
শারীরিক সীমাবদ্ধতা অনেকের পথচলায় বাধা হয়ে দাঁড়ালেও দৃঢ় ইচ্ছাশক্তি আর দায়িত্ববোধ থাকলে সেই সীমাবদ্ধতাকে জয় করা সম্ভব; এমনই এক উদাহরণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ। এক হাতের প্রতিবন্ধকতা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, ক্যাম্পাসের পরিবেশ ও কল্যাণমূলক কাজে নিয়মিত সক্রিয় রয়েছেন তিনি।
আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাকসু নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ থেকে পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ৬ হাজার ১৬৩ ভোট পেয়ে জয়ী হন।
দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করছেন মাসুদ। ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে তাকে সরব থাকতে দেখা যায়। শারীরিক প্রতিবন্ধকতাকে নিজের দায়িত্ব পালনের পথে বাধা হিসেবে না দেখে বরং শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রেরণা হিসেবে নিয়েছেন তিনি।
সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজের শারীরিক সীমাবদ্ধতার কথা বিবেচনায় না এনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন মাসুদ। শিক্ষার্থীদের সমস্যা শুনে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি সমাধানের জন্যও কাজ করেন তিনি। ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে পরিবেশগত সমস্যা চিহ্নিত করা এবং সেগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রাখছেন।
মাসুদের উল্লেখযোগ্য কাজগুলো হলো, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থিত ড্রেন ও নর্দমাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ক্যাম্পাসে অবস্থিত দোকানগুলোর খাবার মনিটরিং, বৃক্ষরোপণ কর্মসূচি,দফায় দফায় মাদকবিরোধী অভিযান, ক্যাম্পাসে অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণ, অতিথি পাখিদের নিবিড় পরিবেশ রক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন, খাবারের মূল্য তালিকা সংযোজন, মশার উপদ্রব নিয়ন্ত্রণে কীটনাশক ও ফগার মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচি।
এছাড়াও, শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান করেন বলেও জানান তিনি।
মাসুদের দায়িত্ব পালনের বিষয়টি শুধু তার শারীরিক সক্ষমতার সঙ্গে তুলনা করার নয়; বরং প্রতিকূলতার মধ্যেও দায়িত্বের প্রতি তার আন্তরিকতার বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে আলাদা দৃষ্টান্ত তৈরি করেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, অন্যান্য সম্পাদকের কাজের চাইতে মাসুদ ভাইয়ের কাজ গুলো আমাদের আকর্ষিত করেছে। এক হাতে কাজ করতে না পারা সত্ত্বেও আমাদের জন্য বিভিন্ন কল্যাণমুলক কাজ বিশেষ করে খাবার মনিটরিং, মাদকবিরোধী অভিযান এ কাজগুলো সত্যিই প্রশংসার দাবিদার।
জানতে চাইলে আব্দুলাহ আল মাসুদ বলেন, শারীরিক সীমাবদ্ধতা আমার জন্য একটি বাস্তবতা। কিন্তু এটি যেন শিক্ষার্থীদের জন্য কাজ করার ক্ষেত্রে বাধা না হয়, সেটাই আমার চেষ্টা। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। শিক্ষার্থীদের প্রয়োজন ও সমস্যাগুলো নিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য।
তিনি বলেন, আমি মনে করি, আমার এক হাত নয়; আমার দুই হাতই আছে। আমার সঙ্গে থাকা ২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত। তাদের ভালোবাসা, সহযোগিতা ও কৃতজ্ঞতাই আমাকে কাজের অনুপ্রেরণা দেয়। এর আগে একটি সংগঠনের সভাপতি হিসেবে শারীরিকভাবে চ্যালেঞ্জড মানুষদের নিয়েও কাজ করেছি। আর রাকসুর দায়িত্বকে আমি শিক্ষার্থীদের দেওয়া একটি আমানত মনে করি। সেই আমানত যথাযথভাবে রক্ষা করার অনুপ্রেরণাই আমাকে সবসময় কাজ করতে উৎসাহিত করে।
কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া কোনো স্মরণীয় অভিজ্ঞতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে মাসুদ বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে মাদকসংক্রান্ত বিষয়টি। রাকসুর দায়িত্ব নেওয়ার পর প্রক্টরিয়াল বডির সঙ্গে বিভিন্ন সময়ে রাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়েছি। সেখানে গিয়ে দেখেছি, প্রথম ও দ্বিতীয় বর্ষের অনেক মেধাবী শিক্ষার্থীও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এত কম বয়সী শিক্ষার্থীদের মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়টি আগে এভাবে উপলব্ধি করিনি। কাছ থেকে বিষয়টি দেখার পর সত্যিই খুব খারাপ লেগেছে এবং শিক্ষার্থীদের নিয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করার তাগিদ অনুভব করেছি।
আরটিভি/এমএম


