ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

গোসলকে কেন্দ্র করে শিক্ষার্থীকে থাপ্পড়, অতঃপর...

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি: আরটিভি

গোসল করাকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মশিউর রহমান হলের এক শিক্ষার্থীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে ভুক্তভোগীর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা। এ ঘটনায় শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগকারী জুয়েল আল ইমরান ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ মশিউর রহমান হলের আবাসিক ছাত্র। অভিযুক্ত তানভীর হক একই শিক্ষাবর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। ঘটনার সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাজিন মাহমুদ খান কাব্য, অস্কারসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ভুক্তভোগী জুয়েল আল ইমরানের অভিযোগ, শুক্রবার দুপুরে তিনি গোসল করতে ওয়াশরুমে গেলে সেখানে একটি বালতি দেখতে পান। তিনি বালতিটি বাইরে রেখে গোসল শুরু করেন। এ সময় তানভীর হক এসে ওয়াশরুমের দরজায় কয়েকবার নক করেন। পরে জুয়েল বের হলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর জুয়েল নিজ কক্ষে চলে গেলে তানভীর সেখানে গিয়ে তাকে হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

জুয়েলের ভাষ্য, পরে তার বন্ধুরা বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে তাকে ক্যাম্পাসের আমতলায় নিয়ে যান। সেখানে তানভীর হক, রাজিন মাহমুদ খান কাব্য, অস্কারসহ কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়। একপর্যায়ে তানভীর হঠাৎ তার বাম কানে থাপ্পড় মারেন এবং বুকে লাথি দিলে তিনি পড়ে যান। এরপরের ঘটনা তার আর মনে নেই বলে জানান জুয়েল। পরে সহপাঠীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মণ্ডল বলেন, জুয়েলের কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কানে রক্ত জমেছে। তার ধারণা, কানের পর্দা ছিদ্র হয়ে থাকতে পারে। বিষয়টি নিশ্চিত করতে দ্রুত নাক-কান-গলা বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে কানের প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়া যাবে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তানভীর হক বলেন, গোসলের সময় ওয়াশরুমে থাকা তার কাপড়ভর্তি বালতি বাইরে রেখে জুয়েল গোসল করতে যান। বিষয়টি জানতে তিনি দরজায় নক করলে জুয়েল তার সঙ্গে উগ্র আচরণ করেন। পরে বিষয়টি সমাধানের জন্য জুমার নামাজের পর আমতলায় দুই পক্ষের কয়েকজন বসেন। সেখানে কথা বলার একপর্যায়ে জুয়েল ও তার বন্ধুরা তার সঙ্গে মারমুখী আচরণ করেন। ধাক্কাধাক্কির মধ্যে তিনি জুয়েলকে একটি থাপ্পড় দেন। পরে বিষয়টি গুরুতর মনে হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। জুয়েলের কানে গুরুতর সমস্যা হয়েছে, তা তিনি শনিবার সকালে জানতে পারেন বলে দাবি করেন তানভীর।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে রাজিন মাহমুদ খান কাব্য বলেন, তারা বিষয়টি নিজেদের ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছিলেন। এ জন্য সবাই একসঙ্গে বসেছিলেন। কথা বলার একপর্যায়ে তানভীর হক জুয়েলকে কানে থাপ্পড় মারেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, পরে তারা জুয়েলকে হাসপাতালে নিয়ে যান।

শহীদ মশিউর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান বলেন, জুয়েল হলের ৪২৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। গোসলের সময় তানভীর হকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে তারা হলের বাইরে আমতলায় গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। সেখানে একপর্যায়ে তানভীর জুয়েলের বাম কানে থাপ্পড় দেন। পুরো ঘটনা লিখিতভাবে প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, প্রধান চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা হয়েছে এবং তার লিখিত অভিযোগও পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জুয়েলকে নাক-কান-গলা বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও জানান তিনি।

এদিকে, অভিযুক্ত তানভীর হক চট্টগ্রামের বাকলিয়া থানা ছাত্রদলের কর্মী এবং রাজিন মাহমুদ খান কাব্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলপন্থী শিক্ষার্থীদের একটি গ্রুপের অনুসারী—এমন দাবি করা হয়েছে। তবে এ রাজনৈতিক পরিচয়ের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে পৃথক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবিপ্রবিতে হলের রুম দখলের অভিযোগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) হল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জুলাই-৬ হলের ছয়টি স্টোররুমের তালা ভেঙে অবৈধভাবে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে নিশান নামে এক শিক্ষার্থী বিরুদ্ধে। অভিযুক্ত নিশান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের অনুসারী। সরেজমিনে জুলাই-৬ হলের দশটি স্টোররুম ঘুরে দেখা গেছে, হলের নিচতলা, দ্বিতীয় তলা, চতুর্থ তলা ও ষষ্ঠ তলা ছাড়া বাকি ছয়টি স্টোররুমের দরজার তালা ভেঙে সেখানে ছাত্রদলের বিভিন্ন কর্মী অবস্থান করছেন। স্টোররুমে অবস্থান করা শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. সিহাব হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিয়াম, পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনিক দাস ও উৎসব কুমার। খোঁজ নিয়ে জানা গেছে, দশম তলার ১০২৪ নম্বর রুমে পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) অনিক দাস দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। হল প্রভোস্টের অনুমতি ছাড়া কীভাবে তিনি এই রুমটি পেলেন—এমন প্রশ্নের জবাবে অনিক দাস বলেন, এই রুমটি নিশান ভাইয়ের (ছাত্রদল কর্মী, গণিত বিভাগ, ১৬ ব্যাচ)। তিনি আমাকে উঠিয়ে দিয়েছেন। নবম তলার ৯২৪ নম্বর রুমে পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) উৎসব কুমার অবস্থান করছেন। স্টোররুমটিতে কীভাবে উঠেছেন জানতে চাইলে উৎসব কুমার বলেন, আমাকে নিশান ভাই রুমে উঠিয়ে দিয়েছেন। ভাইয়ের কাছে চাবি ছিল, তালা খুলে আমাকে তুলে দিয়েছেন। পঞ্চম তলার ৫২৪ নম্বর রুমে অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (১৫ ব্যাচ) সিহাব হোসেন অবস্থান করছেন। তৃতীয় তলার ৩২৪ নম্বর রুমে গিয়ে দেখা যায়, রুমটিতে তালা ঝুলছে। তবে হল প্রশাসনের পক্ষ থেকে দেওয়া তালাটি সেখানে নেই। রুমের দেয়াল ও দরজায় বড় অক্ষরে লেখা রয়েছে ‘সিয়াম, বিবিএ—১৭তম ব্যাচ’। এভাবে হলের বাকি ফ্লোরগুলোর স্টোররুমগুলোও বিভিন্ন ছাত্রদল কর্মীর দখলে থাকার অভিযোগ উঠেছে। হল প্রশাসনের দেওয়া তালা ভেঙে রুমগুলোতে নতুন তালা ঝুলতে দেখা গেছে। তবে একাধিকবার চেষ্টা করেও তাঁদের রুমে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল কর্মী নিশান বলেন, তালা ভাঙা হয়নি। নবম তলার স্টোররুমের তালা খোলাই ছিল। আর দশম তলার স্টোররুমে স্থাপত্য বিভাগের দুজন শিক্ষার্থী তাদের কিছু জিনিস রেখেছিলেন। তাদের দুজনের পারিবারিক অবস্থা অনেক খারাপ হওয়ায় আমি হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করি, যেন তাদের ওই রুমে থাকতে দেওয়া হয়। পরে তারা প্রভোস্টের কাছ থেকে অনুমতি নিয়েই রুমে অবস্থান করছেন। এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, স্টোররুম দখলের বিষয়ে আমি কিছুই জানি না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। হল প্রশাসনের অনুমতি ছাড়া কারও স্টোররুমে থাকার কোনো সুযোগ নেই। আমি এ বিষয়ে খোঁজ নিয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আরটিভি/টিআর
পাবিপ্রবিতে হলের রুম দখলের অভিযোগ
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রেডিট নিতে আসেনি, কাজ করতে এসেছে: রাবি উপাচার্য
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রেডিট নিতে আসেনি, কাজ করতে এসেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। উপাচার্য বলেন, আমার প্রশাসন কৃতিত্ব নেওয়ার জন্য আসেনি, কাজ করার জন্য এসেছে। আমরা সেটাই করব এবং করে যাব। আমাদের সহযোগিতা করুন। আপনাদের দাবিগুলো খুব বেশি কিছু নয়। একটি র‍্যাম্প নির্মাণ, লিফট স্থাপন—এগুলো সামান্য কাজ। কোটি কোটি টাকার কাজ হচ্ছে, আপনাদের কাজ কেন হবে না? আপনারা নিজেদের সর্বোচ্চ মানসিক শক্তি দিয়ে গড়ে তুলুন এবং আগামীর জন্য প্রস্তুত হন। আল্লাহ যদি আমাদের দায়িত্বে রাখেন, তাহলে আপনাদের পাশে আছি এবং থাকব। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য বলেন, ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড ছেলেমেয়েদের দেখলে আমার চোখের সামনে স্টিফেন হকিংয়ের চেহারা ভেসে ওঠে। রাতে ঘুমানোর আগে আমি বারবার স্টিভি ওয়ান্ডারের গান শুনতে পছন্দ করি। স্টিভি ওয়ান্ডার জন্মান্ধ ছিলেন। তিনি গোটা বিশ্ব জয় করেছেন। আমি হেলেন কেলারের কথা চিন্তা করি। দেখি মাইকেল জে. ফক্সকে, যিনি পারকিনসন রোগে ভুগেছেন। অসাধারণ মানসিক শক্তি দিয়ে তাঁরা পৃথিবী জয় করতে পেরেছেন, যেখানে আমাদের মতো স্বাভাবিক অবস্থায় থাকা অনেকেই তা পারেননি। এটাই আপনাদের শক্তি।’ এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয়জীবনে নানা বাধা আসবে, তবে মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের মাধ্যমে তা মোকাবিলা করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস, সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী। আরটিভি/টিআর
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রেডিট নিতে আসেনি, কাজ করতে এসেছে: রাবি উপাচার্য
ছেলেদের হলে গোসলের ভিডিও ধারণের সময় মোদ্দাদেকুর ধরা, অতঃপর...
ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলে গোসলের ভিডিও ধারণকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ-এর শিক্ষার্থী মোদ্দাদেকুর রহমানকে আটক করা হয়েছে। এসময় তাকে মারধর করে কলেজ প্রশাসনের জিম্মায় দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে পুলিশ ও ঢাকা কলেজ কর্তৃপক্ষের মধ্যস্ততায় ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  শনিবার (৩ অক্টোবর) বেলা ১টার দিকে শিক্ষার্থীরা তাকে আটক করে। জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত মোদ্দাদেকুর রহমান সিটি কলেজ থেকে বিবিএতে অনার্স এবং বিইউপি থেকে এমবিএতে মাস্টার্স করেছেন। ওয়াসরুমের ভিডিও ধারণের সময় শিক্ষার্থীরা হাতেনাতে আটক করে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা। আটকের পর তার মানসিক ও হরমোনজনিত সমস্যা আছে বলে দাবি করেন ওই শিক্ষার্থী।  এ বিষয়ে ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট মো. ইকবাল হোসাইন বলেন, বহিরাগত একজনকে হলের আবাসিক শিক্ষার্থীদের গোসলের ভিডিও ধারন করার সময় কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। তখন শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে অবগত করেন। পরে কলেজ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং তার অভিভাবককে অবগত করে। সে যে ভিডিওটা করছে, এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর  কাছে স্বীকারোক্তি দিয়েছে। তিনি জানান, অভিভাবকরা তার মানসিক সমস্যার কথা বলছেন। তবে তাকে থানায় সোপার্দ করা হয়েছে নাকি অভিভাবকের কাছে সোপার্দ করা হয়েছে, এই বিষয়ে নিশ্চিত করেন নি। আরটিভি/ এসকেডি 
ছেলেদের হলে গোসলের ভিডিও ধারণের সময় মোদ্দাদেকুর ধরা, অতঃপর...
নতুন উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে ফিরিয়ে আনার দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলা আন্দোলন আজ ১২ দিনে গড়িয়েছে। এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি ক্যাম্পাসের অচলাবস্থা কাটাতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন। শুক্রবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন উপাচার্য জানান, আন্দোলনের কারণে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চারটি পরীক্ষা অনিষ্পন্ন রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এ তথ্য ক্যাম্পাসের প্রকৃত চিত্রের সঙ্গে মেলে না। তাদের দাবি, ওই শিক্ষাবর্ষের প্রায় সব বিভাগেই পরীক্ষা সম্পন্ন হয়েছে; কেবল একটি বিভাগের পরীক্ষা এখনো শুরুই হয়নি। এরই প্রেক্ষিতে শনিবার (৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীরা নতুন উপাচার্যের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক’ আখ্যা দিয়ে মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনার থেকে যাত্রা করে স্বাধীনতা চত্বর ঘুরে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। চলার পথে শিক্ষার্থীরা ‘তোমার ভিসি, আমার ভিসি—সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘এক দফা, এক দাবি—সায়েম স্যারকে ভিসি চাই’সহ নানা স্লোগান দেন। অংশগ্রহণকারীদের হাতে ‘চুয়েটের অচলাবস্থা কাটাতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা’ লেখা ব্যানার ছিল। এ ছাড়া ‘চুয়েট সচলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ’, ‘চুয়েট রিভোল্টস ফর সায়েম স্যার’ ও ‘পিএম, কনসিডার আওয়ার অ্যাপিল’ লেখা প্ল্যাকার্ডও দেখা যায়। অচলাবস্থার অবসান, অধ্যাপক সায়েমের পুনর্বহাল এবং শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহীদুর রহমান ওসমানী বলেন, আজ আমাদের কর্মসূচির ১২তম দিন। দাবি আদায়ে আমরা এখনো অটল। আমাদের একটাই দাবি—অধ্যাপক সায়েম স্যারকে ভিসি পদে ফিরিয়ে দিতে হবে। দ্রুত দাবি পূরণ হলে আমরা ক্লাসে ফিরতে পারব; তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীরা ‘সর্বাত্মক শাটডাউন’ পালন করছেন। এ সময় অধ্যাপক সায়েমের পুনর্বহালের দাবিতে লাল কার্ড প্রদর্শন ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি হয়েছে। আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান বন্ধ আছে এবং ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা এখন স্থগিত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আরটিভি/টিআর
নতুন উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল
চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। এ সময় তার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়ক সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবিতে হাতে মোমবাতি নিয়েও প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান সড়ক হওয়া সত্ত্বেও সেখানে পর্যাপ্ত সড়কবাতি না থাকার অভিযোগও রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ভাঙা সড়ক ও পর্যাপ্ত আলোর অভাবে চলাচলে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান সংস্কারকাজ শুরু হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সড়কটিতে পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবি জানান তারা। চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ সড়ক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে আমাদের ২৮ হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি। তিনি আরও বলেন, পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে আজকের এই প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে। সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়ক সংস্কার এবং সড়কবাতির ব্যবস্থা করতে কার্যকর উদ্যোগ নেবে—এটাই আমাদের প্রত্যাশা। আরটিভি/টিআর
চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ
আরও পড়ুন
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
ফরজ গোসলের সময় অনেকে যে ভুলটি করেন
রাতজাগা যবিপ্রবির গল্প
গোসলের সময় প্রস্রাব করুন, বছরে বাঁচাতে পারেন ২২০০ লিটার পানি