
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন ‘সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৬’। এ আয়োজনে সেমিফাইনালিস্ট হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের উদ্যোক্তা ও Pupil School Bus Ltd.-এর প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং চেয়ারম্যান মো. আবদুর রশিদ সোহাগ। বাংলাদেশ থেকে তিনিই একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।
সিউল স্মার্ট সিটি প্রাইজ সচিবালয় থেকে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর পরিবহনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান Pupil School Bus Ltd. এ বছরের প্রতিযোগিতায় সেমিফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে। ওয়ার্ল্ড স্মার্ট সাস্টেইনেবল সিটিজ অর্গানাইজেশন (WeGO)-এর সেক্রেটারি জেনারেল জিয়ং-কি কিম স্বাক্ষরিত ওই আমন্ত্রণপত্রে প্রকল্পটির উদ্ভাবনী উদ্যোগ ও সামাজিক প্রভাবের প্রশংসা করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘স্মার্ট লাইফ উইক ২০২৬’-এর অংশ হিসেবে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে Tech-InnovaCity, Human-CentriCity, Leadership এবং Special Mention বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পুরস্কারের ফলাফল অনুষ্ঠানের আগে প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে।
এ অনুষ্ঠানের পাশাপাশি স্মার্ট সিটি উদ্যোগ, প্রযুক্তিগত উদ্ভাবন ও নগর উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রদর্শনী ও ফোরামের আয়োজন থাকবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নগর কর্তৃপক্ষ, প্রযুক্তি প্রতিষ্ঠান ও উদ্ভাবকেরা অংশ নেবেন।
আমন্ত্রণপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সোহাগের যাতায়াত ও আবাসনের ব্যয় বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। একই সঙ্গে Pupil School Bus Ltd. কোনো বিভাগে বিজয়ী হলে প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানানো হবে।
Pupil School Bus Ltd. বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর স্কুল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম ঢাকা ও চট্টগ্রামে পরিচালিত হচ্ছে। জিপিএস ট্র্যাকিং, রিয়েল-টাইম নোটিফিকেশন, স্মার্ট অ্যাটেনডেন্স, রুট ম্যানেজমেন্ট ও অভিভাবক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি স্কুল পরিবহন খাতে আধুনিক সমাধান প্রদান করছে।
উদ্যোক্তা হিসেবে মো. আবদুর রশিদ সোহাগ ইতোমধ্যে দেশ-বিদেশে বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছেন। তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে A2i Smart District Innovation Challenge-এ প্রথম পুরস্কার, BYLC Ventures Accelerator-এর প্রি-সিড বিনিয়োগ এবং DNCC Citizen Award 2025। এছাড়া তিনি CEO Monthly Chairperson Awards-এ ‘Student Transportation Innovator of the Year 2024 (South Asia)’ সম্মাননা লাভ করেন। Global Startup Awards-এ Global Finalist, Founder of the Year এবং People's Best Choice স্বীকৃতিও পেয়েছেন তিনি।
সিউল স্মার্ট সিটি প্রাইজে বাংলাদেশের একটি স্টার্টআপের সেমিফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হওয়াকে দেশের উদ্ভাবন ও প্রযুক্তি খাতের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্টার্টআপ সক্ষমতা ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরবে।
সিউল সফরের পর আগামী ৮ থেকে ১০ অক্টোবর মস্কোতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’-এও বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে সোহাগের।
সেমিফাইনালিস্ট হিসেবে আমন্ত্রণ পাওয়ার প্রতিক্রিয়ায় মো. আবদুর রশিদ সোহাগ বলেন, “সিউল স্মার্ট সিটি প্রাইজের সেমিফাইনালিস্ট হিসেবে আমন্ত্রণ পাওয়া শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্যও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমরা যে কাজ করছি, তা আন্তর্জাতিক পরিসরে উপস্থাপনের সুযোগ পেয়ে আমি আনন্দিত।”
আরটিভি/ এসকেডি




