর্জিনা বেগমের কাছেও ভাতার মারির অতীত মানেই আতঙ্কের স্মৃতি। তিনি জানান, ডাকাতের ভয়ে সন্ধ্যা হলেই দোকানের মালামাল গুটিয়ে বাড়ি ফিরে যেতে হতো। এখন ওই এলাকায় বিশ্ববিদ্যালয় হচ্ছে—এ খবর তাঁর মনে স্বস্তি এনে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে নিরাপদ পরিবেশে নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন বলে আশা করছেন তিনি।

স্থানীয়দের ধারণা, বিশ্ববিদ্যালয় চালু হলে ভাতার মারির চেহারাই বদলে যাবে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মুখর হয়ে উঠবে এলাকা। এর পাশাপাশি বাড়বে ব্যবসা-বাণিজ্য, তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। বদল আসবে এলাকার সামাজিক ও অর্থনৈতিক পরিবেশেও।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসরাফিল শাহীন বলেন, শিক্ষার্থীদের পাঠদান শুরুর লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রাথমিকভাবে ছয়টি বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এসব বিভাগের অনুমোদন পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, এখন পর্যন্ত ভাতার মারি এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে বিশেষ পুলিশি নিরাপত্তা জোরদার করা হবে।

একসময় যে ভাতার মারি ছিল সন্ধ্যার পর আতঙ্কের নাম, সেখানেই এখন তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা। স্থানীয়দের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের হাত ধরে শুধু শিক্ষার সুযোগই বাড়বে না, বদলে যাবে এলাকার দীর্ঘদিনের পরিচিতিও। অপরাধ ও আতঙ্কের জায়গা পেরিয়ে ভাতার মারি হয়ে উঠবে শিক্ষা, ব্যবসা ও নিরাপদ জনজীবনের নতুন কেন্দ্র।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ববিতে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) Organization of Disaster Management (ODM)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন। এতে একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের ৩৪ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মশালায় মানসিক চাপের কারণ, চাপ মোকাবিলার বিভিন্ন কৌশল, আত্মসচেতনতা এবং প্রয়োজনের সময় যথাযথ সহায়তা নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যক্তিগত ও একাডেমিক জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ODM-এর কেন্দ্রীয় বোর্ড সদস্য মো. জুনায়েদ রাব্বি প্রকাশ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা প্রথমবারের মতো ডেডিকেটেডভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্টের’ ওপর কর্মশালা আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ আমাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং কর্মশালাটি আয়োজনে প্রশাসনিক সহযোগিতা দিয়েছেন। তিনি বলেন, যুবদের মধ্যে দ্রুতগতিতে মানসিক অবসাদ বৃদ্ধি এবং অনেকের অজান্তেই বিভিন্ন মানসিক সমস্যার দিকে ঝুঁকে পড়ার বিষয়টি উদ্বেগের। একজন মানুষের সুস্থ জীবনের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা ও সহায়তার আওতায় আসার জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে জানা জরুরি। ODM-এর সভাপতি জয় দাস বলেন, আমাদের সমাজে, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, কেউ Mental Disorder, Depression বা Anxiety-এর মতো বিষয় নিয়ে কথা বললে অনেক সময় তাকে নেতিবাচকভাবে দেখা হয়। আমাদের মূল উদ্দেশ্য ছাত্রসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন কঠিন সময়ে কীভাবে নিজেকে ভালো রাখতে ও পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সে বিষয়ে সচেতন হয়—আমরা সেই জায়গায় কাজ করতে চাই। হয়তো এটি খুব বড় কোনো উদ্যোগ নয়, কিন্তু এই ছোট উদ্যোগই কারও জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মসচেতনতা ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। আরটিভি/টিআর
ববিতে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা
বসতভিটা না থাকায় নিয়োগে বাদ পড়লেন ইবি শিক্ষার্থী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উপজেলা পর্যায়ে ১৭তম হয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী মিশন আচার্য। তবে স্থায়ী ঠিকানায় নিজের বসতভিটা না থাকায় শেষ পর্যন্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান এলাকায়। তার দাবি, জন্মের পর থেকে একই এলাকায় বসবাস করলেও নিজের নামে কোনো বসতভিটা না থাকায় চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। মিশন আচার্য জানান, তার স্থায়ী ঠিকানায় কোনো বসতভিটা নেই। তার বাবা বহু বছর আগে পরিবার ছেড়ে চলে যাওয়ায় বাবার ঠিকানা থেকে তিনি বঞ্চিত হন। এরপর থেকে তিনি মায়ের সঙ্গে ঝিনাইদহে ভাড়া বাসায় বসবাস করছেন। কলাবাগান এলাকাতেই তার জন্ম এবং জন্মের পর থেকে সেখানেই তিনি বসবাস করে আসছেন। তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এর মধ্যে ১৮০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। দুজন নিয়োগপত্র পাননি। তাদের একজনের বিরুদ্ধে মামলা রয়েছে এবং অপরজন তিনি নিজে। উপজেলা পর্যায়ে তিনি ১৭তম স্থান অধিকার করেন বলে জানান। মিশন আচার্যের দাবি, সরকারি চাকরির ক্ষেত্রে জমিজমা-সংক্রান্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে—এমন ধারণা থেকে তার খালু গ্রামের এলাকায় তার নামে দুই শতক জমি লিখে দেন। পুলিশ তদন্তের সময় তিনি ওই জমির দলিলও জমা দেন। তবে সেখানে তার কোনো বসতবাড়ি নেই এবং তিনি কখনো ওই জমিতে বসবাস করেননি। তিনি আরও জানান, পুলিশকে প্রথমে ভূমিহীন সনদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তাকে জমির দলিল জমা দিলেই হবে বলে জানানো হয়। সে অনুযায়ী তিনি দলিল জমা দেন। পরে স্থায়ী ঠিকানায় বসতভিটা না থাকায় তাকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মিশন আচার্য বলেন, আমার মা বাসাবাড়িতে কাজ করে আমাকে বড় করেছেন। আমাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। আমি কোনো রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমি সরকারের কাছে আমার চাকরিটি ফিরিয়ে দেওয়ার জন্য সদয় বিবেচনার অনুরোধ করছি। তিনি আরও বলেন, আমার কী দোষ? ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ? রাষ্ট্র আমার ভোট নিচ্ছে, আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে; কিন্তু চাকরি দিচ্ছে না। মনে হচ্ছে, রাষ্ট্রের কাছে আমার মেধা ও পরিশ্রমের চেয়ে জমিজমার মূল্য বেশি। এর থেকে কষ্টের আর কী হতে পারে? নতুন করে পড়াশোনা করে অন্য কিছু করার বয়সও প্রায় শেষের দিকে। এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, মিশন আচার্যের নিয়োগের বিষয়ে স্থায়ী ঠিকানা নিয়ে একটি জটিলতা দেখা দিয়েছে। প্রাথমিক শিক্ষা অফিস থেকে ইতোমধ্যে বিষয়টি লিখিতভাবে শিক্ষা অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। আশা করছি, বিষয়টি সমাধান হবে। আরটিভি/টিআর
বসতভিটা না থাকায় নিয়োগে বাদ পড়লেন ইবি শিক্ষার্থী
উপাচার্য পুনর্বহালের দাবি: বৃষ্টি উপেক্ষা করে ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছুটির দিনও টানা বৃষ্টিকেও উপেক্ষা করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উপাচার্য পুনর্বহালের দাবি: বৃষ্টি উপেক্ষা করে ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
সরকারের গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন রাবির ৩ শিক্ষক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দিতে যাচ্ছে সরকার।
সরকারের গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন রাবির ৩ শিক্ষক
হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণে অংশ নিলেন চবি উপাচার্য 
চট্টগ্রামের হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে কৃষকদের হাতে কার্ড তুলে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
হাটহাজারীতে কৃষক কার্ড বিতরণে অংশ নিলেন চবি উপাচার্য 
আরও পড়ুন
ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষার আহ্বান রাষ্ট্রপতির