
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ আবু তৈয়ব (হাবিলদার)।
মুহাম্মাদ আবু তৈয়ব ২০০১-২০০২ শিক্ষাবর্ষে উর্দু বিভাগে ভর্তি হন। ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ তিনি সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ‘ছি ছি, জিন্নাহ’ বলতে বলতে সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভেঙে ফেলছেন। পরে ওই ব্যক্তির পরিচয় মুহাম্মাদ আবু তৈয়ব হিসেবে জানা যায়।
এর আগে, সংস্কারকাজ শেষে রোববার (১৩ সেপ্টেম্বর) ডাকসুর সংগ্রহশালাটি পুনরায় চালু করা হয়। সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি সংযুক্ত করা হয়েছিল।
ছবিগুলোর মধ্যে একটি ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া জিন্নাহর বক্তব্যের সময়ের। ওই বক্তব্যে তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে একমাত্র ভাষা করার কথা বলেছিলেন।
জিন্নাহর ছবি সংগ্রহশালায় প্রদর্শন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর মধ্যেই সোমবার দুপুরে সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনা ঘটল।
আরটিভি/এসকে




