
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আপত্তিকর অবস্থায় আটক সেই শিক্ষার্থী প্রেমিক যুগলকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উভয় পরিবারের উপস্থিতিতে আলোচনা শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি এবং সহকারী প্রক্টররা।
এর আগে, শুক্রবার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি মেসের পাশের কাঁঠালবাগান থেকে ওই দুই শিক্ষার্থীকে স্থানীয়রা আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। পরে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে পরে উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনা শেষে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, ছেলে-মেয়ে দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধির আওতায় পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
আরটিভি/এসকে


