
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল আল ইমরানকে মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ছয় দাবিতে প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে বিভাগের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ফার্মেসি বিভাগের চেয়ারম্যানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান ও শহীদ মশিয়ুর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামানের কাছে ছয় দাবিসংবলিত স্মারকলিপি দেন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ছয় দাবির মধ্যে রয়েছে ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তানভীর হকের ছাত্রত্ব বাতিল, তাকে হল থেকে বহিষ্কার, আহত জুয়েল আল ইমরানের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহন, ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনায় প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ।
শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে ফার্মেসি বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শহীদ মশিয়ুর রহমান হলে গোসল করাকে কেন্দ্র করে জুয়েল আল ইমরানের সঙ্গে তানভীর হকের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য বিকেলে ক্যাম্পাসের বাইরে জুয়েল ও তার কয়েকজন বন্ধু যান। সেখানে আলোচনার একপর্যায়ে তানভীর হক জুয়েলকে থাপ্পড় মারেন বলে অভিযোগ করা হয়। এতে তার কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এ সময় ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজিন মাহমুদ খান কাব্য, অস্কারসহ আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে আহত অবস্থায় জুয়েলকে চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়া হয়।
ঘটনার পর অভিযুক্ত তানভীর হকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী জুয়েল আল ইমরান।
এদিকে, ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার থেকে কমিটি তদন্ত কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। পাশাপাশি আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আরটিভি/টিআর




