
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের স্মরণে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রোববার (৪ অক্টোবর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও আধুনিকায়ন করা কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
এ সময় বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা জানান ডিএসসিসি প্রশাসক। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ধূপখোলা মাঠ যথাযথভাবে বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন তিনি।
পুরান ঢাকাকে ঘিরে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান আবদুস সালাম। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ, নগর পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরটিভি/ এসকেডি



