
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং অনুষদের গ্যালারিতে শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো. অভিনু কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি ও আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নাসিম রেজা। অনুষ্ঠানে প্রতিযোগিতার ট্রফি উন্মোচনের পাশাপাশি অংশগ্রহণকারী বিভাগগুলোর ম্যাচের সূচি নির্ধারণে ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়।
ড. মো. অভিনু কিবরিয়া বলেন, আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রী উভয়ের অংশগ্রহণের পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত সংখ্যক ছাত্রী দল গঠন করা সম্ভব না হওয়ায় আপাতত শুধু ছাত্রদের নিয়ে প্রতিযোগিতা শুরু করা হচ্ছে। শিগগিরই আন্তঃহল ছাত্রী ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে আন্তঃবিভাগ ছাত্রী ফুটবল প্রতিযোগিতাও আয়োজন করা হবে। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে ফুটবল প্রতিযোগিতা শুরু করা সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, পূজার ছুটির আগে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলা শেষ করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শরীরচর্চা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৪ অক্টোবর আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
আরটিভি/ এসকেডি



