ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

নিরপেক্ষ ও দায়িত্বশীল বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই: জজ নিয়োগে প্রথম সিয়াম

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
আরিফুল করিম সিয়াম। ছবি: সংগৃহীত

স্বপ্ন ছিল বিচারকের আসনে বসার। সেই স্বপ্ন পূরণে দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে এগিয়ে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম। নানা চ্যালেঞ্জ পেরিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় এবার প্রথম স্থান অর্জন করেছেন তিনি। তার এই সাফল্যের পেছনে রয়েছে পরিকল্পিত প্রস্তুতি, নিরলস পরিশ্রম এবং পরিবারের অনুপ্রেরণা।

এবার জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার গল্প নিয়ে আরটিভির মুখোমুখি হয়েছেন আরিফুল হক সিয়াম। সাক্ষাৎকার নিয়েছেন আরটিভির রাবি সংবাদদাতা সায়েম চৌধুরী।

আরটিভি: বিচারক হওয়ার স্বপ্ন কখন এবং কীভাবে তৈরি হয়েছিল?

আরিফুল করিম সিয়াম: জজ হওয়ার ইচ্ছাটা আসলে হঠাৎ করে তৈরি হয়নি। আইন পড়তে শুরু করার পর থেকেই বিচার বিভাগ আমাকে বিশেষভাবে আকর্ষণ করত। একজন বিচারক একই সঙ্গে আইন, যুক্তি, ন্যায়বোধ এবং মানুষের প্রতি দায়িত্ববোধ, এই চারটি বিষয়কে ধারণ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বিভিন্ন মামলার রায়, বিচারিক সিদ্ধান্ত এবং বিচারকদের ভূমিকা নিয়ে পড়তে গিয়ে ধীরে ধীরে মনে হয়েছে, বিচারক হিসেবে নিরপেক্ষভাবে ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্বটি আমার ব্যক্তিত্ব ও চিন্তার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

আরটিভি: প্রথম হওয়ার অনুভূতি ও ফল প্রকাশের মুহূর্তটা কেমন ছিল?

আরিফুল করিম সিয়াম: যখন জানতে পারলাম যে আমি দেশব্যাপী প্রথম হয়েছি, প্রথমে কয়েক মুহূর্তের জন্য যেন বিশ্বাসই হচ্ছিল না। এরপর আনন্দের পাশাপাশি আল্লাহর প্রতি একটা গভীর কৃতজ্ঞতা অনুভব করেছি। মনে হয়েছে, এই ফল শুধু আমার একার নয়। আমার পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী এবং যারা পুরো যাত্রায় আমাকে সহযোগিতা করেছেন, সবার সম্মিলিত অবদান এর সঙ্গে জড়িয়ে আছে।

আরটিভি: প্রথম হয়েছেন—এটা জানার পর প্রথম কাকে জানিয়েছেন?

আরিফুল করিম সিয়াম: আমার কাছে এই মুহূর্তটার সবচেয়ে সুন্দর দিক ছিল সাফল্যের খবরটা নিজের মধ্যে আটকে না রেখে প্রিয় মানুষগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া। পাশের রুমে মা ছিলেন। সবার আগে তাকেই জানিয়েছি। বাবা বাইরে কাজে ছিলেন, মাকে জানানোর পর তাকে ফোন করে জানিয়েছি।

আরটিভি: প্রস্তুতিতে সবচেয়ে কঠিন সময় কোনটি ছিল?

আরিফুল করিম সিয়াম: আমার কাছে সবচেয়ে কঠিন ছিল দীর্ঘ সময় ধরে একই লক্ষ্য ধরে রাখা। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি কয়েক মাসের বিষয় নয়; দীর্ঘ সময় নিয়মিত পড়াশোনা, নিজের দুর্বলতা নিয়ে কাজ করা এবং বারবার নিজেকে যাচাই করার বিষয়।

বিশেষ করে এমন সময় এসেছে, যখন পড়াশোনা করেও মনে হয়েছে হয়তো যথেষ্ট হচ্ছে না। আবার কখনো কোনো বিষয় প্রত্যাশা মতো ভালো হয়নি। তখন হতাশ না হয়ে কোথায় ঘাটতি আছে সেটা চিহ্নিত করে আবার শুরু করতে হয়েছে। আমি মনে করি, প্রস্তুতির সবচেয়ে কঠিন অংশ ছিল শুধু পড়াশোনা নয়, বরং নিজের ওপর বিশ্বাসটা ধরে রাখা।

আরটিভি: আপনার জীবনে এমন কোনো মানুষ আছে, যাকে এই সাফল্যের বিশেষ কৃতিত্ব দিতে চান?

আরিফুল করিম সিয়াম: একজনকে আলাদা করে কৃতিত্ব দেওয়া আমার জন্য কঠিন। কারণ, এই সাফল্যের পেছনে আমার পরিবারের দোয়া, শিক্ষকদের দিকনির্দেশনা এবং বিভিন্ন সময়ে পাওয়া অনেক মানুষের সহযোগিতা রয়েছে। তবে যদি কাউকে কৃতিত্ব দিতেই হয় সেটা অবশ্যই কেবলমাত্র আল্লাহর। আল্লাহ চেয়েছিলেন বলেই আমাকে তিনি সম্মানিত করেছেন।

আরটিভি: নতুন করে যারা জজ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করবে, সাফল্যের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার কী পরামর্শ থাকবে?

আরিফুল করিম সিয়াম: আমি প্রথমেই বলব, এটাকে শুধু একটি চাকরির পরীক্ষা হিসেবে না দেখে একটি দীর্ঘমেয়াদি প্রস্তুতি হিসেবে নিতে হবে। প্রথমত, আইনের মৌলিক বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে। শুধু ধারা মুখস্থ করলে হবে না, ধারাটির উদ্দেশ্য কী, প্রয়োগ কীভাবে হয়, আদালতের সিদ্ধান্ত কী এবং একটি বিধানের সঙ্গে অন্য বিধানের সম্পর্ক কী এসব বুঝতে হবে।

দ্বিতীয়ত, লিখিত পরীক্ষার জন্য লেখার অনুশীলন করতে হবে। ভালো জানা আর পরীক্ষার খাতায় ভালোভাবে উপস্থাপন করা এক বিষয় নয়।

তৃতীয়ত, প্রতিদিনের পড়াশোনায় ধারাবাহিকতা রাখতে হবে। প্রতিদিন ১২-১৪ ঘণ্টা পড়ার লক্ষ্য করে তিন দিন পর থেমে যাওয়ার চেয়ে প্রতিদিন অল্প হলেও নিয়মিত পড়া অনেক বেশি কার্যকর।

চতুর্থত, নিজের ভুলগুলোকে ভয় পাওয়া যাবে না। মডেল টেস্ট, লিখিত পরীক্ষা বা মক ভাইভায় কোথায় ভুল হচ্ছে সেটা বের করে সংশোধন করতে হবে।

সবশেষে বলব, অন্যের প্রস্তুতির সঙ্গে নিজের প্রস্তুতির তুলনা না করে নিজের গতিটা ধরে রাখুন। এই পরীক্ষায় মেধার পাশাপাশি ধৈর্য, ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৃষ্টিকর্তার কাছে চাওয়া। তাই নিয়মিত তার কাছে চাইতে হবে, তাকে ডাকতে হবে।

আরটিভি: ভবিষ্যতে বিচারক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় লক্ষ্য কি হবে?

আরিফুল করিম সিয়াম: আমার সবচেয়ে বড় লক্ষ্য হবে একজন ন্যায়পরায়ণ, নিরপেক্ষ এবং দায়িত্বশীল বিচারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। একই সঙ্গে আমি মনে করি, ন্যায়বিচার শুধু সঠিক রায় দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; সময়মতো বিচার দেওয়া, পক্ষপাতমুক্ত থাকা, আইনকে সঠিকভাবে প্রয়োগ করা এবং বিচারপ্রার্থী মানুষের প্রতি মানবিক থাকা, সবকিছুই বিচারিক দায়িত্বের অংশ।

আমি বিশ্বাস করি একজন বিচারকের হাতের কলম একজন যোদ্ধার হাতের তরবারির চাইতেও বেশি ভারী। আর আল্লাহ আমাকে সেই ভার সহ্য করবার শক্তি যেন দেন সেই দোয়া সকলের কাছে আমি চাই।

আরটিভি: বিভিন্ন ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে।

আরিফুল করিম সিয়াম: আপনাকেও ধন্যবাদ। আরটিভির পাঠকদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পূজার ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। 
পূজার ছুটি শেষে রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী এনসিসিসির সদস্য মনোনীত
জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী এনসিসিসির সদস্য মনোনীত
তিন যুগ পর রাবি রেল স্টেশনে থামবে দুই ট্রেন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আজ (২৪ অক্টোবর) থেকে যাত্রাবিরতি করবে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন।
তিন যুগ পর রাবি রেল স্টেশনে থামবে দুই ট্রেন
প্রতিষ্ঠার দেড় যুগ পেরোলেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠার পর দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেলেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) এখনও গড়ে ওঠেনি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। 
প্রতিষ্ঠার দেড় যুগ পেরোলেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ক্যানসার, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড: চার মাসে ৫ সাবেক-বর্তমান শিক্ষার্থীকে হারালো মাভাবিপ্রবি
ক্যানসার, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও সড়ক দুর্ঘটনায় চার মাসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) চার সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
ক্যানসার, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড: চার মাসে ৫ সাবেক-বর্তমান শিক্ষার্থীকে হারালো মাভাবিপ্রবি
আরও পড়ুন
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বরখাস্ত এক বিচারক
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী
অভিবাসন অভিযান নিয়ে মুখ খোলায় ৭ বিচারকের বিরুদ্ধে অভিযোগ