
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফারজানা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
হাসপাতালের নথি অনুযায়ী, ‘তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।’ মৃত ফারজানা খাতুনের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফুলহরি এলাকায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত রবিবার সকালে তাকে রম্যক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালটিতে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে। তাই জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, বমি কিংবা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
আরটিভি/এসআর




