
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ‘পৃথিবীর কোনো জ্যোতিষী, পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থাও চিন্তা করেনি আওয়ামী লীগ এভাবে পালাইয়া বিদায় নিবে।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেন্ট্রাল অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘৭৫ সালে মাত্র কয়েকজন কর্মকর্তা একটা ঘটনা ঘটিয়েছিল। কিন্তু বিশাল রক্ষী বাহিনী টু শব্দ পর্যন্ত করে নাই। আমার আল্লাহ যা চান তাই হবে।’
মন্ত্রী বলেন, আমি একটা কথা আপনাদেরকে যারা মুরুব্বি, তাদেরকে বলতে চাই ৭৫ সালে যে ঘটনাটা ঘটেছিল, মাত্র কয়েকজন কর্মকর্তা একটা বিশাল ঘটনা ঘটিয়েছিল। সেদিন কিন্তু বিশাল রক্ষীবাহিনী শেখ মুজিবকে তার পরিবারকে এবং আওয়ামী লীগকে রক্ষা করার জন্য অপেক্ষা করছিল। সেই রক্ষীবাহিনী কিন্তু টুঁ শব্দও করেনি। তারা কিন্তু টুঁ শব্দ করেনি। আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস থাকতে হবে।
অনুষ্ঠানে হামদ, নাতে রাসুল, কেরাত ও রসূলের জীবনীর ওপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। উপস্থিত আলোচকরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উৎযাপন ২০২৬ শীর্ষক অনুষ্ঠান সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী। প্রধান আলোচক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
আরটিভি/এসএস




