
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিবিএ ভবনের নিচতলার শিক্ষক লাউঞ্জে ইউট্যাব জবি শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।
সভায় শিক্ষকতার মানোন্নয়ন, পেশাগত অধিকার, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ক্যাডার সার্ভিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুযোগ-সুবিধা নিশ্চিতের বিষয়ে আলোচনা করেন ইউট্যাব নেতারা।
সভাপতির বক্তব্যে ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, শিক্ষক দিবস শিক্ষকদের মর্যাদা, অধিকার ও সুরক্ষার প্রতীক। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো শিক্ষকদের জন্য স্বাস্থ্যবীমা সুবিধা চালু হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার বিকেল ৪টার পর বন্ধ হয়ে যায়। শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উন্নত চিকিৎসা ব্যবস্থা ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যবীমা চালু করা প্রয়োজন।
ইউট্যাবের সাধারণ সম্পাদক ড. নাসির আহমেদ বলেন, শিক্ষকতাকে কেবল একটি পেশা হিসেবে দেখলে চলবে না। শিক্ষকদের আত্মমর্যাদা ও জীবনযাত্রার মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো প্রয়োজন। অন্যান্য পেশার মতো শিক্ষকদের অধিকার ও মর্যাদাও নিশ্চিত করতে হবে।
সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আজম খান বলেন, শিক্ষকরা শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি গবেষণাসহ বিভিন্ন একাডেমিক কাজে দীর্ঘ সময় ব্যয় করেন। প্রতিদিন যাতায়াতে তাদের শারীরিক ও মানসিক ভোগান্তি পোহাতে হয়। শুধু মৌখিক সম্মান নয়, শিক্ষকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা বাস্তবায়ন করতে হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজ আহমেদ বলেন, অন্যান্য প্রশাসনিক ক্যাডারে গাড়ি ও মেইনটেন্যান্স সুবিধাসহ বিভিন্ন প্রণোদনা থাকলেও শিক্ষকরা অনেক ক্ষেত্রে এসব সুবিধা থেকে বঞ্চিত। তারা বাড়তি কোনো সুবিধা চান না; অন্যান্য পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুযোগ-সুবিধা ও মর্যাদা নিশ্চিত করাই তাদের দাবি।
সংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. নাঈম আক্তার সিদ্দিকী বলেন, প্রতিবেশী দেশগুলোতে শিক্ষকদের জন্য আলাদা মর্যাদা ও বেতন কাঠামো রয়েছে। অথচ বাংলাদেশে শিক্ষকদের সুযোগ-সুবিধা ক্রমেই সংকুচিত হচ্ছে। যথাযথ মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করা না হলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাতে পারেন।
আলোচনা সভা শেষে ইউট্যাবের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষকদের ফুল ও মিষ্টি দিয়ে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ইউট্যাব নেতারা।
আরটিভি/এমএম




